Kareena Kaiser Death: লড়াই শেষ! চেন্নাইয়ে প্রয়াত করিনা কাইসার, ভুগছিলেন লিভার সংক্রান্ত জটিলতায়
Kareena Kaiser Death: চেন্নাইয়ের হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে হার মানলেন ওপার বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভার সংক্রান্ত জটিলতার জেরে মৃত্যু করিনার।
নিভে গেল এক উজ্জ্বল প্রাণ। লিভারের দুরারোগ্য ব্যাধির সঙ্গে লড়াই করছিলেন ওপার বাংলার তরুণ অভিনেত্রী ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। উন্নত চিকিৎসার আশায় তাঁকে নিয়ে আসা হয়েছিল ভারতের চেন্নাইয়ে। জানা গিয়েছিল, তাঁর ভাই করিনাকে লিভার ডোনেট করবেন। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে শুক্রবার না ফেরার দেশে চলে গেলেন করিনা। তাঁর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কারিনার বাবা, ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে।’

লড়াই ও অকাল প্রয়াণ:
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই লিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন কারিনা। বাংলাদেশে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে চেন্নাইয়ের সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গত কয়েক দিন ধরে তাঁর অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। ভক্ত ও সহকর্মীরা তাঁর আরোগ্যের জন্য প্রার্থনা করলেও শেষ পর্যন্ত আর ফেরা হলো না কারিনার।
জনপ্রিয়তা ও কাজ:
সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কারিনা কায়সার ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। বিশেষ করে তাঁর প্রাণবন্ত অভিনয় এবং জীবনধর্মী কনটেন্ট দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় ছিল। ইউটিউব এবং ফেসবুকে তাঁর বিশাল অনুরাগী গোষ্ঠী ছিল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্বকীয়তার মাধ্যমে তিনি জায়গা করে নিয়েছিলেন তরুণ প্রজন্মের হৃদয়ে। কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।
শোকাতুর সহকর্মী ও ভক্তরা:
কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন পাড়ায়। তাঁর সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনয়শিল্পীরা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন। মাত্র অল্প বয়সে এভাবে চলে যাওয়া কেউ মেনে নিতে পারছেন না। অনেক অনুরাগী লিখেছেন, ‘হাসিখুশি কারিনা এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন ভাবিনি।’
শেষ বিদায়:
আইনি ও অন্যান্য প্রক্রিয়া শেষে খুব দ্রুতই তাঁর মরদেহ বাংলাদেশে নিয়ে যাওয়া হবে জানা গেছে। এরপর তাঁকে গোরস্থ করা হবে।কারিনা কায়সারের এই চলে যাওয়া ডিজিটাল কনটেন্ট জগতে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্য দিয়েই তিনি বেঁচে থাকবেন তাঁর অগুনতি ভক্তের মাঝে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


