এক-দু’টো নয়, ঝুলিতে ৬খানা ছবি! ২০২৭-২৮ সালে কোন-কোন নতুন অবতারে ধরা দেবেন অক্ষয়?
২০২৭ ও ২০২৮ সালে একের পর এক নতুন ছবি দিয়ে বড় পর্দায় ফিরতে চলেছেন অক্ষয় কুমার। কখনও ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায়, কখনও ভয়ংকর এলিয়েনের বিরুদ্ধে লড়াই, আবার কখনও কমেডির মেজাজে দেখা যাবে তাঁকে। পাশাপাশি 'গোলমাল ৫', 'ভাগম ভাগ ২'-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিতেও ফিরছেন অভিনেতা।
আগামী দু’বছর অক্ষয় কুমারের বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটতে চলেছে। ২০২৭ ও ২০২৮ সালে একের পর এক নতুন ছবিতে দেখা যাবে বলিউডের এই অভিনেতাকে। কখনও ঐতিহাসিক চরিত্রে, কখনও সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলার, আবার কখনও কমেডি মেজাজে ধরা দেবেন তিনি। শুধু নতুন গল্প নয়, পুরনো জনপ্রিয় ছবির সিক্যুয়েল নিয়েও ফিরছেন অক্ষয়। ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্র থেকে শুরু করে ভয়ংকর এলিয়েনের সঙ্গে লড়াই, তাঁর আগামী ছবির তালিকায় রয়েছে নানা চমক। দেখে নেওয়া যাক, আগামী দু’বছরে কোন কোন ছবিতে থাকছেন বলিউডের খিলাড়ি

১. বেদাত মারাঠে বীর দৌড়লে সাত ((Vedat Marathe Veer Daudle Saat))
মহেশ মঞ্জরেকরের পরিচালনায় এই ছবিতে ছত্রপতি শিবাজি মহারাজের ভূমিকায় অভিনয় করবেন অক্ষয়। মারাঠি সিনেমায় এটিই তাঁর প্রথম কাজ। ১৬৭৪ সালের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে সেনাপতি প্রতাপরাও গুজরের নেতৃত্বে সাত বীর যোদ্ধার সাহসিকতার কাহিনি তুলে ধরা হবে। প্রযোজনা ও শুটিংয়ের কাজে দেরির কারণে ছবির মুক্তি পিছিয়ে গিয়েছিল। তবে বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে ২০২৭ সালের শুরুতেই মুক্তি পেতে পারে ছবিটি। মারাঠি ছাড়াও একাধিক ভাষায় মুক্তির পরিকল্পনা রয়েছে।
২. মৌজা হি মৌজা
'ওয়েলকাম' ও 'সিং ইজ কিং'-এর পর ফের পরিচালক আনিস বাজমির সঙ্গে জুটি বাঁধছেন অক্ষয়। তাঁদের নতুন ছবি 'মৌজা হি মৌজা'র শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে বলে খবর। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পেতে পারে। অক্ষয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিদ্যা বালন ও রাশি খান্না।

৩. সামুক
তবে অক্ষয় কুমারের যেই সিনেমা নিয়ে এখন বাঙালিদের মধ্য়ে চর্চা বেশি, তা হল সামুক। আর এই সিনেমায় দেখা যাবে টলিপাড়ার অতি পরিচিত মুখ রুক্মিণী মৈত্রকে। ২০২৭ সালের ২৮ মে ছবিটি মুক্তির কথা রয়েছে। কনিষ্ক বর্মার পরিচালনায় এবং বিপুল অমৃতলাল শাহের প্রযোজনায় তৈরি এই ছবিতে এক সামরিক আধিকারিকের চরিত্রে অভিনয় করবেন অক্ষয়। ঘন কুয়াশায় ঢাকা এক জঙ্গলে ভয়ংকর এক এলিয়েনের মুখোমুখি হতে হবে তাঁকে।
৪. গোলমাল ৫
রোহিত শেট্টির জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'গোলমাল'-এর পঞ্চম পর্বেও দেখা যাবে অক্ষয়কে। অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, কুণাল খেমু ও শ্রেয়স তলপড়ের সঙ্গে এবার একই দলে যোগ দেবেন তিনি। ছবিতে অক্ষয়ের চরিত্রের নাম বালা ভাউ বলে জানা যাচ্ছে। অজয় ও অক্ষয়ের মধ্যে টম অ্যান্ড জেরির মতো মজার সংঘাতও দেখা যেতে পারে। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে এই ছবির।

৫. ভাগম ভাগ ২
প্রায় দুই দশক পর ফিরতে চলেছে অক্ষয় কুমারের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি 'ভাগম ভাগ'। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রিয়দর্শন। ২০২৭ সালে মুক্তির পরিকল্পনা থাকলেও অক্ষয়ের অন্যান্য ছবির শুটিংয়ের ব্যস্ততার কারণে প্রযোজনার সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। পুরনো ছবির মতোই হাসির রোল উঠবে কি না, এখন সেটাই দেখার।

৬. রাউডি রাঠোর ২
২০১২ সালে মুক্তি পাওয়া 'রাউডি রাঠোর'-এর সিক্যুয়েল নিয়েও ফিরতে পারেন অক্ষয়। প্রথম ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অ্যাকশন, সংলাপ ও কমেডির মিশেলে ছবিটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। এবার দ্বিতীয় পর্বেও সেই চেনা মশলাদার বিনোদনের প্রত্যাশা রয়েছে। সব ঠিক থাকলে ২০২৮ সালে মুক্তি পেতে পারে ছবিটি।
অর্থাৎ, আগামী দু’বছরে কমেডি, অ্যাকশন থেকে শুরু করে ঐতিহাসিক ও সায়েন্স ফিকশন—প্রায় সব ধরনের চরিত্রেই নিজেকে মেলে ধরার প্রস্তুতি নিচ্ছেন অক্ষয় কুমার। এবার দর্শকদের মন কতটা জয় করতে পারেন তিনি, সেটাই দেখার।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


