ভারতে নিষিদ্ধ হোক ফাওয়াদ-মাহিরার নেটফ্লিক্স সিরিজ, মোদীকে চিঠি সর্বভারতীয় সিনে কর্মী সংগঠন AICWA

ভারতে নিষিদ্ধ হোক ফাওয়াদ খান ও মাহিরা খানের পাকিস্তানি নেটফ্লিক্স সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে কড়া আইন আনার দাবি জানাল সর্বভারতীয় সিনে কর্মী সংগঠন AICWA!

Published on: Nov 24, 2026, 21:00:35 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মুক্তির আগেই ভারতে চরম বিতর্কের মুখে পড়ল পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিন্যাল সিরিজ ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ (Jo Bachay Hain Sang Samait Lo)। আগামী ৪ ডিসেম্বর, ২০২৬-এ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই বহুতারকাখচিত পাকিস্তানি ওয়েব সিরিজের। কিন্তু তার আগেই সিরিজটি যাতে ভারতে সম্প্রচারিত না হয়, সেই দাবিতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র দ্বারস্থ হলো অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। শুধু এই সিরিজটি নিষিদ্ধ করাই নয়, ভারতীয় টেলিভিশন, ওটিটি প্ল্যাটফর্ম এবং সিনেমা হলে পাকিস্তানি শিল্পী ও কনটেন্ট চিরতরে বন্ধ করতে কড়া ও স্থায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

ভারতে নিষিদ্ধ হোক ফাওয়াদ-মাহিরার নেটফ্লিক্স সিরিজ, মোদীকে চিঠি সর্বভারতীয় সিনে কর্মী সংগঠন AICWA
ভারতে নিষিদ্ধ হোক ফাওয়াদ-মাহিরার নেটফ্লিক্স সিরিজ, মোদীকে চিঠি সর্বভারতীয় সিনে কর্মী সংগঠন AICWA

প্রধানমন্ত্রী মোদীকে পাঠানো চিঠিতে কী দাবি জানিয়েছে AICWA?

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে AICWA এবং নিজেদের এক্স (X) হ্যান্ডেলেও সেই বিবৃতি শেয়ার করেছে।

সংগঠনটির মূল বক্তব্য, ‘দেশ সবার আগে’। বিবৃতিতে লেখা হয়েছে, ’সন্ত্রাসবাদ কোনও হাততালি পায় না। দেশ সবার আগে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে চিঠি লিখে দাবি জানিয়েছে যে, আগামী ৪ ডিসেম্বর ২০২৬-এ নেটফ্লিক্স ইন্ডিয়ায় পাকিস্তানি সিরিজ ‘বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ যেন মুক্তি না পায়।'

স্থায়ী আইনের দাবি: সংগঠনটি আরও জানিয়েছে, পাকিস্তানি কোনো সিরিজ, সিনেমা, গান বা পডকাস্টের ভারতীয় পর্দায় কোনো জায়গা নেই। তাই ভারতীয় টিভি, ওটিটি এবং প্রেক্ষাগৃহে পাকিস্তানি শিল্পী ও প্রযোজনা চিরতরে নিষিদ্ধ করতে কঠোর শাস্তির বিধানসহ একটি স্থায়ী আইন তৈরির দাবি জানানো হয়েছে।

নেটফ্লিক্স ইন্ডিয়ার কাছে আর্জি: নেটফ্লিক্স ইন্ডিয়া এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মগুলোকে প্রকাশ্যে সোশাল মিডিয়ায় ঘোষণা করার আহ্বান জানানো হয়েছে যে, তারা ভারতে কোনো পাকিস্তানি কনটেন্ট দেখাবে না।

২০২৫-এর সরকারি নির্দেশিকা ও অভিনেতাদের ভারত-বিরোধী মন্তব্যের প্রসঙ্গ:

AICWA তাদের চিঠিতে ২০২৫ সালের মে মাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়েছে, যেখানে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। সংগঠনের মতে, এই সিরিজ ভারতে মুক্তি পেলে সেই সরকারি নির্দেশিকা এবং দেশবাসীর আবেগের পরিপন্থী হবে। পাশাপাশি, এই সিরিজে অভিনয় করা বেশ কয়েকজন পাকিস্তানি তারকা অতীতে দুই দেশের উত্তেজনার সময় ভারতের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ তুলেছে AICWA।

কী রয়েছে এই পাকিস্তানি সিরিজে? কারা অভিনয় করেছেন?

জনপ্রিয় লেখিকা ফারহাত ইশতিয়াকের বেস্টসেলিং উর্দু উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘জো বাচে হ্যায় সঙ্গ সামেট লো’ (ইংরেজি নাম: All The Love Our Hearts Carry)।

মোমিনা দুরাইদ পরিচালিত ও প্রযোজিত এই সিরিজে তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যার শুটিং হয়েছে পাকিস্তান, ইতালি এবং ব্রিটেনে।

সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সনম সঈদ, আহাদ রাজা মির, হামজা আলি আব্বাসি এবং ইকরা আজিজ-এর মতো প্রথম সারির পাকিস্তানি তারকারা।

উল্লেখ্য, নেটফ্লিক্সের তরফে এখনও স্পষ্ট করা হয়নি যে ৪ ডিসেম্বর সিরিজটি ভারতীয় দর্শকদের জন্য উপলব্ধ থাকবে কি না। তবে তার আগেই AICWA-র এই কড়া অবস্থানে সরগরম বিনোদন ও রাজনৈতিক মহল।

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।