৮৩-তে অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? জল্পনা উড়িয়ে নিজেই জানালেন বিগ বি
৮৩ বছর বয়সেও চুটিয়ে কাজ করছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি তাঁর একটি পোস্ট ঘিরে অবসরের জল্পনা তৈরি হয়েছিল। এবার নিজের ব্লগে সেই জল্পনায় জল ঢেলে স্পষ্ট জানালেন বিগ বি, কাজ থেকে অবসর নেওয়ার কোনও প্রশ্নই নেই।
৮৩ বছর বয়সেও কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও উদ্যম দেখে মুগ্ধ অনুরাগীরা। দীর্ঘ সময় শুটিং করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় অমিতাভ বচ্চন। এক্স এবং নিজের ব্লগের মাধ্যমে নিয়মিত কাজ ও ব্যক্তিগত জীবনের নানা আপডেট ভাগ করে নেন তিনি।

সম্প্রতি এমনই একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছিল নতুন জল্পনা। অমিতাভ কি এবার কাজ থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন? অনুরাগীদের মধ্যে শুরু হয় আলোচনা। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই বিষয়টি পরিষ্কার করলেন বিগ বি।
‘অবসর নিচ্ছি না’, স্পষ্ট করলেন বিগ বি
নিজের ব্লগে অমিতাভ জানান, তাঁর আগের পোস্টে ‘রিটায়ার ফর দ্য ডে’ কথাটি ব্যবহার করার অর্থ কাজ থেকে পাকাপাকিভাবে অবসর নেওয়া নয়। বরং দিনের কাজ শেষ করে ঘুমোতে যাওয়ার কথাই বোঝাতে চেয়েছিলেন তিনি।
অবসরের খবর প্রকাশ করা কয়েকটি সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া পেজেরও সমালোচনা করেন অভিনেতা। তাঁর বক্তব্য, একটি কথাকে ভুলভাবে ব্যাখ্যা করে অবসরের খবর ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিগ বি সাফ জানিয়ে দিয়েছেন, “জি নয় হুজুর, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না।” ইংরেজিতে ‘রিটায়ার ফর দ্য ডে’ বলতে দিনের কাজ শেষ করে বিশ্রামে যাওয়াকেই বোঝানো হয়েছে বলে ব্যাখ্যা করেন তিনি।
‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এখন ব্যস্ত অমিতাভ
বর্তমানে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮তম সিজন সঞ্চালনা করছেন অমিতাভ। দীর্ঘদিন ধরে দর্শকদের অন্যতম পছন্দের এই শোয়ের সঙ্গে যুক্ত তিনি। ২০০০ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানের প্রায় প্রতিটি সিজনেই সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে।
শুধু একটি সিজনে শাহরুখ খান সঞ্চালকের দায়িত্ব নিয়েছিলেন। তবে সেই সময় দর্শকদের একাংশ অমিতাভকে ফিরিয়ে আনার দাবি জানিয়েছিলেন। এরপর থেকে ফের বিগ বিকেই সঞ্চালকের আসনে দেখা গিয়েছে।
তরুণ প্রজন্মের কাছেও অনুপ্রেরণা বিগ বি
অমিতাভের বয়স যতই বাড়ুক, কাজের প্রতি তাঁর নিষ্ঠা এখনও একই রকম। দীর্ঘ সময় কাজ করার জন্য নিয়মিতই প্রশংসা পান তিনি। শুধু অনুরাগীরাই নন, বলিউডের একাধিক তরুণ অভিনেতাও অমিতাভকে নিজেদের অনুপ্রেরণা বলে মনে করেন।
‘কাল্কি ২৮৯৮ এডি’-তে ফিরছেন অশ্বত্থামা
সিনেমার দিক থেকেও একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে অমিতাভের হাতে। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ভেট্টাইয়ান’-এ শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে রজনীকান্তের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি।
এবার ‘কাল্কি ২৮৯৮ এডি’-র দ্বিতীয় পর্বে ফের অশ্বত্থামার চরিত্রে দেখা যাবে বিগ বিকে। ছবিতে তাঁর সঙ্গে থাকছেন প্রভাস ও কমল হাসান। প্রথম পর্বে দীপিকা পাড়ুকোন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকলেও দ্বিতীয় পর্বে তাঁকে দেখা যাবে না বলে জানা গিয়েছে। ছবিটি আগামী বছর মুক্তি পেতে পারে বলে খবর।
এর পাশাপাশি ‘সেকশন ৮৪’ ছবিতেও অভিনয় করেছেন অমিতাভ। ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন নিমরত কৌর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবির শুটিং অনেক আগেই শেষ হলেও এখনও মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
অর্থাৎ, অবসরের জল্পনা তৈরি হলেও অমিতাভ বচ্চনের কাজের তালিকা যে এখনও বেশ লম্বা, তা বলাই যায়। তাঁর নিজের বক্তব্যেও স্পষ্ট—এখনই কাজ থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই বিগ বি-র।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


