Biplab Chatterjee: ‘এটা আপনাদের শিক্ষাদীক্ষার অভাব বলেই মনে করি…’, মৃত্যুর ভুয়ো খবরে বিরক্ত বিপ্লব চট্টোপাধ্যায়
'আমি নাকি মারা গেছি! মারা তো যাবই কিন্তু যতদিন আছি…’, ভুয়ো খবরে বিরক্ত বিপ্লব চট্টোপাধ্যায়। আর কী বললেন প্রবীণ অভিনেতা?
সম্প্রতি সমাজমাধ্যমে প্রবীণ বাংলা চলচ্চিত্র অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় জোর তোলপাড় শুরু হয়। এই বিভ্রান্তিকর রটনায় অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত অভিনেতা স্বয়ং। অবশেষে নিজের সুস্থতার কথা জানিয়ে ও এই ধরণের কুরুচিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন তিনি।

ভিডিও বার্তায় নিজের চিরপরিচিত সোজাসাপটা ভঙ্গিতেই দর্শকদের উদ্দেশে তিনি বলেন—'আমার সম্বন্ধে একটা বিভ্রান্তিমূলক খবর বেরিয়েছে। ওই ফেসবুক-টেসবুকে কী আছে, তাতে আমি নাকি মারা গেছি! মারা তো যাবই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখনও তো কিছুদিন ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন তো থাকব।'
গুজব রটনাকারীদের মানসিকতা ও শিক্ষাদীক্ষা নিয়ে প্রশ্ন তুলে আক্ষেপের সঙ্গে অভিনেতা যোগ করেন—'এই বিভ্রান্তিমূলক খবরগুলো বন্ধ করুন। চট করে সবাইকে মৃত বলে কথা বলাটা ঠিক নয় মনে হয়। এটা আপনাদের শিক্ষাদীক্ষার অভাব বলেই মনে করি। ...কেননা আমরা প্রত্যেকেই বয়সের দিকে এগোচ্ছি, আস্তে আস্তে যাবো একদিন। সবাই যাবে। কিন্তু এটা প্রচার করাটা ঠিক নয়।'
এই ধরণের অসংবেদনশীল ভুয়ো খবরে শুধু অভিনেতাই নন, দুশ্চিন্তায় পড়েছেন তাঁর পরিবার ও অনুগামীরাও। এ প্রসঙ্গে বিপ্লব চট্টোপাধ্যায় জানান— ‘এটা বেরিয়ে খুব খারাপ লাগছে। আমার বাড়ির লোক, পাড়া-প্রতিবেশী, আমার ফোরামের মেম্বাররা সবাই আপত্তি জানিয়েছে।’
ভিডিওর শেষে তিনি অনুরাগীদের আশ্বস্ত করে সকলের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করেন— 'আরেকটা কথা আপনাদের বলি... 'মৃত্যু' কামনা না করে সবার সুস্থতা কামনা, সুন্দর কামনা করছি। ভালো থাকবেন, সকল হৃদয়ে আনন্দে থাকবেন'।
প্রবীণ অভিনেতার এই কড়া ও স্পষ্ট বার্তার পর সমাজমাধ্যমে দায়িত্বশীল আচরণ করার আর্জি জানিয়েছেন তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। বিপ্লব চট্টোপাধ্যায়-এর প্রয়াণের ভুয়ো খবর নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে বিভ্রান্তিকর খবর ছড়িয়েছে, তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে 'ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরাম' (West Bengal Motion Picture Artists' Forum)। ফোরামের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে, অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ আছেন। সত্যতা যাচাই না করে এমন দায়িত্বজ্ঞানহীন ও মিথ্যা খবর প্রচার করা থেকে সকলকে বিরত থাকার জন্য কড়া বার্তা দেওয়া হয়েছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


