Adrit's Kumkum Promo: প্রথম দেখাতেই বিধবা কুমকুমে মুগ্ধ আদৃত! এবার জলসার পর্দায় উচ্ছেবাবু, নায়িকা কে?
মিত্তির বাড়ির ব্যর্থতা ভুলে ফের ছোটপর্দায় আদৃত। এবার জি বাংলার ঘরের ছেলে স্টার জলসায়। কুমকুমের প্রথম প্রোমো প্রকাশ্যে এল সোমবার।
উচ্ছেবাবুর ম্যাজিক কি এবার জলসার পর্দাতেও সুপারহিট হবে? টেলিপাড়ার দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল আদৃত রায়ের নতুন মেগা ধারাবাহিক কুমকুম-এর প্রথম ঝলক। জি বাংলার মিঠাই খ্যাত আদৃত এবার এই প্রথমবার স্টার জলসার পর্দায় পা রাখছেন। প্রোমো আসতেই অভিনেতার নতুন লুক এবং সিরিয়ালের ছক-ভাঙা গল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে অনুগামীদের মধ্যে।

বিদেশি বাবু যখন গ্রামের ভ্যানে! প্রথম দেখাতেই ঈশান-কুমকুমের টক্কর
ধারাবাহিকের গল্পে আদৃতের চরিত্রের নাম ঈশান। প্রোমোতে দেখা যাচ্ছে, একঝাঁক বিদেশি বন্ধুদের নিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরছে সে। কিন্তু মাঝরাস্তায় হঠাৎ ঈশানের বিলাসবহুল গাড়িটি অকেজো হয়ে যায়। অগত্যা চেনা আভিজাত্য ভুলে গ্রামের এক সাধারণ ভ্যানে চেপেই বাড়ির পথ ধরতে হয় ঈশানকে। আর ঠিক সেই ভ্যানযাত্রাতেই নায়কের দেখা হয় গ্রামের এক সাধারণ অথচ লড়াকু যুবতী কুমকুমের সাথে। অল্প বয়সেই বৈধব্য যন্ত্রণা যাঁর জীবনকে ঘিরে ধরেছে, পরনে সাদা-নীল পাড়ের শাড়ি আর কপালে ছোট্ট টিপ।
ঈশান আর কুমকুমের প্রথম মোলাকাতের দৃশ্যটি চমৎকারভাবে ফুটে উঠেছে প্রোমোয়। চোখে সানগ্লাস, গলায় হেডফোন ঝুলিয়ে আধুনিক লুকে আদৃত। অথচ সে অবাক হয়ে যায় কুমকুমের লড়াইয়ের কথা জেনে।
জুতো সেলাইয়ের কারিগর যখন মালিকের নাতিকে দেয় ‘ভোকাল টনিক’
বৈধব্য যন্ত্রণা বুকে চেপে কুমকুম নিজের হাতে জুতো সেলাই করে আত্মসম্মানের সাথে নিজের সংসার টানে। চর্মশ্রী সু হাউসে নিজের তৈরি জুতো ডেলিভারি দিতে চলেছে সে। আর মজার সমীকরণ হলো, যে সু হাউসের সামান্য কারিগর এই কুমকুম, সেখানকার খোদ মালিকের নাতি হলো এই বিদেশি ফেরত ঈশান (আদৃত)!
ভিডিও কলের মাধ্যমে ঈশানের আম্মা (ঠাম্মি) যখন জানায় যে, পরিবারের বাকি সদস্যরা মিলে ওনাদের ১০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী জুতো ব্যবসাটা চিরতরে বন্ধ করার ফন্দি আঁটছে, তখনই পাশে থাকা কুমকুম ঈশানকে এক জবরদস্ত ‘ভোকাল টনিক’ দেয়। ওঁর স্পষ্ট কথা— ব্যবসা নয়, নকশা বদলান! বাঙালিও যে বুক ঠুকে ব্যবসা করতে পারে, যদি গোটা পরিবার এককাট্টা হয়ে দাঁড়ায়— কুমকুমের মুখের এই তেজস্বী সংলাপ ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে।
সুস্মিতা আউট, অনুষ্কা ইন! স্লট নিয়ে বাড়ছে টেনশন
প্রথমে শোনা গিয়েছিল, কুমকুমের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে-কে। তবে কোনো অজ্ঞাত কারণে শেষ মুহূর্তে তিনি এই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ান। ওঁর জায়গায় ঈশানের নায়িকা হিসেবে এন্ট্রি নিয়েছেন একদম নতুন মুখ অনুষ্কা। প্রথম প্রোমোতেই তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়োচ্ছে। তবে স্টার জলসা এই মেগার প্রোমো আনলেও এখনও পর্যন্ত সম্প্রচারের দিনক্ষণ জানায়নি। কুমকুমের আগমনে কার কপাল পুড়বে? সেটাই দেখবার।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


