দালের মেহেন্দিকে ‘অপমান’ BJP মন্ত্রীর! সমালোচনা অনুপম খেরের, ‘এভাবে সবার সামনে…’

উত্তরাখণ্ডের এক সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চে গান গাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছেন গায়ক দলের মেহেন্দি। তাঁর বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় অনুষ্ঠানে আসার অভিযোগ তুলেছিলেন উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ উনিয়াল। এবার গায়কের পাশে দাঁড়িয়ে মন্ত্রীর আচরণের সমালোচনা করলেন অভিনেতা অনুপম খের।

Published on: Oct 21, 2026, 13:00:34 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

দলের মেহেন্দিকে নিয়ে বিতর্কে এবার মুখ খুললেন বলিউড অভিনেতা অনুপম খের। উত্তরাখণ্ডের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গায়কের সঙ্গে মন্ত্রীর আচরণের নিন্দা করে তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা। অনুপমের দাবি, দীর্ঘ ২৫-৩০ বছর ধরে তিনি দলের মেহেন্দিকে চেনেন। তাঁর জানা মতে, দলের মদ্যপান করেন না। পাশাপাশি গত দুই-তিন বছর ধরে গায়কের শরীরও বিশেষ ভাল নেই বলে জানিয়েছেন তিনি।

দলের মেহেন্দির পাশে অনুপম খের।
দলের মেহেন্দির পাশে অনুপম খের।

ঘটনার সূত্রপাত উত্তরাখণ্ডের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে। সেখানে মঞ্চে গান গাওয়ার সময় দলের মেহেন্দির বিরুদ্ধে লিপ-সিঙ্ক করার অভিযোগ ওঠে। অর্থাৎ, আসল গান না গেয়ে গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছিলেন তিনি বলে দাবি করা হয়। সেই সময় মঞ্চে উপস্থিত উত্তরাখণ্ডের মন্ত্রী সুবোধ উনিয়াল গায়কের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন। এমনকী, তিনি নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন এবং ঠিকমতো কথাও বলতে পারছেন না বলে অভিযোগ করেন মন্ত্রী।

ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই দলের মেহেন্দির সমর্থনে এগিয়ে আসেন মিকা সিং, কপিল শর্মা ও বাদশার মতো শিল্পীরা। এবার সেই তালিকায় যোগ হল অনুপম খেরের নাম।

অনুপম খের
অনুপম খের

‘দলের মেহেন্দি মদ্যপান করেন না’, দাবি অনুপমের

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিয়োয় অনুপম খের বলেন, মঞ্চে দলের মেহেন্দির সঙ্গে যেভাবে কথা বলা হয়েছে, তা দেখে তাঁর খারাপ লেগেছে। যদিও তিনি নিজে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাই ঠিক কী ঘটেছিল, তা নিশ্চিতভাবে বলতে পারবেন না বলেও স্পষ্ট করেছেন অভিনেতা।

অনুপমের কথায়, ‘আমি দলের মেহেন্দিকে গত ২৫-৩০ বছর ধরে চিনি। আমার যতদূর জানা, তিনি মদ্যপান করেন না। আমার জীবনে দেখা অন্যতম ভাল মানুষ তিনি।’

এরপরই গায়কের শারীরিক অবস্থার প্রসঙ্গ তোলেন অনুপম। তাঁর বক্তব্য, গত দুই-তিন বছর ধরে দলেরের শরীর ভাল যাচ্ছে না। তাঁদের এক পরিচিত চিকিৎসকও রয়েছেন, যাঁর মাধ্যমে দু’জনের দেখা হয়। অনুপমের অনুমান, অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানের আয়োজকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতেই হয়তো মঞ্চে উপস্থিত হয়েছিলেন গায়ক। অভিনেতার মতে, প্রতিশ্রুতি রক্ষার এই মানসিকতাই তাঁর পেশাদারিত্বের পরিচয়।

অনুপম খের।
অনুপম খের।

‘প্রকাশ্যে কাউকে অপমান করা উচিত নয়’

অনুপম খের আরও বলেন, দলের মেহেন্দি সত্যিই লিপ-সিঙ্ক করেছিলেন কি না, তা তাঁর জানা নেই। তবে সেই বিষয়টি নিয়ে আপত্তি থাকলেও প্রকাশ্যে মঞ্চে উঠে কাউকে অপমান করা উচিত নয় বলেই মনে করেন তিনি। তাঁর মতে, কোনও শিল্পীর পরিবেশনা নিয়ে অভিযোগ থাকলে তা ব্যক্তিগতভাবে এবং সম্মান বজায় রেখে জানানো যেত।

অভিনেতার বক্তব্য, শিল্পীরা দীর্ঘদিনের পরিশ্রমে নিজেদের পরিচিতি ও সম্মান তৈরি করেন। দলের মেহেন্দিও গত ৩০-৩৫ বছর ধরে নিজের গান দিয়ে শ্রোতাদের আনন্দ দিয়ে এসেছেন। তাই তাঁর অবদানকে সম্মান জানানো উচিত।

অনুপম আরও জানান, শিল্পীদের পাশে দাঁড়ানো শুধু মিকা সিংয়ের দায়িত্ব নয়। ইন্ডাস্ট্রির প্রত্যেকেরই উচিত, পরিচিত কোনও শিল্পীর সঙ্গে অন্যায় আচরণ হলে তার বিরুদ্ধে সরব হওয়া। তাঁর মতে, এই ঘটনা কাউকে অন্ধভাবে সমর্থন করার বিষয় নয়, বরং ভুল আচরণের প্রতিবাদ করার প্রশ্ন।

কী লিখেছেন অনুপম খের?

ভিডিয়োটি পোস্ট করে অনুপম খের ক্যাপশনে লেখেন, মঞ্চে মন্ত্রীর আচরণ দেখে তিনি অত্যন্ত দুঃখ পেয়েছেন। তাঁর মতে, দলের মেহেন্দির পরিবেশনা নিয়ে মন্ত্রীর আপত্তি বা রাগ থাকতেই পারে। কিন্তু সবার সামনে মঞ্চে উঠে তাঁকে অপমান করার প্রয়োজন ছিল কি না, সেই প্রশ্ন তুলেছেন অভিনেতা।

অনুপমের বক্তব্য, অন্যের সঙ্গে কথা বলার সময় সম্মান বজায় রাখা জরুরি। একজন শিল্পী সারা জীবন পরিশ্রম করে যে সম্মান অর্জন করেন, তার মূল্য দেওয়া উচিত। দলের মেহেন্দিকে তিনি বরাবরই একজন ভাল মনের, ভালবাসা ছড়িয়ে দেওয়া মানুষ হিসেবে চিনেছেন বলেও জানিয়েছেন অভিনেতা।

সবশেষে গায়কের দ্রুত সুস্থতা কামনা করে অনুপম বলেন, দলের মেহেন্দিকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হওয়ায় তাঁর খারাপ লাগছে। শিল্পীর প্রতি নিজের শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে তাঁকে আশীর্বাদও করেছেন তিনি।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More