Anubhab-Anushka: টলিপাড়ায় বিচ্ছেদের আবহে বাগদান! দাদামণি নায়িকা অনুষ্কার হাতে আংটি পরাল অনুভব, বিয়ে কবে?
সম্পর্কের চড়াই উতরাই পেরিয়ে জীবনের নতুন অধ্য়ায় শুরু অনুভব-অনুষ্কার। এনগেজমেন্ট সারলেন টলিপাড়ার এই প্রেমিক যুগল।
টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। দীর্ঘ সাড়ে তিন বছরের মিষ্টি প্রেমের পর অবশেষে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল (Anubhab Kanjilal) এবং অভিনেত্রী অনুষ্কা চক্রবর্তী (Anushka Chakraborty)। পরিবার ও কাছের কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে ঘরোয়া আমেজে আংটি বদল ও বাগদান পর্ব সারলেন এই দুই তারকা।

এড়িয়ে যাওয়া থেকে গাঢ় প্রেম: শুভ পরিণয়ের গল্প
দুই তারকার প্রেম বেশ দীর্ঘদিনের হলেও তাঁদের শুরুর দিনগুলো কিন্তু এমন মসৃণ ছিল না। ২০১৯ সালে 'হীরালাল' ছবির প্রিমিয়ারে প্রথম দেখা হয়েছিল তাঁদের। তবে মাঝখানে একটি তৃতীয় ব্যক্তির কারণে তৈরি হয় ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য, যার ফলে দু'জনে দীর্ঘদিন একে অপরকে এড়িয়ে চলতেন।
পরবর্তীতে একটি বিজ্ঞাপনের শুটিং ফ্লোরে হঠাৎ দেখা হওয়ার পর কেটে যায় সব সংশয়। এরপর অনুভব কাঞ্জিলালের বাবা, পরিচালক অঞ্জন কাঞ্জিলালের ছবিতে অভিনয়ের সুবাদে দু'জনের বন্ধুত্ব জমাট বাঁধে এবং তা অচিরেই গড়ায় প্রেমে।
চটজলদি বিয়ের সিদ্ধান্ত?
এমনিতে তারকাদের ক্ষেত্রে বিয়েভাঙার খবর প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে। তবে অনুভব জানান, একসময় তাঁদের দু'জনের কেউই এই বিয়ে নামক সামাজিক প্রতিষ্ঠানে বিশ্বাসী ছিলেন না। কিন্তু বিনোদন জগতের অনিশ্চয়তার মাঝে একে অপরের সান্নিধ্যে যে পারিবারিক শান্তি ও বিশ্বাস তাঁরা পেয়েছেন, সেটাই তাঁদের এই বড় সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে।
বাগদানের দিন অনুষ্কার পরনে ছিল দুধে গোলাপি সিল্কের শাড়ি, সঙ্গে কন্ট্রাস্ট করে বেগুনি ব্লাউজ। সঙ্গে মানানসই গয়না। খোলা চুল, হালকা মেকআপেই অনন্য়া ‘দাদামণি নায়িকা’। আর অফ-হোয়াইট ধুতি-পাঞ্জাবিতে যোগ্য সঙ্গত দিয়েছেন অনুভব।
বিয়ের সানাই কবে?
বাগদান ঘরোয়াভাবে সারলেও, ছাদনাতলায় যাওয়ার মূল পরিকল্পনা তোলা থাকছে আগামী বছরের (২০২৭) জন্য। ইন্ডাস্ট্রির সহকর্মী ও প্রিয়জনদের উপস্থিতিতে বেশ বড় করেই চার হাত এক করার পরিকল্পনা রয়েছে তাঁদের। জীবনের এই বিশেষ দিনে শুভাকাঙ্ক্ষী ও অনুরাগী মহল থেকে শুভেচ্ছা ও ভালোবাসার বৃষ্টি ভাসিয়ে দেওয়া হচ্ছে এই যুগলকে।
প্রসঙ্গত অনুভব কাঞ্জিলালের জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। অন্যদিকে অনুষ্কা চক্রবর্তী আদ্যোপান্ত কলকাতার মেয়ে। তাঁরাও যে একে অপরের প্রেমে পড়বেন, তা তাঁদের কেউই শুরুতে বুঝে উঠতে পারেননি। তবে বন্ধুত্ব প্রেমে রূপ নেওয়া থেকে কেউই নিজেকে আটকাতে পারেননি। মিলি'র সিরিয়ালের নায়ক অনুভবের বাস্তবের নায়িকা অনুষ্কা। হালে জলসারই কম্পাস-এ দেখা গিয়েছে অনুভবকে। অন্যদিকে দাদামণি-র পর ছোটপর্দা থেকে আপতত ব্রেকে অনুষ্কা।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


