Aishwarya Rai Bachchan: প্রকাশ্যে এল ঐশ্বর্য রাই বচ্চনের এই বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার কিছু মুহূর্তের ছবি। প্রতিবছরই কান চলচ্চিত্র উৎসবে নিজেকে অন্য রকম ভাবে মেলে ধরেন ঐশ্বর্য, এই বছরেও তার অন্যথা হলো না। একটি নীল রঙের গাউনে একেবারে মৎস্যকন্যা সাজে নিজেকে সাজিয়ে তুললেন তিনি।
Aishwarya Rai Bachchan: চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখতে পাওয়া যাবে না ঐশ্বর্য রাই বচ্চনকে, এমন গুজব ছড়িয়েছিল সর্বত্র। তবে কান চলচ্চিত্র উৎসব এবং ঐশ্বর্য একে অপরের পরিপূরক বলেই মনে করেন অনেকেই, তাই ঐশ্বর্যের অনুপস্থিতি যে কানের জৌলুস কিছুটা ম্লান করে দেবে, সেই আশঙ্কায় করছিলেন ভক্তরা। তবে বৃহস্পতিবার গভীর রাতে মুম্বই বিমানবন্দর থেকে ফ্রান্সের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী।
নীল গাউনে মৎস্যকন্যা সাজে ঐশ্বর্য
এবার প্রকাশ্যে এল ঐশ্বর্য রাই বচ্চনের এই বছরের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটার কিছু মুহূর্তের ছবি। প্রতিবছরই কান চলচ্চিত্র উৎসবে নিজেকে অন্য রকম ভাবে মেলে ধরেন ঐশ্বর্য, এই বছরেও তার অন্যথা হলো না। একটি নীল রঙের গাউনে একেবারে মৎস্যকন্যা সাজে নিজেকে সাজিয়ে তুললেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ল ঐশ্বর্যের রেড কার্পেটে হাঁটার মুহূর্তের সেই ছবিগুলি। ছবিতে দেখা যাচ্ছে একটি গাঢ় নীল রঙের গাউন পরে দাঁড়িয়ে রয়েছেন ঐশ্বর্য, সঙ্গে রয়েছে শুধু নেকলেস এবং হাতে একটি আংটি। প্রতিবছরের মতোই সেই স্বভাবসিদ্ধভাবে সকলের সামনে পোজ দিয়ে তিনি প্রমাণ করে দিলেন, আজও তিনি বিশ্ব সুন্দরী।
ঐশ্বর্যের এই ছবি ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও যেখানে দেখা যাচ্ছে উৎসবে যাওয়ার আগে সিঁড়ি দিয়ে নেমে আসছেন ঐশ্বর্য, দেখে যেন মনে হচ্ছে কোন অপরূপা সুন্দরী স্বর্গ থেকে নেমে আসছেন। এই অনুষ্ঠানে বহুদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও দেখা করেন ঐশ্বর্য।
ইভা এবং ঐশ্বর্য দুজনেই ল'রিয়ালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ফাংশানে যাওয়ার আগে তাঁরা একে অপরের সঙ্গে দেখা করেন এবং পোজ দিয়ে ছবি তোলেন। এই বছরেও ঐশ্বর্যের সঙ্গে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন তাঁর কন্যা আরাধ্যা।
প্রসঙ্গত, ২০০২ সালে প্রথমবার পরিচালক ‘দেবদাস’ ছবির স্ক্রিনিংয়ের জন্য কান-এর রেড কার্পেটে হেঁটেছিলেন ঐশ্বর্য। তারপর থেকে বিগত দুই দশকেরও বেশি সময় ধরে প্রতি বছর কানের মঞ্চে তাঁর উপস্থিতি ফ্যাশন দুনিয়ায় ঝড় তোলে। তবে এবারে কান চলচ্চিত্র উৎসব অনেকে আগে শুরু হয়ে গেলেও এবার অবশেষে ধরা দিলেন বিশ্বসুন্দরী।