হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।
মঞ্চে সদগুরুর সামনেই শাহরুখকে ‘চুপ’ করার ইশারা অনন্ত আম্বানির! কী ঘটেছিল মঞ্চে?
মঞ্চে বলিউডের বাদশা শাহরুখ খান, আর তাঁকেই কি না চুপ থাকার ইশারা অনন্ত আম্বানির! মুম্বইয়ের ‘গ্লোবাল পিস অনার্স ২০২৬’ অনুষ্ঠানের একটি ভিডিয়ো ঘিরে এখন তুমুল চর্চা সমাজমাধ্যমে। সদগুরুর সঙ্গে কথা বলার মাঝে শাহরুখ কিছু বলতেই হেসে আঙুল তুলে বিশেষ ইঙ্গিত করেন অনন্ত।
এক মঞ্চে বলিউডের বাদশা শাহরুখ খান এবং দেশের অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি। পাশে দাঁড়িয়ে আধ্যাত্মিক গুরু সদ্গুরু। তিনজনের মধ্যে কথাবার্তা চলার মাঝেই এমন একটি মুহূর্ত ক্যামেরাবন্দি হয়েছে, যা নিয়ে এখন সরগরম সমাজমাধ্যম। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্গুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত। সেই সময় শাহরুখও কথার মাঝে কিছু একটা বলতেই হেসে আঙুল তুলে তাঁকে বিশেষ ইঙ্গিত করেন অনন্ত। মুহূর্তেই শুরু হয়ে যায় জল্পনা। অনন্ত কি সত্যিই শাহরুখকে চুপ থাকার ইঙ্গিত দিলেন? নাকি পুরোটাই ছিল মজার ছলে করা কোনও আচরণ?

কী ঘটে শাহরুখ-অনন্তের মধ্যে?
গত ২১ নভেম্বর মুম্বইয়ে আয়োজিত হয়েছিল 'গ্লোবাল পিস অনার্স ২০২৬' অনুষ্ঠান। গেটওয়ে অফ ইন্ডিয়ায় আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন শাহরুখ খান, বিক্রান্ত ম্যাসি, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অনন্ত আম্বানি এবং সদ্গুরুর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা।
অনুষ্ঠান থেকেই এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়ে শাহরুখ ও অনন্তের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে সদ্গুরুর সঙ্গে কথা বলছেন অনন্ত। সেই সময় কথোপকথনে যোগ দেন শাহরুখও। এরপরই অনন্ত হাসতে হাসতে শাহরুখের দিকে আঙুল তুলে কিছু একটা ইশারা করেন। শাহরুখের মুখের অভিব্যক্তিও নজর কেড়েছে নেটিজেনদের।
ভিডিয়ো দেখে কী বলছেন নেটিজেনরা?
ভিডিওটি প্রকাশ্যে আসতেই একাংশের দাবি, অনন্ত নাকি শাহরুখকে চুপ থাকতে বলছিলেন। একজন সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, অর্থের ক্ষমতার জোরেই নাকি অনন্ত শাহরুখের দিকে আঙুল তুলে তাঁকে চুপ থাকতে বলার সাহস দেখিয়েছেন। অন্য একজন লিখেছেন, অনন্ত সত্যিই শাহরুখকে চুপ থাকতে বলেছেন কি না, তা ভিডিওতে স্পষ্ট নয়। তাঁদের দু'জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও থাকতে পারে। মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয় বলেও মত অনেকের।
কেউ কেউ আবার শাহরুখের আত্মসম্মান নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে ভিডিওর কথোপকথন স্পষ্ট শোনা যায় না। ফলে অনন্ত ঠিক কী বলতে চেয়েছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে সমাজমাধ্যমে তৈরি হয়েছে দুই ধরনের মত।
অনুষ্ঠানে কী বলেছিলেন শাহরুখ?
তবে শুধু অনন্তের সঙ্গে এই মুহূর্তের জন্য নয়, অনুষ্ঠানে নিজের বক্তব্যের কারণেও নজর কেড়েছেন শাহরুখ। সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারানো নিরীহ মানুষ এবং দেশের জন্য আত্মবলিদান দেওয়া নিরাপত্তাকর্মীদের শ্রদ্ধা জানান অভিনেতা। ২৬/১১ মুম্বই হামলা, পহেলগাঁওয়ের জঙ্গি হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে নিহতদের স্মরণ করেন তিনি।
বক্তব্য রাখতে গিয়ে শাহরুখ বলেন, কেউ যদি জানতে চান একজন সেনার কাজ কী, তাহলে গর্বের সঙ্গে বলা উচিত, তিনি দেশকে রক্ষা করেন। আয় কত, জানতে চাইলে হাসিমুখে বলা উচিত, ১৪০ কোটি মানুষের আশীর্বাদই তাঁর উপার্জন। আর ভয় পান কি না, এমন প্রশ্নের উত্তরে বলতে হবে, যারা আমাদের আক্রমণ করে, তাদের বুঝতে হবে এর পরিণতি কী হতে পারে।
দেশের বীর সেনাদের আত্মত্যাগ যেন বিফলে না যায়, সেই বার্তাও দেন অভিনেতা। জাতি, ধর্ম ও বিভেদ ভুলে মানবতার পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। ফলে একদিকে দেশরক্ষার বার্তা দেওয়া শাহরুখের বক্তব্য, অন্যদিকে অনন্তের সঙ্গে তাঁর ভাইরাল মুহূর্ত—দুই নিয়েই এখন চর্চা চলছে সমাজমাধ্যমে।
E-Paper
