‘লোকে নায়কদের অশিক্ষিতভাবে’, নীচু চোখে দেখা হয় তাঁদের, আক্ষেপ সুনীল শেট্টির
সামনেই মুক্তি পাচ্ছে বর্ডার ২। ছবির প্রথমভাগে কাজ করেছিলেন সুনীল। দ্বিতীয় পর্বে রয়েছে ছেলে আহান। ছবি মুক্তির আগে কোন আক্ষেপ ঘিরে ধরেছে তাঁকে?
গ্ল্যামার, অর্থ আর খ্যাতির হাতছানি— বাইরে থেকে বলিউডি জীবনটা এমনই রঙিন। কিন্তু পর্দার এই নায়কদের কি সত্যিই সম্মানের চোখে দেখে সমাজ? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতাই উগরে দিলেন প্রবীণ অভিনেতা সুনীল শেট্টি। তাঁর দাবি, ইন্ডাস্ট্রির বাইরে অভিনেতাদের আজও ‘অশিক্ষিত’ বলে গণ্য করা হয় এবং সমাজের অনেক স্তরেই তাঁদের খাটো করে দেখা হয়।

সুনীল শেট্টির মতে, কোনো একজন অভিনেতা ভুল করলে বা কোনো বিতর্কে জড়ালে গোটা বলিউডকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। তাঁর কথায়, ‘লোকেরা মনে করে আমরা শুধু অভিনয়ই করতে পারি, আমাদের বুদ্ধিশুদ্ধি কম। এমনকি শিক্ষিত সমাজে আমাদের অনেক সময় নিচু চোখে দেখা হয়।’ ‘আন্না’ মনে করেন, এই ধারণা সম্পূর্ণ ভুল, কারণ বর্তমান প্রজন্মের বহু অভিনেতা উচ্চশিক্ষিত এবং তাঁরা ব্যবসার খুঁটিনাটি থেকে শুরু করে প্রযুক্তি— সব বিষয়েই পারদর্শী।
সুনীল শুধু নিজের কথা বলেননি, আথিয়া এবং আহান শেট্টির মতো নতুন প্রজন্মের তারকাদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, একজন অভিনেতাকে যেভাবে ট্রোল করা হয় বা তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়, তা মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়। সুনীলের বিস্ফোরক মন্তব্য, ‘ইন্ডাস্ট্রিতে ড্রাগস বা অন্য বিতর্ক নিয়ে যেভাবে সাধারণীকরণ করা হয়, তাতে মনে হয় যেন আমরা সবাই অপরাধী। আমাদের সম্মানটা কোথায়?’
কাকতালীয়ভাবে, সুনীল যখন এই কথা বলছেন, তখনই ওটিটি এবং দক্ষিণী ছবির দাপটে বলিউডের সংজ্ঞাও পাল্টাচ্ছে। সুনীলের আশা, অভিনেতাদের কেবল বিনোদনের মাধ্যম হিসেবে না দেখে মানুষ হিসেবে তাঁদের পরিশ্রম এবং মেধাকেও গুরুত্ব দেবে সমাজ।
বলিউডের ‘সবল মানুষ’ হিসেবে পরিচিত সুনীল শেট্টির এই ‘দুর্বল’ জায়গাটির প্রকাশ আসলে অনেক তারকারই মনের কথা। পর্দায় তাঁরা হিরো হতে পারেন, কিন্তু বাস্তবের পৃথিবীতে সম্মানের লড়াইটা তাঁদের আজও লড়তে হচ্ছে।
E-Paper











