Raj-Mimi: দেব-শুভশ্রীর পর এবার ফিরছে রাজ-মিমি জুটি! ১১ বছরের দূরত্ব মুছছেন প্রাক্তন যুগল
Raj-Mimi: ফিরছে রাজ-মিমি জুটি। তবে পরিচালনা নন, প্রযোজক রাজের একটি প্রোজেক্টে লিড রোলে দেখা যাবে প্রাক্তন মিমি চক্রবর্তীকে, খবর এমনটাই।
টলিপাড়ায় দেব-শুভশ্রী জুটির কামব্য়াক নিয়ে চর্চার শেষ নেই। দেশু৭ এক কথায় আলোড়ন ফেলেছে। শুধু অনস্ক্রিন নয়, তাঁদের অফস্ক্রিন বন্ধুত্ব নিয়েও কম চর্চা চলছে না। ওই কথায় আছে না, 'পুরোনো চাল ভাতে বাড়ে'। এর মাঝেই ফের এক দারুণ চমক! দীর্ঘ ১১ বছরের ব্যবধান পেরিয়ে অবশেষে একসঙ্গে কাজ করতে চলেছেন রাজ চক্রবর্তী এবং মিমি চক্রবর্তী। তবে এবার রাজ থাকবেন পরিচালকের ভূমিকায় নয়, বরং প্রযোজক হিসেবে। 'জি ফাইভ' (ZEE5)-এর একটি বিশেষ প্রজেক্টে রাজের প্রযোজনা সংস্থার ব্যানারেই কাজ করতে দেখা যাবে মিমিকে।

১১ বছরের দীর্ঘ দূরত্ব ও প্রত্যাবর্তন
রাজ চক্রবর্তীর পরিচালনায় 'বোঝেনা সে বোঝেনা' ছবি ভাগ্য বদলে দিয়েছিল মিমি চক্রবর্তীর। পরবর্তীতে 'যোদ্ধা' এবং ২০১৫ সালের 'কাটমুণ্ডু' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। ছবির সেটেই শুরু হয়েছিল রাজ-মিমির প্রেমের গল্পও। কিন্তু সেই গল্পের হ্যাপি এন্ডিং হয়নি। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের প্রভাবেই হোক বা অন্য কোনো কারণে, এরপর গত ১১ বছর রাজ-মিমি জুটিকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি।
চলছে জোরদার আলোচনা ও শুটিং প্রস্তুতি
সম্প্রতি রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে একটি সারভাইভাল থ্রিলার ধর্মী প্রজেক্টের জন্য মিমির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে, যেখানে গল্পের মূল কেন্দ্রবিন্দু একজন নারী। ছবিটি পরিচালনা করবেন ‘কালরাত্রি’ খ্যাত অয়ন চক্রবর্তী। টিভি নাইন বাংলাকে মিমির আপ্তসহায়ক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ছবির ব্যাপারে কথা অনেকটাই এগিয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষেই শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
পেশাদারিত্বের বড় জয়
অতীতের ব্যক্তিগত সমীকরণ ফিকে হলেও পেশাদার জগতে একে অপরের প্রতি সম্মান বরাবরই বজায় রেখেছেন রাজ ও মিমি। অতীতে বিভিন্ন সাক্ষাৎকারে দুজনই একে অপরের সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পেশাদারিত্বের খাতিরে সমস্ত দূরত্ব ভুলে তাঁদের এই পুনঃসংগঠনকে ইতিবাচকভাবেই দেখছে বাংলা বিনোদন জগৎ।
প্রসঙ্গত, রাজের সঙ্গে ব্রেকআপের পর অফিসিয়্যালি মিমি সিঙ্গল। ৩৭ বছর বয়সেও সংসার পাতেননি নায়িকা। বাবা-মা আর চারপেয়ে পোষ্যদের নিয়েই তাঁর জীবন। যদিও অনেকবার চর্চায় উঠে এসেছে মিমির গোপন প্রেমের কথা। একটা সময় তৃণমূল কংগ্রেস দলের তারকা বিধায়ক এবং সাংসদ হয়েও নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতেন রাজ-মিমি, এখন দুজনেই রাজনীতি থেকে অকাল সন্ন্যাস নিয়েছেন। অতীত সম্পর্কের সমীকরণ ভুলে রাজ-মিমির এই নয়া ইনিংস নিয়ে উৎসাহী টলিপাড়া।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


