দেশাত্মবোধক সিনেমা, তাও কেন ‘A’ সার্টিফিকেট পেল সানি দেওলের বাটোয়ারা ১৯৪৭? জবাব পরিচালক রাজকুমার সন্তোষীর
Batwara 1947 Certification: সানি দেওলের চলচ্চিত্র বাটোয়ারা ১৯৪৭ সিবিএফসি দ্বারা কোনও কাটা ছাড়াই পাস করা হয়েছে। তবে দেওয়া হয়েছে ‘A’ সার্টিফিকেট। অর্থাৎ ১৮ বছরের উপরের দর্শকরা দেখতে পারবেন এই সিনেমা। কারণ বাতলালেন রাজকুমার সন্তোষী।
মুক্তির আগেই বড় খবর সানি দেওলের আসন্ন ছবি 'বাটোয়ারা ১৯৪৭'-কে ঘিরে। আমির খানের প্রযোজনায় তৈরি এই ছবিকে কোনও ধরনের কাটছাঁট ছাড়াই 'A' সার্টিফিকেট দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। ছবির একটি দৃশ্য বা সংলাপেও আপত্তি জানায়নি সেন্সর বোর্ড। তবে কেন 'U/A' নয়, 'A' সার্টিফিকেট দেওয়া হল, তা নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাজকুমার সন্তোষী।

কোন সার্টিফিকেট পেল 'বাটোয়ারা ১৯৪৭'?
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, রাজকুমার সন্তোষী জানিয়েছেন, ছবির জন্য 'A' সার্টিফিকেট চায়নি নির্মাতারা। এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সিবিএফসির। তাঁর কথায়, ‘A সার্টিফিকেট আমরা বেছে নিইনি, সিবিএফসি দিয়েছে।’
'U/A' সার্টিফিকেট পেলে কাটছাঁট করতে হত
সন্তোষী জানান, তাঁরা সিবিএফসির কাছে 'U/A' সার্টিফিকেটের সম্ভাবনার কথা জানতে চেয়েছিলেন। কিন্তু বোর্ড জানায়, সে ক্ষেত্রে ছবিতে একাধিক কাটছাঁট করতে হবে।
পরিচালকের কথায়, 'ছবির একটি ফ্রেম বা সংলাপও কাটা হয়নি। বোর্ডের সদস্যদের ছবিটি এতটাই ভালো লেগেছে যে তাঁরা কোনও পরিবর্তন করতে চাননি। তবে 'U/A' সার্টিফিকেট দিতে গেলে কয়েকটি দৃশ্যে কাট দিতে হতো, যা সময়সাপেক্ষ। তাই আমরা 'A' সার্টিফিকেটেই সম্মতি দিই।'
'আমরা কোনও বার্তা দিতে ছবি বানাইনি'
ছবির বিষয়বস্তু নিয়ে রাজকুমার সন্তোষী বলেন, ‘আমরা কাউকে কোনও বার্তা দেওয়ার জন্য এই ছবি বানাইনি। আমি শিক্ষক নই। একটি ছবির প্রথম কাজ দর্শকদের বিনোদন দেওয়া।’
তাঁর দাবি, ছবির গল্প এতটাই মানবিক যে দর্শক চরিত্রগুলিকে হিন্দু বা মুসলিম হিসেবে নয়, বরং মানুষ হিসেবেই দেখবেন।
'লাহোর ১৯৪৭' থেকে নাম বদলে কেন 'বাটোয়ারা ১৯৪৭'?
ছবির নাম পরিবর্তন নিয়ে চলা জল্পনাও উড়িয়ে দিয়েছেন পরিচালক। তাঁর কথায়, 'লাহোর ১৯৪৭' কখনও ছবির চূড়ান্ত নাম ছিল না, এটি শুধুমাত্র একটি ওয়ার্কিং টাইটেল ছিল।
সন্তোষী বলেন, দেশভাগের সময় যেমন মানুষ অসাধারণ সাহস ও আত্মত্যাগের নজির গড়েছিলেন, তেমনই অনেক ভয়াবহ এবং নৃশংস ঘটনাও ঘটেছিল। সেই দ্বৈততাই ছবিতে তুলে ধরা হয়েছে।
কবে মুক্তি পাচ্ছে 'বাটোয়ারা ১৯৪৭'?
আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'বাটোয়ারা ১৯৪৭'। ছবিতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন শাবানা আজমি, প্রীতি জিন্টা, অভিমন্যু সিং, করণ দেওল, আলি ফজল এবং বিজয়ন্ত কোহলি। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান এবং গান লিখেছেন জাভেদ আখতার।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


