বিদ্যার রগরগে যৌন আবেদন ঝড় তুলেছিল, ১৫ বছর পর আসছে ‘ডার্টি পিকচার ২’, বড় ঘোষণা একতা কাপুরের
সিল্ক স্মিতার বায়োপিক ‘দ্য় ডার্টি পিকচার’-এ অভিনয় করে সাড়া ফেলেছিলেন বিদ্যা বালান। ফের একবার বাস্তব চরিত্রের উপর ভিত্তি করে তৈরি হতে চলেছে ডার্টি পিকচার ২।
ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল বলিমহলের অন্যতম ব্লকবাস্টার ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘দ্য ডার্টি পিকচার’। প্রয়াত দক্ষিণী অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন অবলম্বনে নির্মিত এই সিনেমা নারী স্বাধীনতা, যৌনতা ও গ্ল্যামার জগতের পেছনের নির্মম সত্যকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল। দীর্ঘ ১৫ বছর পর আবারও সেই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে ফেরানোর বড় সিদ্ধান্ত নিলেন প্রযোজক একতা কাপুর। প্রকাশ্যে আনলেন ‘দ্য ডার্টি পিকচার ২’-এর জমকালো ঘোষণা।

‘মন ছুঁয়ে যাওয়া গল্প পেয়েছি!’ বললেন একতা:
সম্প্রতি জনপ্রিয় পডকাস্টার রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে এসে একতা কাপুর নিশ্চিত করেন যে, তিনি ‘দ্য ডার্টি পিকচার ২’ বানানোর সম্পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে সিক্যুয়েল তৈরির চিন্তা থাকলেও মনের মতো নিখুঁত গল্প পাচ্ছিলেন না তিনি।
একতা বলেন, ‘আমার জীবনের অন্যতম বড় ছবি হতে চলেছে ‘দ্য ডার্টি পিকচার ২’। দীর্ঘ ১৫ বছর পর আমি এর সিক্যুয়েল নিয়ে ভাবছি, কারণ এবার আমার কাছে এমন একটি গল্প এসেছে যা দর্শকদের সামনে তুলে ধরা সত্যি জরুরি। প্রথম ছবিটি ছিল সিল্ক স্মিতাকে নিয়ে, যিনি নিজের যৌনতা ও পছন্দের ওপর দাঁড়িয়ে সমাজকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আমি তাঁকে কখনো ভিকটিম হিসেবে দেখিনি, বরং নিজের ব্যক্তিত্ব উদযাপনকারী হিসেবে দেখেছি এবং দর্শকরাও তা ভালোবেসে গ্রহণ করেছিলেন।’
কে হচ্ছেন প্রধান চরিত্র?
প্রথম কিস্তির মতো সিক্যুয়েলেও একজন বিশেষ মানুষের সত্য জীবনের ওপর ভিত্তি করেই পুরো গল্প আবর্তিত হবে বলে জানান একতা। তবে ছবিটির কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন, কার জীবনকাহিনি ফুটিয়ে তোলা হবে কিংবা এটি কবে মুক্তি পাবে— সে বিষয়ে এখনও কোনো গোপন রহস্য ফাঁস করেননি প্রযোজক।
বিদ্যার ক্যারিয়ারের মাইলফলক ‘দ্য ডার্টি পিকচার’:
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত মিলান লুথরিয়ার পরিচালনায় ও একতা কাপুরের প্রযোজনায় তৈরি এই ছবিতে ‘সিল্ক’ চরিত্রে অবিস্মরণীয় অভিনয় করে সেরা অভিনেত্রী হিসেবে নিজের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে নিয়েছিলেন বিদ্যা বালান। ছবিতে বিদ্যা ছাড়াও অনবদ্য চরিত্রে ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর। ছবির স্মৃতিচারণ করতে গিয়ে বিদ্যা আগেই জানিয়েছিলেন, সিল্ক চরিত্রে অভিনয় করতে পারাটাই তাঁর জীবনের সবচেয়ে বড় পুরস্কার ছিল।
এখন দেখার বিষয়, বিদ্যার সেই কালজয়ী অভিনয়ের ব্যাটন দ্বিতীয় ভাগে কে নিজের কাঁধে তুলে নেন এবং বক্স অফিসে আবার কেমন আলোড়ন সৃষ্টি করে একতার এই নতুন ‘ডার্টি পিকচার’!
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


