২০ বছর পর পর্দায় ফিরছে অভিষেক-রানি জুটি, ‘কিং’-এ থাকছে বান্টি-বাবলির কেমিস্ট্রি?

প্রায় ২০ বছর পর ফের বড় পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়কে। শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’-এ দু’জনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আগেই জানা গিয়েছিল। তবে নতুন রিপোর্ট অনুযায়ী, শুধু একই ছবিতে নয়, এই সিনেমায় অভিষেক-রানিকে জুটি হিসেবেও দেখা যেতে পারে। 

Published on: Sep 7, 2026, 17:00:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অভিষেক বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের জুটি বলিউডে বেশ জনপ্রিয়। ‘বাস ইতনা সা খোয়াব হ্যায়’, ‘বান্টি অউর বাবলি’ এবং ‘কভি আলবিদা না কেহনা’-র মতো ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। ২০০৭ সালে ‘লাগা চুনরি মে দাগ’ ছবিতে শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। এবার প্রায় দুই দশক পর ‘কিং’-এর হাত ধরে ফের পর্দায় ফিরতে পারেন এই জুটি।

'কিং'-এ ফিরছেন অভিষেক-রানি জুটি।
'কিং'-এ ফিরছেন অভিষেক-রানি জুটি।

শুরুতে রানির চরিত্র নিয়ে ছিল অন্য জল্পনা

‘কিং’-এ রানি মুখোপাধ্যায়কে প্রথমে সুহানা খানের মায়ের ছোট একটি চরিত্রে দেখা যেতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। এমনকী, ছবিতে অভিষেককে খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে বলেও খবর।

মিড-ডে-র রিপোর্ট অনুযায়ী, প্রায় ২০ বছর পর ফের দর্শকদের সামনে আসতে পারে অভিষেক ও রানির অনস্ক্রিন কেমিস্ট্রি। যদিও তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

‘কিং’-এর স্টারকাস্ট নিয়ে কী বলেছিলেন শাহরুখ?

শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চন ছাড়াও ‘কিং’-এ দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ এবং অনিল কাপুরের মতো তারকাদের দেখা যেতে পারে। সম্প্রতি অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের সময় শাহরুখকে রানি মুখোপাধ্যায়ের ‘কিং’-এ থাকা নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

জবাবে শাহরুখ জানিয়েছিলেন, রানি তাঁর ছবিতে থাকুন বা না থাকুন—দুই ক্ষেত্রেই তিনি তাঁকে পছন্দ করেন। অন্যদিকে, এক অনুরাগী শাহরুখ ও দীপিকাকে ফের একসঙ্গে পর্দায় দেখার উত্তেজনার কথা জানালে অভিনেতা উত্তরে বলেন, তিনিও একইভাবে উত্তেজিত।

কবে মুক্তি পাবে ‘কিং’?

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ একটি হাই-অকটেন অ্যাকশন ড্রামা হিসেবে তৈরি হচ্ছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান এবং তাঁর মেয়ে সুহানা খান এই সিনেমার হাত ধরে বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।

‘কিং’-এ শাহরুখের লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, গ্রে শেডের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিষেক বচ্চনকে ফের নেতিবাচক ভূমিকায় দেখা যেতে পারে। সব মিলিয়ে ছবির স্টারকাস্ট এবং চরিত্রের সমীকরণ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে যথেষ্ট কৌতূহল। ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More