Shirin:‘পাকস্থলিতে ইসলাম নেই…’, ইছামতীর তীরে দাঁড়িয়ে আম্মার ফেলে আসা ভিটে, দেশভাগের তীব্র যন্ত্রণায় আবেগঘন শিরিন পাল!

‘তোমার দ্যাশেও যেই আকাশ দিয়ে বৃষ্টি ঝরে, আমার দেশেও সেই আকাশ থেকেই বৃষ্টি নামে…’, ইছামতীর তীরে দাঁড়িয়ে দেখলেন ওপারের বাংলাদেশ। শিকড়ের টানে চোখ ভিজল শিরিনের। 

Published on: Sep 23, 2026, 17:56:28 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ইছামতী নদীর এক পাড়ে বাংলাদেশ, আর অন্য পাড়ে ভারত। যে নদীর দুই পাড় বিভাজনের গল্প বলে, সেখানেই সিনেমার শুটিংয়ে গিয়ে হঠাৎ নিজের অতীত ও শেকড়ের স্মৃতিতে ডুব দিলেন জনপ্রিয় অভিনেত্রী শিরিন পাল। গত ১৯ সেপ্টেম্বর টাকি পৌঁছানোর পর ইছামতীর শান্ত রূপ আর দুই দেশের সীমানা দেখে নিজের ফেসবুক পাতায় এক দীর্ঘ আবেগঘন ও মর্মস্পর্শী খোলা চিঠি লিখেছেন তিনি।

‘পাকস্থলিতে ইসলাম নেই…’, ইছামতীর তীরে দাঁড়িয়ে আম্মার ফেলে আসা ভিটে, দেশভাগের তীব্র যন্ত্রণায় আবেগঘন শিরিন পাল!
‘পাকস্থলিতে ইসলাম নেই…’, ইছামতীর তীরে দাঁড়িয়ে আম্মার ফেলে আসা ভিটে, দেশভাগের তীব্র যন্ত্রণায় আবেগঘন শিরিন পাল!

দেশভাগের ক্ষত, আম্মার (ঠাকুমা) ফেলে আসা বেনারসি শাড়ি, ভয়ের ইতিহাস আর দুই দেশের একই মেঘ থেকে ঝরে পড়া বৃষ্টির গল্পে ভেসেছে তাঁর এই অনুভূতি।

‘পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দুয়ানি!’

টাকিতে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে শিরিন লেখেন, ইছামতীর পাড়ে দাঁড়িয়ে নয়-দশ বার গাওয়া আর শোনা গানটির কথা— ‘পাকস্থলিতে ইসলাম নেই, নেই কো হিন্দুয়ানি... তাতে যাহা জল, তাহা পানি!’

আম্মার স্মৃতি মনে পড়লেই তাঁর চোখে ভেসে ওঠে চুন খসা দেওয়ালে কুঁজো পিঠ ঠেকিয়ে একা একা গান গেয়ে যাওয়া এক বৃদ্ধার ছবি। মায়ের কাছে সযত্নে তুলে রাখা ঠাকুমার হাতের লেখা গানের খাতা আর সেই খাতা থেকে মায়ের গলায় শোনা সুরগুলোর কথা স্মরণ করেছেন তিনি।

দেশভাগের যন্ত্রণা ও সাদা থানের আড়ালে চাপা পড়া অতীত:

মায়ের কাছে আম্মার গল্প শুনে বড় হওয়া শিরিনের মনে গভীর রেখাপাত করেছে ওপাড় বাংলা থেকে এপাড়ে আসার ইতিহাস। তিনি লিখেছেন, 'মায়ের কাছে গল্প শুনেছি আম্মার দেশ ছেড়ে রাষ্ট্রে আসার। আম্মার সোনার মিনে করা বেনারসি ফেলে সাদা থান গায়ে তোলার। আম্মার গান গাওয়ার, ভয়ের ইতিহাস, খিদের ইতিহাস... আম্মার 'পানি কেটে জল আর জল কেটে পানি' অভ্যাসের গল্প।'

‘তোমার দ্যাশেও যেই আকাশ দিয়ে বৃষ্টি ঝরে, আমার দেশেও সেই আকাশ থেকেই বৃষ্টি নামে…’

২০ সেপ্টেম্বর ভোরে উঠে ইছামতীর ছবি মা-বাবাকে পাঠানোর পর হঠাৎই ইছামতীর ওপারে মুষলধারে বৃষ্টি নামতে দেখেন শিরিন। সেই দৃশ্য দেখে তাঁর মনে হয়েছিল, যেন আম্মার সেই ঝুলে যাওয়া চামড়ার সরু হাত দুটো মুঠো ভরে ইছামতীর জল নিয়ে গায়ে মাখছে!

কিছুক্ষণের মধ্যেই সেই কালো মেঘ ইছামতী পেরিয়ে এপারের আকাশেও নেমে আসে এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়। শুটিং কিছুটা ব্যাহত হলেও শিরিনের হৃদয় ছুঁয়ে যায় এক অদ্ভুত অনুভূতি। আম্মাকে উদ্দেশ্যে করে তিনি লেখেন— 'আম্মা জানো, তোমার দ্যাশেও যেই আকাশ দিয়া বৃষ্টি ঝরে, আমার দেশেও সেই আকাশ থেকেই বৃষ্টি নামে। যাহা জল, তা-ই আমার খ্যাত!'

সীমানা আর রাজনীতির কাঁটাতার পেরিয়ে শিরিন পালের এই অনুভূতি প্রমাণ করে দিল— স্মৃতি আর রক্তের টানে কোনো নদীর বিভাজনই শেষ কথা হতে পারে না!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More