Amitabh Bachchan: ‘যদি আমাকে সরিয়ে দেয়…’, ২৪ ঘণ্টা টানা শ্যুটিং করে সোজা KBC-র সেটে অমিতাভ! ৮৩-এও হাড়ভাঙা পরিশ্রম
বয়স শুধুই একটা সংখ্যা তা বরাবরা প্রমাণ করেন অমিতাভ বচ্চন। ৮৩ বছর বয়সেও ২৪ ঘণ্টা টানা শ্যুটিং করে ক্লান্তি নেই শরীরে। নতুন উদ্যমে চললেন কেবিসির সেটে। তিনি যন্ত্র নাকি মানুষ?
বয়স যে কেবলই একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। ৮৩ বছর বয়সে পৌঁছেও তিনি যেভাবে একটানা কাজ করে যাচ্ছেন, তা তরুণ প্রজন্মের অভিনয়শিল্পীদের কাছেও এক বড় অনুপ্রেরণা। সম্প্রতি নিজের ব্যক্তিগত ব্লগে বিগ বি জানান, তিনি টানা ২৪ ঘণ্টার একটি দীর্ঘ শিফট শেষ করে ভোর ৭টায় কাজ থেকে ফিরেছেন, যা তিনি আগের দিন সকাল ৭টায় শুরু করেছিলেন। বিশ্রাম না নিয়েই তিনি আবার প্রস্তুত হচ্ছেন জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (KBC)-র নতুন পর্বের শ্যুটিংয়ের জন্য।

‘২৪ ঘণ্টা কাজ করেছি, কারণ সময়মতো ডেলিভারি দেওয়া জরুরি ছিল!’
নিজের নিয়মিত ব্লগ পোস্টে অমিতাভ বচ্চন এই দীর্ঘ কাজের শিফট এবং জীবনের অনুশাসনের কথা শেয়ার করে লেখেন:
অমিতাভ বচ্চনের ব্লগে জানান, ‘আহা... অবশেষে সময়কে হাতে বাঁধতে পারলাম। আজ সকাল ৭টায় কাজ শেষ করলাম, যে কাজটা শুরু হয়েছিল গতকাল সকাল ৭টায়। তবে কাজটির সঠিক উপস্থাপন এবং তা সময়মতো শেষ করাটা ভীষণ জরুরি ছিল, তাই করে দেখালাম। কিন্তু তার চেয়েও স্বস্তির বিষয় হলো, ব্লগ এবং ভক্তদের সঙ্গে দৈনন্দিন যোগাযোগটা ধরে রাখতে পারছি।’
তিনি আরও জানান, ৬ আগস্ট থেকেই তাঁর 'কৌন বনেগা ক্রোড়পতি'-র শ্যুটিংয়ের আর্লি কল রয়েছে। কৌতুক করে অমিতাভ লেখেন, শ্যুটিংয়ের এই নির্দিষ্ট ডেট মিস করলে হয়তো ওঁর জায়গায় অন্য কাউকে সঞ্চালক হিসেবে রেখে দেওয়া হতে পারে, তাই বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ ছাড়াই তিনি আবার সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। টাকার অভাব নেই তাঁর, কিন্তু এই বয়সেও ভয় রয়েছে মনে। কাজ হারানোর ভয়, কেন? আসলে কাজের প্রতি মারাত্মক ভালোবাসা থেকেই এই ভয়।
আসছে 'কৌন বনেগা ক্রোড়পতি' মরসুম ১৮
কুইজ শো 'কেবিসি'-র ১৮ নম্বর মরসুম আগামী সোমবার, ১০ আগস্ট রাত ৯টায় সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন (Sony Entertainment Television) এবং সোনি লিভ (Sony LIV)-এ প্রিমিয়ার হতে চলেছে। সোমবার থেকে শুক্র প্রতিদিন এই শো সম্প্রচারিত হবে।
এবারের মরসুমের মূল থিম রাখা হয়েছে ‘সোচনা পড়েগা’। যে যুগে যে কোনো সাধারণ তথ্য সবার হাতের মুঠোয় ও খুব সহজে লভ্য, সেখানে কেবল তথ্য জানাটাই শেষ কথা নয়; বরং সেই জ্ঞানকে কীভাবে মানুষ পর্যবেক্ষণ করছে, বিশ্লেষণ করছে এবং জীবনের সঠিক ক্ষেত্রে প্রয়োগ করছে— সেটাই প্রধান বিষয়।
আগামী ছবি 'কল্কি ২৮৯৮ এডি'-র সিক্যুয়েল
'কৌন বনেগা ক্রোড়পতি' ছাড়া অমিতাভ বচ্চন খুব জলদি নাগ অশ্বিনের মেগা ব্লকবাস্টার ছবি 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD)-র দ্বিতীয় পর্বে নজর কাড়বেন। এই সিক্যুয়েলেও প্রভাস ও কামাল হাসানকে তাঁদের আগের চরিত্রেই দেখা যাবে।
দীপিকার বিদায় ও নতুন মুখ: প্রথম পর্বে দীপিকা পাডুকোন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকলেও প্রযোজনা সংস্থা সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে যে তিনি সিক্যুয়েলে থাকছেন না। তাঁর জায়গায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী (Sai Pallavi)-কে দেখা যেতে পারে বলে প্রবল গুঞ্জন থাকলেও নির্মাতাদের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
বিশ্বজুড়ে ১,০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করা 'কল্কি'-র সিক্যুয়েল নিয়ে তাই এখন দর্শকদের মধ্যে প্রত্যাশা তুঙ্গে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


