শরীরও দিচ্ছে না সঙ্গ! বয়স ৮৪-তে এসে কী সমস্যায় অমিতাভ বচ্চন?
বয়স ৮৪ পেরিয়েছে, তবুও কাজের ব্যস্ততায় এতটুকু ভাটা নেই অমিতাভ বচ্চনের। তবে সম্প্রতি ঘুমের সমস্যা থেকে শুরু করে শরীরের নানা অসুবিধার কথা নিজের ব্লগে তুলে ধরেছেন অভিনেতা। জিমে ফিরলেও শরীর যেন আর আগের মতো সঙ্গ দিচ্ছে না তাঁকে। কী লিখলেন বিগ বি?
৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততায় সময় কাটে বলিউডের শাহেনশা। তবে শরীর যে আগের মতো সঙ্গ দিচ্ছে না, তা আগেও একাধিকবার জানিয়েছেন অভিনেতা। এবার নতুন ব্লগে নিজের শারীরিক পরিস্থিতি এবং দৈনন্দিন রুটিন নিয়ে খোলামেলা কথা বললেন বিগ বি। জানালেন, ইদানীং রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না তাঁর। অন্যদিকে, ফের জিমে শরীরচর্চা শুরু করলেও মন ও শরীরের মধ্যে চলছে যেন এক অদ্ভুত টানাপোড়েন।

কীভাবে কাটছে অমিতাভের সকাল?
নিজের সাম্প্রতিক ব্লগে সকালের রুটিন নিয়ে লিখেছেন অমিতাভ। ব্লগ লেখার সময় ফন্টের আকার ঠিক করতেও সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন তিনি। গুগলে খুঁজেও সেই সমস্যার সমাধান বুঝতে পারেননি। অভিনেতা আরও জানান, সেদিন বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিল তাঁর। মনে হচ্ছিল, আগের রাতেই ব্লগটি লিখে রাখা উচিত ছিল। এখন আবার কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার আশায় রয়েছেন তিনি।
রাতের ঘুম ফেরাতে কী টোটকা দিলেন বিগ বি?
ব্লগে অমিতাভ জানিয়েছেন, ইদানীং ঘুম আসতে বেশ সমস্যা হচ্ছে তাঁর। ইন্টারনেটে ঘুমের নানা কৌশল খুঁজে সেগুলি অনুসরণ করেও বিশেষ লাভ হয়নি। তবে ঘুম আসার একটি মজার উপায় বাতলে দিয়েছেন অভিনেতা নিজেই। তাঁর পরামর্শ, ঘুমোতে যাওয়ার সময় চাদর বা কম্বলের ভিতরে ঢুকে ছোট শিশুদের মতো শরীর গুটিয়ে শুয়ে পড়তে হবে। তাঁর কথায়, এভাবে শুলে কিছুক্ষণের মধ্যেই ঘুমের পাশাপাশি নাক ডাকাও শুরু হয়ে যেতে পারে!
জিমে ফিরেছেন অমিতাভ, কিন্তু বাধা দিচ্ছে শরীর!
শরীরচর্চার প্রসঙ্গেও নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন বিগ বি। তাঁর কথায়, জিমে গিয়ে নিয়মিত ওয়ার্কআউট করা এতদিন তাঁর রুটিনের অংশ ছিল না। তবে এবার ফের শরীরচর্চা শুরু করেছেন তিনি। মনের মধ্যে ফিট থাকার তাগিদ থাকলেও শরীর যেন সবসময় সেই নির্দেশ মানতে চাইছে না। মন বলছে জিমে গিয়ে ব্যায়াম করতে, আর শরীর বলছে একটু থামতে।
কাজের ব্যস্ততায় বিরাম নেই বিগ বির
এর আগেও অমিতাভ জানিয়েছিলেন, অবসর কাটানো বা একেবারে বসে থাকা তাঁর পছন্দ নয়। নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখতেই ভালোবাসেন তিনি। বয়সজনিত শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও সিনেমার শুটিংয়ের পাশাপাশি দীর্ঘ সময় ধরে 'কৌন বনেগা ক্রোড়পতি' সঞ্চালনা করছেন অভিনেতা। আগামী দিনে তাঁকে 'কল্কি ২'-তেও দেখা যাওয়ার কথা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


