নেপোটিজম বিতর্কের মাঝেই ইন্ড্রাস্ট্রির বাইরে থেকে আসা নতুন অভিনেতাকে লঞ্চ করবেন আলিয়া! প্রতিক্রিয়া জানালেন করণ
আলিয়া এখন একজন প্রযোজকও। সম্প্রতি, আলিয়া তাঁর আসন্ন ছবি 'ডোন্ট বি শাই'-তে ইন্ড্রাস্ট্রির বাইরে থেকে আসা নতুন অভিনেতাকে সুযোগ দেওয়ার বিষয়ে কথা বলেন, যা নিয়ে করণ জোহর প্রতিক্রিয়া দেন।
অভিনেত্রী আলিয়া ভাট ২০১২ সালে করণ জোহরের ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর তিনি 'হাইওয়ে', 'রাজি', 'ব্রহ্মাস্ত্র' এবং 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-র মতো ছবিতে শুধু তাঁর শক্তিশালী অভিনয় দক্ষতারই প্রদর্শন করেননি, বরং ইন্ডাস্ট্রিতে নিজের একটি স্বতন্ত্র স্থানও তৈরি করে নিয়েছেন।

অভিনয়ের বাইরে আলিয়া এখন একজন প্রযোজকও। সম্প্রতি, আলিয়া তাঁর আসন্ন ছবি 'ডোন্ট বি শাই'-তে বহিরাগতদের সুযোগ দেওয়ার বিষয়ে কথা বলেন, যা নিয়ে করণ জোহর প্রতিক্রিয়া দেন। আসলে বি-টাউনে নেপোটিজন বিতর্ক লেগেই থাকে। আলিয়াও একজন নেপো-কিড। কিন্তু সেই জায়গা থেকে তিনি ইন্ড্রাস্ট্রির বাইরে থেকে আসা অভিনেতাদের সুযোগ দিচ্ছেন দেখে তা নিয়ে মুখ খুললেন করণ। জানেন কী বললেন তিনি?
বৃহস্পতিবার আলিয়া ভাট এবং তাঁর বোন শাহীন ভাট অ্যামাজন প্রাইম ভিডিয়োর #ItStartsHere অনুষ্ঠানে যোগ দেন। ওটিটি প্ল্যাটফর্মটি ২০২৬ সালের জন্য তাঁদের আসন্ন ছবি এবং শোগুলির নাম সামনে আনেন। আসন্ন প্রাইম ভিডিয়ো অরিজিনালগুলোর মধ্যে একটি হল আলিয়ার 'ডোন্ট বি শাই'। তিনি ছবিটি নিয়ে সঞ্চালক করণ জোহরের সাথে একটি মজার আলাপচারিতায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান চলাকালীন করণ জোহর আলিয়াকে বলেন, ‘আলিয়া, তুমি একজন পাকা প্রযোজক হওয়ার শিল্পে সত্যিই পারদর্শী হয়ে উঠেছ, কারণ কোনও এক কারণে তোমার উত্তরগুলো আমার প্রশ্নগুলোর থেকে সম্পূর্ণ আলাদা ও অসম্পূর্ণ মনে হচ্ছে।’ আলিয়া উত্তর দেন, ‘হ্যাঁ, করণ, কারণ অভিনেতাদের লঞ্চ করার একটা সঠিক পদ্ধতি আছে।’ এরপর করণ মজা করে বলেন, ‘আর স্বাভাবিক ভাবেই, আমি তো সেটা জানব না, তাই না? আমি তো এমন কিছুই করিনি,’ এর মাধ্যমে তিনি ইঙ্গিত দেন যে বলিউডে আলিয়াকে তিনিই লঞ্চ করেছিলেন।
আলিয়া উত্তর দিল, ‘আচ্ছা, আমি আর কী বলতে পারি? আমরা সেরাদের কাছ থেকেই শিখেছি। আর সেরারা সবসময় আমাদের শিখিয়েছেন যে সব কিছুরই একটা সঠিক সময় থাকে।’ এরপর করণ বলেন, ‘তোমাকে আমার একটা খুব জরুরি প্রশ্ন করার আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ও গুরুতর, এবং এটা চিত্রনাট্যেও নেই। ওঁরা কি আউইসাইডার?’ যখন আলিয়া নিশ্চিত করেন যে তাঁরা আউইসাইডার, তা শুনে করণ তাকে বলেন, ‘আমি তোমার জন্য খুব গর্বিত।’
স্মৃতি মুখার্জী পরিচালিত 'ডোন্ট বি শাই' ছবিটি ইটার্নাল সানশাইন ব্যানারের অধীনে চকবোর্ড এন্টারটেইনমেন্টের সহযোগিতায় আলিয়া ও শাহীন প্রযোজনা করেছেন। ছবিটির গল্প শ্যামলী 'শাই' দাস নামের ২০ বছর বয়সী এক তরুণীকে নিয়ে, যে মনে করে জীবনে তার সবকিছুই গোছানো আছে। কিন্তু এরপর তার নিখুঁতভাবে সাজানো জীবনে এমন এক অপ্রত্যাশিত মোড় আসে, যা সে কখনও কল্পনাও করেনি এবং তার জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। ছবিটির কলাকুশলী এবং মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
আলিয়া বর্তমানে তাঁর আসন্ন ছবি 'আলফা'-র মুক্তির অপেক্ষায় রয়েছেন। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিটি ওয়াইআরএফ-এর স্পাই ইউনিভার্সের সপ্তম ছবি। আলিয়া ছাড়াও শর্বরী ওয়াঘ, অনীল কাপুর এবং ববি দেওলকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবিটি ২০২৬ সালের ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও, তাঁর হাতে সঞ্জয় লীলা বনসালীর ছবি 'লাভ অ্যান্ড ওয়ার' রয়েছে। এই ছবিতে রণবীর কাপুর এবং ভিকি কৌশলও অভিনয় করেছেন।
E-Paper

