Ananya Panday: আদিত্যকে ফোন করতে গিয়ে কার্তিককে ধরলেন অনন্যা, করণের কফি কাউচে ফাঁস হল ‘প্রাক্তন’ রহস্য!

অনন্যা পান্ডে এবং অনন্যা বিড়লাকে একসঙ্গে দেখা যাবে কফি উইথ করণের অন্তিম সিজনের নতুন পর্বের অতিথি হিসাবে। দুই অনন্যার খুনসুটিতে জমবে শো। 

Published on: Nov 15, 2026, 09:30:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

করণ জোহরের শো মানেই গসিপ, খুনসুটি আর তারকাদের হাঁড়ির খবর ফাঁস। ‘কফি উইথ করণ’-এর নবম সিজ়নের আগামী পর্বেও যে সেই চেনা মেজাজ ষোলো আনা বজায় থাকছে, তার ইঙ্গিত মিলল সদ্য মুক্তি পাওয়া প্রোমোতেই। এ বার করণের চেনা কাউচে মুখোমুখি দুই ‘অনন্যা’—বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং শিল্পপতি-গায়িকা অনন্যা বিড়লা। শনিবার করণ নিজের ইনস্টাগ্রামে সেই পর্বের ঝলক ভাগ করে নিতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।

আদিত্যকে ফোন করতে গিয়ে কার্তিককে ধরলেন অনন্যা, করণের কফি কাউচে ফাঁস হল ‘প্রাক্তন’ রহস্য!
আদিত্যকে ফোন করতে গিয়ে কার্তিককে ধরলেন অনন্যা, করণের কফি কাউচে ফাঁস হল ‘প্রাক্তন’ রহস্য!

প্রোমোতে দুই অনন্যার রসায়ন বেশ নজরকাড়া। শুরুতেই অনন্যা পাণ্ডে মজার ছলে স্বীকার করেন, নিজের নামের আর কাউকে তাঁর বিশেষ পছন্দ নয়, তবে অনন্যা বিড়লা একমাত্র ব্যতিক্রম। আসল চমক অবশ্য অপেক্ষা করছিল শোয়ের চেনা ‘ফোন কল’ রাউন্ডে। নিয়ম অনুযায়ী, তারকা বন্ধুদের ফোন করে বলতে হবে, ‘হে করণ, ইটস মি!’। সেই মতো অনন্যা পাণ্ডে ফোন লাগান তাঁর চর্চিত প্রাক্তন আদিত্য রায় কপূরকে। কিন্তু বিধি বাম! ও পার থেকে ফোন ধরলেন আর এক প্রাক্তন কার্তিক আরিয়ান! মুহূর্তের মধ্যে হাসির রোল ওঠে সেটে। সুযোগ ছাড়েননি অনন্যা বিড়লাও। পাশ থেকে টিপ্পনী কেটে বলে ওঠেন, ‘‘ও তো দেখছি একে একে নিজের সব প্রাক্তনদেরই ফোন লাগাচ্ছে!’’ যা শুনে হাসি চাপতে পারেননি খোদ করণও।

আড্ডার পারদ আরও চড়ে শানায়া কপূরের বিশেষ উপস্থিতিতে। করণের দেওয়া এক মজার চ্যালেঞ্জে ‘বোর্ডরুম’ এবং ‘বেডরুম’—দুই জায়গাতেই সমানভাবে খাটে, এমন সংলাপ তৈরি করতে গিয়ে হিমশিম খান অতিথিরা। তবে হাসির ফোয়ারা ছোটে যখন শানায়া ও অনন্যা অকপটে রণবীর সিংহের প্রতি তাঁদের মুগ্ধতার কথা স্বীকার করেন। অন্যদিকে, বিড়লা পরিবারের সদস্য হয়েও নিজের সম্পর্কে এক অদ্ভুত তথ্য ফাঁস করেন অনন্যা বিড়লা। জানান, তিনি নাকি নিজের কাছে কখনও টাকাপয়সা রাখেন না!

বলিউডে অনন্যা পাণ্ডের প্রেমজীবন নিয়ে চর্চা নতুন নয়। কেরিয়ারের শুরুতে ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। ২০২২ সালে এই কফি কাউচেই এসে ঈশান তাঁদের বিচ্ছেদের কথা মেনে নিয়েছিলেন। এর পর প্রায় দু’বছর আদিত্য রায় কপূরের সঙ্গে অনন্যার প্রেম নিয়ে সরগরম ছিল বি-টাউন। বিদেশে ছুটি কাটানোর ছবি ভাইরাল হলেও সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি দু’জনে। মাঝে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির সহ-অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। তবে সাম্প্রতিক গুঞ্জন বলছে, প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। ২০২৪ সালে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। শোনা যায়, সেখানে নাকি ওয়াকারকে নিজের ‘পার্টনার’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন অনন্যা।

কাজের ফ্রন্টে, গত ৮ মে মুক্তি পেয়েছে করণ জোহরের প্রযোজনায় অনন্যা ও লক্ষ্য লালওয়ানি অভিনীত রোম্যান্টিক ড্রামা ‘চাঁদ মেরা দিল’। তবে বক্স অফিসে ছবিটি তেমন দাগ কাটতে পারেনি। আপাতত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ওয়েব সিরিজ় ‘কল মি বে’-র দ্বিতীয় সিজ়ন।

তারকাদের এই জমাটি আড্ডা এবং অজানা সব স্বীকারোক্তির সাক্ষী থাকতে হলে অপেক্ষা করতে হবে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More