শারীরিক নির্যাতনের জেরে বাদ নন্দিনী, সৃজলাকে ‘মানসিক নির্যাতন’ করে কীভাবে টিকে জীতু? কড়া প্রশ্ন শ্রীলেখার

না’ বলার পরেও বারবার সৃজলাকে প্রেমপ্রস্তাব ও অধিকারবোধ জীতু কমলের! অন্য অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকাকালীনও জীতুর আচরণকে প্রশ্রয় দিচ্ছেন সৃজলা? বিগ বসের নিয়ম ও দুই তারকার সমীকরণ নিয়ে কড়া প্রশ্ন তুললেন শ্রীলেখা মিত্র!

Published on: Nov 29, 2026, 10:00:35 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

টলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র অন্দরমহলের নাটকীয়তা ও বিতর্ক এখন তুঙ্গে। ফিনালে উইকের দোরগোড়ায় দাঁড়িয়ে শোয়ের নিয়মকানুন, কর্তৃপক্ষের নিরপেক্ষতা এবং দুই চর্চিত প্রতিযোগীর আচরণ নিয়ে এবার সরাসরি সরব হলেন স্পষ্টভাষী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি কড়া ও তাৎপর্যপূর্ণ পোস্ট করে তিনি জানতে চেয়েছেন— শারীরিক আঘাতের কারণে যদি প্রতিযোগী নন্দিনীকে ঘর থেকে বের করে দেওয়া হতে পারে, তবে দিনের পর দিন একজন সহ-প্রতিযোগীর ওপর চলা মানসিক ও ইমোশন্য়াল নির্যাতনের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না?

শারীরিক নির্যাতনের জেরে বাদ নন্দিনী, সৃজলাকে ‘মানসিক নির্যাতন’ করে কীভাবে টিকে জীতু? কড়া প্রশ্ন শ্রীলেখার
শারীরিক নির্যাতনের জেরে বাদ নন্দিনী, সৃজলাকে ‘মানসিক নির্যাতন’ করে কীভাবে টিকে জীতু? কড়া প্রশ্ন শ্রীলেখার

শ্রীলেখার পোস্টের নিশানায় মূলত জীতু কমল ও সৃজলা গুহ— কী ঘটেছে বিগ বসের ঘরে?

শ্রীলেখা মিত্র তাঁর পোস্টে কারও নাম সরাসরি না নিলেও, তাঁর ইঙ্গিত যে অভিনেতা জীতু কমল এবং অভিনেত্রী সৃজলা গুহর দিকেই, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। বিগ বসের অন্দরমহলের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছে তা নিয়ে তোলপাড় বাংলা।

সৃজলা গুহ জীতুর প্রেম প্রস্তাবে ‘না’ বলা সত্ত্বেও অভিনেতা বারবার তাঁকে প্রোপোজ করেই চলেছেন এবং তাঁর ওপর অকারণে অধিকারবোধ দেখাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি এই চাপের জেরে সম্প্রতি সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভর্ৎসনার মুখেও পড়েছেন জীতু।

শ্রীলেখার পোস্টে ‘মিস হোয়াটেভার’ বলে কটাক্ষ করা হয়েছে সৃজলাকেও। অভিযোগ, বাইরে এক অভিনেতার সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীনও বিগ বসের ঘরে জীতুর এই আচরণকে অনেকটাই প্রশ্রয় দিচ্ছেন সৃজলা, যা নিয়ে নায়িকার অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।

‘নির্যাতন মানে নির্যাতনই’— বিগ বসের দ্বিচারিতা নিয়ে কী প্রশ্ন তুললেন শ্রীলেখা?

সোশাল মিডিয়া পোস্টে কোনো রাখঢাক না রেখেই বিগ বস কর্তৃপক্ষের দ্বিচারিতার দিকে আঙুল তুলেছেন শ্রীলেখা মিত্র। তিনি লেখেন, 'নির্যাতন মানে নির্যাতনই। রাজবীরের ওপর শারীরিক নির্যাতনেরকারণে যদি নন্দিনীকে বিগ বসের ঘর থেকে উচ্ছেদ করা হয়, তবে ‘মিস হোয়াটেভার’-এর ওপর— এবং পরোক্ষভাবে ঘরের অন্যান্য প্রতিযোগীদের ওপর— লাগাতার মানসিক ও আবেগগত অত্যাচার চালানোর জন্য অন্য প্রতিযোগীটিকে কেন জবাবদিহি করতে হচ্ছে না? (যদিও সেই মেয়েটিও নিজেই বিষয়টিকে প্রশ্রয় দিচ্ছে)।'

‘মানসিক ক্ষত অদৃশ্য হলেও তা আরও বেশি ভয়ংকর’— সমান বিচারের দাবি অভিনেত্রীর:

শারীরিক আঘাতের চেয়েও মানসিক নির্যাতন যে কতটা গভীর ক্ষত তৈরি করতে পারে, তা মনে করিয়ে দিয়ে বিগ বস কর্তৃপক্ষের কাছে সমান বিচারের দাবি জানিয়েছেন শ্রীলেখা।

অভিনেত্রীর কথায়, শারীরিক নির্যাতন যেমন গ্রহণযোগ্য নয়, তেমনই মনস্তাত্ত্বিক ও আবেগগত নির্যাতনও মেনে নেওয়া যায় না। বরং মানসিক আঘাত অনেক বেশি ক্ষতিকর, কারণ এর ক্ষত বাইরে থেকে দেখা না গেলেও তা গভীর ট্রমা তৈরি করে।

বিগ বস যদি সত্যিই ন্যায্যতা ও জবাবদিহিতার পক্ষে দাঁড়ায়, তবে ঘরের নিয়ম সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। পোস্টের শেষে শ্রীলেখা সাফ জানান, ‘আপনি এক ধরনের নির্যাতনকে শাস্তি দিয়ে অন্য ধরনের নির্যাতনকে স্বাভাবিক করে তুলতে পারেন না।’

শ্রীলেখার এই বিস্ফোরক পোস্ট সামনে আসতেই বিগ বসের দর্শক এবং নেটিজেনদের মধ্যে জীতু-সৃজলার সমীকরণ ও শোয়ের নিরপেক্ষতা নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।