দু-পাশে দুই সৎ বোন জাহ্নবী-খুশি, বিয়ে সারলেন অংশুলা, অর্জুনের ভগ্নিপতিকে চেনেন?

কাপুর পরিবারে বিয়ের সানাই! দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্করের সাথে সাতপাকে বাঁধা পড়লেন অংশুলা, আবেগঘন দিদি জাহ্নবী-খুশি ও দাদা অর্জুন। হাজির কাপুর পরিবার ও ঘনিষ্ঠরা।

Published on: Jul 6, 2026, 23:01:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিউডের বিখ্যাত প্রযোজক বনি কাপুর এবং প্রয়াত মোনা শৌরি কাপুরের কন্যা অংশুলা কাপুর নতুন জীবনে পা রাখলেন। গত বছর রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’ (The Traitors)-এ নজর কাড়া অংশুলা এবার ছাদনাতলায় বসলেন। দীর্ঘদিনের চেনা ও ভালোবাসার মানুষ রোহন ঠাক্করের সাথে এক রাজকীয় অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অর্জুন কাপুরের আদরের বোন।

দু-পাশে দুই সৎ বোন জাহ্নবী-খুশি, বিয়ে সারলেন অংশুলা, অর্জুনের ভগ্নিপতিকে চেনেন?
দু-পাশে দুই সৎ বোন জাহ্নবী-খুশি, বিয়ে সারলেন অংশুলা, অর্জুনের ভগ্নিপতিকে চেনেন?

বিয়ের পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই মধুর মুহূর্তের বেশ কিছু চমৎকার ছবি শেয়ার করেছেন অংশুলা, যা কাপুর পরিবারের আনন্দ উৎসবের এক নিখুঁত কোলাজ।

‘সিঁদুরদান’-এর মুহূর্তে পাশে জাহ্নবী ও খুশি, মায়ের স্মৃতিতে আবেগময় বিয়ে অংশুলার

বিয়ের বিশেষ দিনটিতে অংশুলার পরনে ছিল একটি কোরাল ও গোল্ডেন রঙের ব্রাইডাল লেহেঙ্গা, সাথে পান্না এবং কুন্দনের ভারী গয়না। অন্যদিকে বর রোহন সেজেছিলেন সাদা শেরওয়ানি এবং ম্যাচিং পাগড়িতে।

অংশুলার শেয়ার করা ছবিগুলোর মধ্যে সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল মণ্ডপের একটি দৃশ্য— যেখানে বিয়ের সমস্ত রীতিনীতির ঠিক পাশেই রাখা ছিল ওঁর প্রয়াত মা মোনা শৌরি কাপুরের একটি বাঁধানো করা ছবি। এছাড়াও, বিয়ের অন্যতম প্রধান আচার ‘সিঁদুর দান'-এর সময় অংশুলার দুই সৎ বোন জাহ্নবী কাপুর এবং খুশি কাপুরকে বর-বউয়ের দু’পাশে দাঁড়িয়ে সমস্ত নিয়ম যাতে ঠিকঠাক পালন হয়, তা দেখছিলেন। শ্রীদেবীর মৃত্যুর পর দুই সৎ বোনকে আগলে রেখেছেন অংশুলা, অর্জুন। কাছাকাছি এসেছে বনি কাপুরের দুই পরিবার। এই ছবি সে কথাই ফের প্রমাণ করল।

মেহেন্দির অনুষ্ঠানকে স্বপ্নময় করে তোলার জন্য দুই বোনকে ধন্যবাদ জানিয়ে অংশুলা লেখেন, ‘জাহ্নবী এবং খুশি, তোমরা দুজনে মিলে আমার মেহেন্দিকে যে রূপ দিয়েছ, তা আমার কল্পনারও অতীত ছিল! তোমাদের এই ভালোবাসার জন্য আমি আজীবন কৃতজ্ঞ। আমি তোমাদের সীমাহীন ভালোবাসি।’

‘অনেক আবেগ, অনেক আনন্দ’— আদরের বোনের বিয়েতে আবেগপ্রবণ অর্জুন

বোন অংশুলার বিয়ের একগুচ্ছ অদেখা ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন অভিনেতা তথা অংশুলার দাদা অর্জুন কাপুর। একটি ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের আগে আবেগপ্রবণ অংশুলা দাদাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছেন। অন্য একটি ক্যান্ডিড ছবিতে অংশুলা নিজের মেহেন্দি রাঙা হাত বর রোহনের মুখের সামনে ধরে দুষ্টুমি করছেন।

বোনের জীবনের এই নতুন অধ্যায়ের শুরুতে এক আবেগঘন বার্তা লিখে অর্জুন জানান, ‘অনেক আবেগ, অনেক আনন্দ… আর এটা তো সবেমাত্র শুরু। মেহেন্দি দিয়ে শুরু হয়েছিল, আর আজ আমাদের সবার মন একরাশ খুশিতে ভরে গিয়েছে।’

ডেটিং অ্যাপের আলাপ যেভাবে ছাদনাতলায় পৌঁছাল

অংশুলা এবং রোহন ঠাক্করের এই রূপকথা শুরু হয়েছিল ২০২২ সালে একটি ডেটিং অ্যাপের মাধ্যমে। ২০২৩ সালের মার্চ মাসে তাঁরা নিজেদের সম্পর্কের কথা ইনস্টাগ্রামে অফিশিয়ালি ঘোষণা করেন। এরপর গত বছরের অক্টোবরে এক ঘরোয়া অনুষ্ঠানে আংটি বদল সারেন এই জুটি। অবশেষে এই বছরের ২১ জুন অংশুলার বাড়িতে ‘মাতা কি চৌকি’ পুজোর মাধ্যমে বিয়ের প্রাক-উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়েছিল, যা পরিণতি পেল জমকালো এই বিয়েতে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More