নেই পা ঢাকা জুতো! কলকাতার নামি রেস্তোরাঁয় ঢুকতে দেওয়া হল না ‘মিশকা’ অহনা আর দীপঙ্করকে, ফিরতে হল না খেয়েই

সোশ্যাল মিডিয়া ভ্লগ ও রিভিউ দেখে খেতে গিয়েছিলেন চৌরঙ্গির এই নামি রেস্তোরাঁয়। তবে শেষমেশ হতাশ হয়েই ফিরতে হল তাঁদেরকে। কারণ, পা ঢাকা জুতো নেই বলে মিলল না রেস্তোরাঁয় প্রবেশের অনুমতি।

Published on: Nov 16, 2026, 11:30:39 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

রবিবার রাতে কলকাতার চৌরঙ্গির এক ফাইন ডাইনিং রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন অভিনেত্রী অহনা দত্ত ও তাঁর মেকআপ আর্টিস্ট স্বামী দীপঙ্কর রায়। সোশ্যাল মিডিয়ায় ভ্লগ ও রিভিউ দেখে খেতে গিয়েছিলেন সেখানে। তবে শেষমেশ হতাশ হয়েই ফিরতে হল তাঁদেরকে। কারণ, পা ঢাকা জুতো নেই বলে মিলল না রেস্তোরাঁয় প্রবেশের অনুমতি।

অহনা ও দীপঙ্কর।
অহনা ও দীপঙ্কর।

এরপর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগড়ে দেন অহনা ও দীপঙ্কর। দীপঙ্কর একটি ভিডিয়ো শেয়ার করেন। যাতে রেগেমেগে অহনাকে বলতে শোনা যায়, ‘এটা প্রথম কোনো ক্লাব না যেখানে আমরা ডিনার করতে আসছি, তবে এই পলিসি আমি প্রথমবার শুনলাম। আমাদের বলা হল ক্রকস পরে যাওয়া যাবে না। আমি কারণ জানতে চাইলে বলা হল, ওপেন ফুটওয়্যার পরে যাওয়া যাবে না।’

আর এভাবে ফিরে আসায় রীতিমতো ক্ষুব্ধ অহনা ও দীপঙ্কর দুজনেই। তবে দেখা গেল নেটপাড়ার অনেকেই জানান, কলকাতা কেন দেশের বহু প্রান্তের ফাইন ডাইনিং রেস্তোরাঁয় পোশাক ও জুতোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে। তাই এতে অবাক হওয়ার বা এটিকে নিয়ে ‘ইস্যু’ তৈরি করার প্রয়োজন নেই। একজন লিখলেন, ‘প্রিমিয়াম রেস্তরাঁ বা পাবগুলিতে পোশাকের ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট নিয়মকানুন থাকে। এগুলি মূলত ড্রেস কোড সংক্রান্ত সাধারণ বিধি। উদাহরণস্বরূপ, কলকাতা ক্লাবে সাধারণ পোশাকে প্রবেশ করা যায় না। সেখানে ঢুকতে হলে যথাযথ ফরম্যাল পোশাক পরা বাধ্যতামূলক। এমনকী, দুবাইয়েরও কিছু রেস্তরাঁ বা পাব রয়েছে, যেখানে ব্র্যান্ডের নাম বা কিছু লেখা রয়েছে এমন টি-শার্ট পরেও প্রবেশের অনুমতি মেলে না।’

আরেকজন লেখেন, ‘শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হলেই যে সব বিষয়ে জ্ঞান থাকবে, এমনটা নয়। তবে কোনও পাব বা প্রিমিয়াম ক্লাব-রেস্তরাঁয় যাওয়ার আগে সেখানকার নিয়মকানুন সম্পর্কে কিছুটা ধারণা রাখা উচিত। কারণ, এই ধরনের অনেক জায়গাতেই ক্রক্স, চপ্পল, হাফ প্যান্ট বা সাধারণ ক্যাজুয়াল পোশাক পরে প্রবেশের অনুমতি দেওয়া হয় না।’ তবে কিছু মানুষ আবার অহনাকে পরামর্শ দেন, এই ধরনের ‘ফ্যান্সি রেস্তোরাঁ’ এড়িয়ে চলার।

কাজের ক্ষেত্রে অহনাকে শেষ দেখা গিয়েছে ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। আপাতত সিরিয়াল ছেড়ে নিজের পোশাকের ব্যবসা শুরু করেছেন অভিনেত্রী। আর বউকে এই কাজে সঙ্গত দিতে দেখা যাচ্ছে দীপঙ্করকে। কিছুদিন অনলাইনে ব্যবসা চালানোর পর, নতুন শো রুম উদ্বোধন করেছেন গড়িয়ায়।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More