Uttam-Soumitra: ৬ বছরের সৌমিত্রকে এক চুমুক উইস্কি খাইয়েছিলেন ‘উত্তম আঙ্কেল’, মহানায়কের অজানা কিসসা ফাঁস ‘ভূমি’ গায়কের
উত্তম কুমার তাঁর বাবাকে ছাড়া এক সপ্তাহও কাটাতে পারতেন না! ফাঁস করলেন সৌমিত্র রায়। সেই সখ্য়তার কথা বলতে গিয়ে ছোটবেলার এক কাণ্ড ভাগ করে নেন গায়ক।
সোশ্যাল মিডিয়ায় বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট করেছিলেন ‘ভূমি’ ব্যান্ডের জনপ্রিয় গায়ক সৌমিত্র রায়। কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সেই খুলে গেল স্মৃতির এক অদ্ভুত ও মজার খাতা! মহানায়ক উত্তম কুমারকে নিয়ে এমন এক অজানা কাণ্ড ফাঁস করলেন গায়ক, যা শুনে হেসে কূল পাচ্ছেন না নেটিজেনরা।

৬ বছরের খুদে সৌমিত্রকে হুইসকি খাইয়ে দেওয়া থেকে শুরু করে ছদ্মবেশে রাতের অন্ধকারে জানালা ধাক্কানো— মহানায়কের এক অচেনা ও বর্ণময় মেজাজ ধরা পড়ল সৌমিত্রর স্মৃতিচারণায়।
৬ বছরের সৌমিত্র ও মহানায়কের ‘হুইসকি’ কাণ্ড
কমেন্ট বক্সে কথা প্রসঙ্গে সৌমিত্র রায় জানান, মহানায়ক উত্তম কুমারের সঙ্গে তাঁরও শৈশবের বহু রঙিন স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে তাঁর মায়ের জন্য সবচেয়ে ‘বিরক্তিকর’ কিন্তু মজার স্মৃতি ছিল একটি বিশেষ ঘটনা।
তখন সৌমিত্রর বয়স মাত্র ৬ বছর! সেই একরত্তি বয়সে দূরন্ত সৌমিত্রকে নিজের গ্লাসের উইস্কি এক চুমুক খাইয়ে দিয়েছিলেন স্বয়ং ‘উত্তম আঙ্কেল’! ছোট ছেলের মুখে উইস্কি তুলে দেওয়ার দৃশ্য দেখে মা যে কতটা চোখ কপালে তুলেছিলেন বা রেগে গিয়েছিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। বছরের পর বছর কেটে গেলেও মায়ের সেই বিরক্তি আর মহানায়কের এই মিষ্টি দুষ্টুমির গল্প আজও সৌমিত্রর মনে ভীষণ জীবন্ত।
ছদ্মবেশে রাতে জানালা ধাক্কাতেন উত্তম কুমার!
সৌমিত্রর বাবা এস. কে. রায়ের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের ঘনিষ্ঠতা ছিল অগাধ। এক নেটিজেন কমেন্টে তাঁদের বন্ধুত্বের কথা তুলতেই সৌমিত্র জানান, উত্তম কুমার তাঁর বাবাকে ছাড়া এক সপ্তাহও কাটাতে পারতেন না! ব্যস্ত সূচির মাঝেও বন্ধুর সঙ্গে দেখা না হলে রাতে চাদর মুড়ি দিয়ে ছদ্মবেশ ধারণ করতেন মহানায়ক।

কারো চোখে না পড়ে গোপনে ব্রড স্ট্রিটের বাড়িতে এসে রাতদুপুরে জানালার কাচে টোকা দিতেন আর ফিসফিস করে ডাকতেন— ‘এসকে, এসকে…’। ব্রড স্ট্রিটের প্রতিবেশী তথা বিখ্যাত ফ্যাশন ডিজাইনার প্রয়াত শর্বরী দত্ত (ঝুমা মাসি) এবং নিজের মায়ের কাছ থেকেও এই মজার গল্পটি বহুবার শুনেছেন বলে জানান গায়ক।
বাঙালি দর্শকের কাছে উত্তম কুমার মানেই এক চিরসবুজ গাম্ভীর্য ও আভিজাত্যের প্রতীক। কিন্তু ঘনিষ্ঠদের আড্ডায় তিনি যে কতটা প্রাণবন্ত, দূরন্ত এবং রসিক ছিলেন, সৌমিত্র রায়ের এই শেয়ার করা স্মৃতি আবারও প্রমাণ করল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


