Amitabh Birthday: দাদু অমিতাভকে জাপটে ধরে আরাধ্যা! ‘পা’-কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ‘বহুরানি’ ঐশ্বর্য

৮৪ বছরে পা দিলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ১১ অক্টোবর তাঁর জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন বর্ষীয়ান অভিনেতা। তবে বিশেষ নজর কাড়ল পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনের পোস্ট। নাতনি আরাধ্যা ও দাদু অমিতাভের একটি অদেখা ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

Published on: Oct 12, 2026, 09:30:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন ১১ অক্টোবর রবিবার তাঁর ৮৪তম জন্মদিন উদযাপন করেছেন। বলিউড থেকে তাঁর প্রতি শুভেচ্ছা বার্তা এসেছে। সঞ্জয় দত্ত, শত্রুঘ্ন সিনহা এবং চিরঞ্জীবীর মতো তারকাদের পাশাপাশি অন্যান্য অনেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিগ বি-র পুত্রবধূ, অভিনেত্রী ঐশ্বর্যা রাইও তাঁর জন্য একটি মিষ্টি জন্মদিনের শুভেচ্ছা লিখে পোস্ট করেছেন। যেখানে তিনি অমিতাভের সঙ্গে নাতনি আরাধ্যা বচ্চনের একটি ছবি শেয়ার করেছেন।

অমিতাভের জন্মদিনে অদেখা ছবি পোস্ট ঐশ্বর্যর।
অমিতাভের জন্মদিনে অদেখা ছবি পোস্ট ঐশ্বর্যর।

নাতনি আরাধ্যার সঙ্গে অমিতাভের অদেখা ছবি

রবিবার রাতেই ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করেন ঐশ্বর্য। ছবিতে দেখা যায়, দাদু অমিতাভ বচ্চনকে জড়িয়ে ধরে রয়েছে আরাধ্যা বচ্চন। ছবিতে অমিতাভকে একটি ঢিলেঢালা জ্যাকেট ও মাথায় টুপি পরে থাকতে দেখা গিয়েছে। এই ছবির সঙ্গে শ্বশুরমশাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ঐশ্বর্য লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার সঙ্গে থাকুক।’

ঐশ্বর্যর এই পোস্ট অনুরাগীদের মন জয় করেছে। পরিবারের এই মিষ্টি মুহূর্তের ছবি ঘিরে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে।

অনুরাগীদের সঙ্গে জন্মদিন উদযাপন বিগ বির

প্রতি বছরের মতো এ বছরও নিজের জন্মদিনে মুম্বইয়ের জুহুতে অবস্থিত বাসভবন জলসার বাইরে বেরিয়ে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। তাঁকে এক ঝলক দেখার জন্য বাড়ির বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য অনুরাগী। লাল কুর্তা ও একই রঙের শাল পরে তাঁদের উদ্দেশে হাত নাড়েন অভিনেতা। অনুরাগীদের তৈরি বিশাল ফুলের মালার সামনেও দাঁড়িয়ে ছবি তোলেন তিনি।

অন্যদিকে, অমিতাভের জন্মদিন উপলক্ষে বিশেষ পর্বের আয়োজন করা হয় তাঁর জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-তে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেলে অভিষেক বচ্চনও। পাশাপাশি অতিথি হিসেবে দেখা যায় মাধুরী দীক্ষিত, আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানকে। অনুষ্ঠানের একটি আবেগঘন মুহূর্তে বাবা ও ছেলেকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যায়। তাঁদের এই আন্তরিক মুহূর্ত দর্শকদের মন ছুঁয়ে যায়।

বর্তমানে কোন কাজ নিয়ে ব্যস্ত অমিতাভ ও ঐশ্বর্য?

কাজের ক্ষেত্রে বর্তমানে বেশ ব্যস্ত অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিংয়ের পাশাপাশি আগামী দিনে তাঁকে দেখা যাবে নাগ অশ্বিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন প্রভাস ও কমল হাসান। প্রথম ছবিতে দীপিকা পাড়ুকোন অভিনয় করলেও নির্মাতারা জানিয়েছেন, সিক্যুয়েলে তাঁকে দেখা যাবে না।

‘কল্কি ২৮৯৮ এডি’-তে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন অমিতাভ। বিশ্বজুড়ে ১,০০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছিল ছবিটি। ফলে সিক্যুয়েল ঘিরেও দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। বর্তমানে ছবিটির কাজ চলছে।

অন্যদিকে, গত তিন বছর ধরে বড় পর্দা থেকে দূরে রয়েছেন ঐশ্বর্য রাই বচ্চন। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল তাঁর শেষ ছবি ‘পোন্নিয়িন সেলভান ২’। এখনও পর্যন্ত নিজের পরবর্তী ছবির কথা ঘোষণা করেননি অভিনেত্রী। তবে সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে তাঁর উপস্থিতি নজর কেড়েছিল।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More