‘তোমরা একটা করলে, আমরা ১০০টা করব’, হুমকি দেওয়া ব্যক্তিদের কড়া বার্তা অমিতাভের

রহস্যময় পোস্ট করে নতুন করে চর্চায় অমিতাভ বচ্চন। ব্লগে এমন কিছু মন্তব্য করেছেন, যা ঘিরে শুরু হয়েছে জল্পনা। যাঁরা তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাঁদের কার্যত পাত্তাই দিতে নারাজ বিগ বি। স্পষ্ট জানিয়ে দিলেন, অন্য কেউ লিখুক বা না লিখুক, তাঁর নিজের সংবাদপত্র এখন তাঁর ব্লগেই চলে।

Published on: Oct 30, 2026, 16:00:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট করে নতুন করে চর্চায় অমিতাভ বচ্চন। নিজের ব্লগে এমন কিছু মন্তব্য করেছেন বলিউডের শাহেনশা, যা ঘিরে শুরু হয়েছে জল্পনা। যাঁরা তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাঁদের কার্যত পাত্তাই দিতে নারাজ বিগ বি। স্পষ্ট জানিয়ে দিলেন, অন্য কেউ লিখুক বা না লিখুক, তাঁর নিজের সংবাদপত্র এখন তাঁর ব্লগেই চলে। শুধু তাই নয়, হুমকিদাতাদের উদ্দেশে তাঁর সাফ বার্তা, ‘তোমরা একটা করলে, আমরা ১০০টা করব!’

অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চন।

ব্লগে কী লিখলেন অমিতাভ?

২৯ অক্টোবর সকালে নিজের ব্লগে একটি পোস্ট করেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি লেখেন, দিন বদলে ২৮ তারিখ থেকে ২৯ তারিখ হয়েছে। ল্যাপটপের সামনে বসে রয়েছেন, তাই দিনের কথা লিখে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে রাতে লেখার সময় তারিখ বা নম্বরের কোনও ভুল না হয়।

এরপর অনুরাগীদের সঙ্গে তাঁর সম্পর্ক এবং দূরত্ব নিয়েও কথা বলেন অভিনেতা। অমিতাভ লেখেন, কয়েক দিন আগে পাওয়া একটি খাম খুলে তার ভিতরে থাকা কিছু বিষয় প্রকাশ করা হচ্ছে। অনুরাগীরা যখন তাঁর আশপাশে থাকেন, তখন তাঁর ভাল লাগে। যদিও গত রবিবার তিনি তাঁদের ছড়িয়ে দিয়েছিলেন। তবে দূরত্ব বাড়লেও অনুরাগীদের প্রতি তাঁর স্নেহ, ভালবাসা ও সম্মান একটুও কমেনি। ভবিষ্যতেও কমবে না।

‘আমাদের সংবাদপত্র এখন এখানেই চলে’

এরপরই কয়েকটি মন্তব্য করেন বিগ বি, যা ঘিরে শুরু হয়েছে আলোচনা। যাঁরা তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছেন, তাঁদের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, কেউ ছোট, কেউ বড়, আবার কেউ বেশি ঘুমোতে ভালবাসেন। তাঁর এই মন্তব্যের পর কীভাবে শিরোনাম তৈরি হবে, তা নিয়েও যেন আগাম কটাক্ষ করেছেন তিনি।

অমিতাভ লেখেন, তাঁকে নিয়ে লেখা বন্ধ করে দিলে তাঁর কোনও সমস্যা নেই। কারণ তাঁর সংবাদপত্র এখন নিজের ব্লগেই চলে। এরপরই তাঁর সেই তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘তোমরা একটা করলে, আমরা ১০০টা করব!’ যদিও ঠিক কাদের উদ্দেশে এই বার্তা, তা স্পষ্ট করেননি অভিনেতা।

পোস্টের শেষেও নিজের স্বভাবসিদ্ধ মেজাজ বজায় রেখেছেন বিগ বি। লিখেছেন, ‘যাও! নিজেদের হাতি-ঘোড়া নিয়ে এসো, আমরাও নিয়ে আসব। হাতি ঘোড়া পালকি, জয় কানহাইয়া লাল কি! ঝুমতে রহনা!’

অসুস্থতার কারণে বিশ্রামে অমিতাভ?

সম্প্রতি নিজের শারীরিক অবস্থা নিয়েও অনুরাগীদের আপডেট দিয়েছিলেন অমিতাভ। দশেরার সময় তিনি জানিয়েছিলেন, চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। সুস্থ হয়ে ওঠার জন্য তাই সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। পরদিনই অবশ্য নিজের ব্লগে ফিরে এসে শরীরের হাল জানান। তাঁর কথায়, আগের তুলনায় এখন শরীরের আরও বেশি বিশ্রামের প্রয়োজন হচ্ছে।

বিগ বি
বিগ বি

অমিতাভের আগামী ছবি

কাজের দিক থেকেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে অমিতাভের হাতে। নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’-এ জটায়ুর চরিত্রে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবিটি ৫ নভেম্বর ২০২৬ মুক্তি পাওয়ার কথা।

এছাড়াও ১৪ নভেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে রিভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন ৮৪’। এই কোর্টরুম থ্রিলারে অমিতাভের সঙ্গে দেখা যাবে নিমরত কৌর, ডায়ানা পেন্টি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’, সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘আঁখে’ ছবির সিক্যুয়েল এবং ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ২’-তেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে তাঁকে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More