Abhishek-Aratrika: ‘দিল নে ধোঁকা দিয়া…’, রাত ১২টায় অভিষেককে জন্মদিনের আদুরে শুভেচ্ছা আরাত্রিকার! 'প্রেমটা করো' উঠল দাবি
'জোয়ার ভাঁটা' ধারাবাহিকের পর্দায় ঋষি এবং উজানির (ঋষি-উজি) রসায়ন ইতিমধ্যেই দর্শকমনে জায়গা করে নিয়েছে। তবে অন-স্ক্রিন ভালোবাসার পাশাপাশি অফ-স্ক্রিন কেমিস্ট্রিতেও যে এই জুটি টেক্কা দিতে পারে, তার ঝলক মিলল সোশাল মিডিয়ায়।
তাঁদের প্রেম আছে কি নেই, এটা রহস্য। মুখে অবশ্য দুজনেই প্রেমের জল্পনা অস্বীকার করেছেন। তবে তাঁদের অফস্ক্রিন কেমিস্ট্রি বরাবরই চোখ টানে। সোমবার, ১০ই অগস্ট অভিষেক বীর শর্মার জন্মদিন। ঋষির জন্মদিনে ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই এল ‘উজি’ আরাত্রিকার শুভেচ্ছা বার্তা। এক বিশেষ ভিডিও কোলাজ শেয়ার করে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

সিরিজের সেটের পেছনের নানা খুনসুটি ও মিষ্টি মুহূর্ত দিয়ে তৈরি সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে হিন্দি গান— ‘মটরগস্তি...’। আরাত্রিকার এই পোস্ট সামনে আসতেই নেটপাড়ায় শোরগোল শুরু হয়ে গেছে।
জন্মদিনের মিষ্টি উপহার ও গোপন রহস্য
অভিষেক ও আরাত্রিকার এই রসায়ন কিন্তু হঠাৎ একদিনের নয়। তাঁদের বন্ধুত্বের শুরু জোয়ার ভাঁটার সেটে নয়, তার অনেক আগে। আরাত্রিকার জন্মদিনে অভিষেক তাঁকে একটি দারুণ মিষ্টি ইনস্ট্যান্ট ক্যামেরা (Instant Camera) উপহার দিয়েছিলেন। সেই কথা মাথায় রেখে প্রিয় 'ঋষি'-র জন্মদিনে 'উজি' ওরফে আরাত্রিকা কী উপহার দিলেন, তা জানার জন্য উৎসুক ছিলেন ভক্তরা। তবে নায়ককে ঠিক কী উপহার দিয়েছেন আরাত্রিকা, তা এখনও সম্পূর্ণ রহস্যের আড়ালেই রেখে দিয়েছেন অভিনেত্রী!
‘সত্যিই প্রেমটা করে ফেলো’— অনুরাগীদের আবদার
আরাত্রিকার আদুরে বার্তা এবং তাঁদের দুজনের সহজ-সরল অনস্ক্রিন ও অফস্ক্রিন বন্ডিং দেখে কমেন্ট বক্সে শুভেচ্ছা ও আবদারের বন্যা বয়ে গিয়েছে। ভক্তদের একাংশের স্পষ্ট দাবি, পর্দায় তাঁদের দারুণ সমীকরণ এবার বাস্তবেও গড়া উচিত। অনেকেই কমেন্ট করে লিখেছেন— ‘তোমরা সত্যিই এবার প্রেমটা করে ফেলো!’ তাঁদের একে অপরের প্রতি এই যত্ন ও সুন্দর বন্ধুত্ব তাঁদের অন-স্ক্রিন অভিনয়েও বাড়তি মাত্রা দিচ্ছে বলে অভিমত অনুরাগীদের।
আপাতত উপহারের রহস্য ধরে রাখলেও, শুভ জন্মদিনে অন-স্ক্রিন ও অফ-স্ক্রিনের এই জুটির রোমান্টিক ঝলকে মজেছেন 'জোয়ার ভাঁটা'-র তামাম দর্শকেরা।
সম্প্রতি নৃত্যশিল্পী ডোনার সঙ্গে অভিষেকের প্রেম নিয়েও কম জল্পনা হয়নি। কারুর নাম না করেই নিজের প্রেমজীবন নিয়ে অভিষেক জানান, 'গোলাপ দেওয়া মানেই প্রেম নয়, ওটা একটা বন্ধুত্বপূর্ণ আচরণ’।
ট্রোলার এবং অতি-উৎসাহী ভক্তদের একহাত নিয়ে তিনি লিখেছেন, ‘আমার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে আমি প্রচুর পোস্ট দেখতে পাচ্ছি। কারও জন্মদিনে গোলাপ দেওয়া বা উপহার পাঠানো মানেই এই নয় যে তারা একে অপরের প্রেমে পাগল! এটা একটা সাধারণ বন্ধুত্বপূর্ণ আচরণও হতে পারে। দয়া করে আপনারা যে সমস্ত আবর্জনা রটানো শুরু করেছেন, সেগুলো বন্ধ করুন। প্লিজ!’
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


