Bigg Boss Bangla: 'না বলতে বাধ্য হলাম', প্রথম ২ সিজনে তিনিই ছিলেন বিগ বসের কণ্ঠ! এবার কেন রাজি হননি এই টেলি অভিনেতা?
‘আমিই ছিলাম বিগ বস্ বাংলার ২০১৩ ও ২০১৬ সালে নামভূমিকার অভিনেতা’, এক দশক পর গোপন সত্য়ি স্বীকার করলেন কম্পাস খ্যাত এই অভিনেতা।
গম্ভীর গলার সেই পরিচিত কন্ঠস্বর, যা শোনার জন্য উন্মুখ হয়ে থাকতেন 'বিগ বস বাংলা'-র দর্শকেরা—সেই রহস্যময় 'ভয়েস অফ বিগ বস'-এর পেছনের চেহারাটা এতদিনে প্রকাশ্যে এলো। ২০১৩ এবং ২০১৬ সালের প্রথম দুই সিজনে বিগ বসের গুরুগম্ভীর কণ্ঠের রূপকার আর কেউ নন, জনপ্রিয় অভিনেতা সোহন বন্দ্যোপাধ্যায়। বহু বছরের কৌতুহলে সিলমোহর দিয়ে নিজেই সোশাল মিডিয়ায় বিস্ফোরক এই তথ্য ফাঁস করলেন তিনি।

গোপনীয়তা ও ইন্ডাস্ট্রির কানাঘুষো
পোস্টে সোহন জানান, কোনও লিখিত আইনি চুক্তি না থাকলেও ঘনিষ্ঠ বৃত্ত ছাড়া এই কথা তিনি আগে কখনও স্বীকার করেননি। তবে প্রথম দুটি সিজনের প্রতিযোগীরা শো শেষে তাঁকে দেখে ফেলায় স্টুডিও পাড়ায় এই খবর চাওর হওয়াটা স্বাভাবিক ছিল। অনেকেই বছরের পর বছর ধরে আন্দাজ করলেও, সোহন এতদিন বিষয়টি নিয়ে নীরবতা বজায় রেখেছিলেন।
কেন সৌরভ সঞ্চালিত নতুন সিজনে নেই সোহন?
সোহন ফাঁস করেছেন 'বিগ বস বাংলা'-র নতুন সিজনে কেন আর তাঁর কণ্ঠস্বর বিগ বসে শোনা যাবে না। প্রযোজনা সংস্থা তাঁর সাথে দীর্ঘদিন যোগাযোগ রেখেছিল এবং তাঁকেই ফেরাতে চেয়েছিল, কিন্তু বাঁধ সাধল সময়ের ব্যবধান। অভিনেতা জানান, ২০১৬ সালের পর দীর্ঘ ১০ বছরে তাঁর পরিচিতি, কাজের চাপ, অর্থনৈতিক দাবি এবং পারিবারিক পরিবেশ অনেকটাই বদলে গেছে।
দু-পক্ষের আন্তরিক চেষ্টা সত্ত্বেও সমস্ত শর্তাবলি ব্যাটে-বলে না মেলায় বাধ্য হয়ে নিজের প্রিয় কাজটি ছেড়েছেন তিনি। অভিনেতার কথায়, 'আমার পরিচিতি, কাজের সংখ্যা, আর্থিক দাবী, পারিবারিক পরিবেশ, ইত্যাদি অনেকটাই পালটে গেছে। দুপক্ষেরই আন্তরিক চেষ্টা সত্ত্বেও সবকিছু খাপ খাওয়ানো সম্ভব হলনা। তাই নিজের খুব প্রিয় একটি কাজকে এবারে 'না' বলতে বাধ্য হলাম।'
নতুন 'বিগ বস' এখন সব্যসাচী চক্রবর্তী
নিজের পোস্টের শেষে সোহন নতুন কন্ঠশিল্পী ও পুরো 'বিগ বস' টিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সোহন সরে দাঁড়ানোর পর এবারের সিজনে বিগ বসের সেই বিখ্যাত গম্ভীর কন্ঠের দায়িত্ব সামলাচ্ছেন ফেলুদা-খ্যাত প্রবীণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বলে খবর ইন্ডাস্ট্রি সূত্রে। ক্যামেরার সামনে এসে হইচই করা পছন্দ করেন না বলেই এক পোস্টে সমস্ত জল্পনার অবসান ঘটালেন সোহন বন্দ্যোপাধ্যায়।
লোনাভালা-তে বিগ বস বাংলার ফাঁকে তোলো বেশকিছু স্মৃতিও সোশ্যালে ভাগ করে নেন তিনি। প্রসঙ্গত, ২০১৩ সালে বিগ বস বাংলার সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী। তিন বছর পর ২০১৬ সালে বিগ বস বাংলা সঞ্চালনার কাজ সামলেছিলেন জিৎ।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


