দুর্নিবারের মা নিয়ে সমালোচনা! এর মাঝে ছেলেকে শাসন করে প্রশংসা পেলেন রাজবীরের মা
বৃহস্পতিবার বিগ বস বাংলা-র ঘরে দেখা যায় রাজবীরের মা-কে। বাড়িতে ঢুকে ছেলেকে শাসন করতে দেখা যায় তাঁকে। এমনকী, সোনামণি গিয়ে যখন রাজবীরের নামে নালিশ জানায়, তখনও ছেলেকেই করেন বকাঝকা।
বৃহস্পতিবার বিগ বস বাংলার ঘরে অতিথি হয়ে এসেছিলেন সৌরভ দাসের স্ত্রী দর্শনা বণিক ও রণিতা দাস এবং রাজবীর দে-র মা। দেখা যায় বিগ বসের ঘরে প্রবেশ করেই, ছেলেকে প্রশ্ন করেন রাজবীরের মা, কেন সবসময় এত মাথা গরম। এমনকী, মেমোরি বোর্ডে লেখা বার্তা মুছে ফেলার জন্য ছেলেকে সকলের কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন বারবার। শুধু তাই নয়, সোনামণি যখন তাঁর কাছে গিয়ে বারবার রাজবীরের নামে নালিশ জানায়, তখন ছেলেকেই শাসন করতে দেখা যায় তাঁকে। বাড়ির সকলের সঙ্গে মিষ্টি করে কথা বলেন। এমনকী, ক্যাপ্টেন্সি কনটেস্টেন্ট বানান সেই দুর্নিবারকে, যে গায়ে হাত তুলেছে তাঁর ছেলের।

সোশ্যাল মিডিয়ায় রাজবীরের মা-কে নিয়ে প্রশংসায় ভরালেন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। তিনি লেখেন, ‘রাজবীর সত্যিই ভাগ্যবান যে ওর জীবনে এমন একজন মা রয়েছেন। কী সুন্দর শিক্ষা দিয়ে ছেলেকে বড় করেছেন তিনি! ওঁকে দেখেই বোঝা যায়, রাজবীর কেন এতটা দৃঢ় মানসিকতার এবং সহানুভূতিশীল। সন্তান ভুল করলে তাকে সঠিক শিক্ষা দিয়ে সেই ভুলটা বুঝিয়ে দেওয়া উচিত। হ্যাটস অফ আন্টি! এটাই তো করা উচিত। সন্তান ভুল করলে তার মুখের ওপর বলা উচিত, সে ভুল করছে। প্রয়োজনে সবার সামনেই বলা উচিত, যাতে সন্তান বুঝতে পারে, তার আচরণে মা কষ্ট পেয়েছেন। তখন তারও উপলব্ধি হবে, সে যা করেছে, সেটা ঠিক করেনি। কী সুন্দরভাবে বললেন, 'কীসের এত মাথা গরম? সবার কাছে আলাদা আলাদা করে ক্ষমা চাইবে'।’
‘প্রত্যেক বাবা-মা তাঁদের সন্তানকে ভালোবাসেন, সন্তানকে সবার উপরে দেখতে চান। কিন্তু সন্তানের দোষ ঢাকতে গিয়ে যদি তার ভুলের ওপরেই পর্দা টেনে দেওয়া হয়, তাহলে আর তাকে সঠিক শিক্ষা দেওয়া হয় না। আন্টি কিন্তু একবারও রাজবীরকে বলেননি যে, তুই ঠিক, সোনামণি ভুল। বরং উল্টে রাজবীরকেই বলেছেন, 'তুই কেন ওকে এত জ্বালাস রে!' কী অসাধারণ!’, আরও লেখেন আয়েন্দ্রি নিজের এই পোস্টে।
সঙ্গে যেভাবে সোনামণির সঙ্গে সব ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন রাজবীর, তারও প্রশংসা করেন আয়েন্দ্রি। লেখেন যে, বিগ বস বাংলার বিজেতা হিসেবেও দেখতে চান রাজবীরকে। লিখেছেন, ‘মা চলে যাওয়ার পরেও রাজবীর আবার সোনামণির সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করেছে। কী দারুণ একটা ছেলে! সত্যিই ওর মধ্যে একজন বিজয়ীর সমস্ত গুণ রয়েছে। রাজবীর যদি বিজয়ী হওয়ার যোগ্য না হয়, তাহলে কে হবে? প্রথম দিন থেকেই এই খেলায় ওর এনার্জি, পরিশ্রম আর একাগ্রতা চোখে পড়ার মতো। ঝগড়া-বিবাদ, প্রতিকূলতা—যাই আসুক না কেন, ও লড়াই থামায়নি। সবাই মিলে ওকে কোণঠাসা করার চেষ্টা করলেও ও আবার গর্জে উঠেছে। রাজবীরকে দেখে আমার বরাবরই মনে হয়েছে, ও ভীষণ পরিশ্রমী এবং মানুষকে কীভাবে সম্মান দিতে হয়, সেটা ও খুব ভালো করেই জানে। ও বারবার বলেছে, বয়সের কোনও গুরুত্ব নেই। অথচ ঝগড়ার পরেও ও প্রত্যেককে যথেষ্ট সম্মান দিয়েছে, তাঁদের পাশে বসেছে, সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে।
রাজবীরের আরও একটা বিষয় আমার খুব ভালো লেগেছে। ও সত্যিই জিতুদার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চেয়েছে। সেই কারণেই বারবার, এমনকী আজ নিজের মাকেও জিজ্ঞাসা করেছে, ‘জিতু কি সত্যিই আমার সঙ্গে ঠিক আছে?’ তবে এবার রাজবীরের নিজের খেলায় মন দেওয়ার সময়। এবার ওকে নিজের জন্য খেলতে হবে, কাউকে খুশি করার জন্য নয়। কালকের খেলায় ওর একটাই লক্ষ্য থাকা উচিত—নিজের যোগ্যতায় ক্যাপ্টেন হওয়া। এবার সমস্ত শক্তি দিয়ে লড়াই করো রাজবীর। তোমার হাতেই উঠুক বিজয়ীর ট্রফি! তুমি জেতার যোগ্য!’
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


