Bollywood Controversy: দেবদাস ফাটল ধরিয়েছিল এই পরিচালক ও নায়িকার মধ্যে! এখন খবর দুজনে ফের এক হচ্ছেন

বলিপাড়ায় মন কষাকষি শুধুই কিন্তু প্রেম কেন্দ্রিক হয় না! ছবি থেকে বাদ পড়াকে কেন্দ্র করে, বন্ধ হয় মুখ দেখাদেখি। এই পরিচালক ও নায়িকা যার জলজ্যান্ত প্রমাণ। 

Published on: Aug 6, 2026, 09:30:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘দেবদাস’কে ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন সঞ্জয় লীলা বনশালি আর করিনা কাপুর। তাঁদের মধ্যেকার বিবাদ এখনো বলিপাড়ার আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম। তবে সাম্প্রতিক আপডেট অনুসারে, দুই তারকা এখন অতীতের সেই তিক্ততা ভুলতে চাইছেন। এমনকী, প্রায় আড়াই দশক পর বনশালি নিজের পরের সিনেমায় প্রধান নারী চরিত্রের জন্য ‘থ্রি ইডিয়টস’-খ্যাত অভিনেত্রীর সঙ্গে যোগাযোগও করেছেন।

বলিউডের আইকনিক সিনেমা দেবদাসকে ঘিরে এই বিতর্কের ব্যাপারে জানা নেই অনেকেরই।
বলিউডের আইকনিক সিনেমা দেবদাসকে ঘিরে এই বিতর্কের ব্যাপারে জানা নেই অনেকেরই।

কী নিয়ে বিবাদ হয়েছিল বনশালি আর করিনার?

২০০০-এর দশকের শুরুর দিকে, যখন বনশালি ‘দেবদাস’ সিনেমার জন্য তারকা নির্বাচন করছিলেন, তখন কারিনা এই সিনেমার জন্য একটি ‘লুক টেস্ট’ দিয়েছিলেন। কাপুর পরিবারের মেয়ে বলে কথা, পারিবারিক কানেকশন স্ট্রং। শুধু তাই নয়, সেইসময় তিনিই দাপিয়ে বেড়াচ্ছেন মুম্বই ইন্ডাস্ট্রি। ফলত, বেবো আশা করে বসেছিলেন তিনিই ডাক পাবেন দেবদাসে। কিন্তু যখন জানতে পারেন যে চরিত্রটি ঐশ্বর্য রাই বচ্চনকে দেওয়া হয়েছে, তখন নিজেকে বেশ প্রতারিত মনে করেছিলেন। এমনকী, অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে খবর, করিনা এতটাই মর্মাহত হয়েছিলেন যে প্রতিজ্ঞা করেছিলেন, তিনি আর কখনোই বনশালির সঙ্গে করবেন না কাজ।

এরপর আরব সাগর দিয়ে বহু জল গড়িয়েছে। কিন্তু করিনা আর বনশালিকে আর দেখা যায়নি একসঙ্গে। তবে এবার খবর, তাঁদের মধ্যেকার বিবাদ মিটেছে। যদি সব ঠিকঠাক এগোয়, তবে ইন্ডাস্ট্রির জন্য একটি বড় একটি যৌথ উদ্যোগ হতে চলেছে।

প্রসঙ্গত, দেবদাস বিতর্কের পর বনশালি ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমার জন্য করিনাকে বেছে নিয়েছিলেন। কিন্তু আচমকাই শ্যুট শুরুর আগে করিনা নিজেকে সরিয়ে নেন। এভাবে শেষ মুহূর্তে এসে নিজের মত পরিবর্তন, বেশ অবাক করেছিল বনশালিকে।

করিনা ও বনশালি কোন সিনেমায় একসঙ্গে কাজ করতে পারেন?

‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদন অনুযায়ী, নাম ঠিক না হওয়া এই সিনেমায় প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করবেন ধানুশ এবং প্রধান নারী চরিত্রে বনশালি নিতে চান করিনাকে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সইফ-পত্নী এই প্রকল্পের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তবে ছবিটি কিন্তু বনশালি পরিচালনা করছেন না, তিনি প্রযোজক। পরিচালনায় তামিল নির্মাতা পিএস. মিত্রান, যিনি ‘ইরুম্বু থিরাই’, ‘হিরো’ এবং ‘সর্দার’-এর মতো সিনেমার জন্য পরিচিত। বর্তমানে এর চিত্রনাট্য তৈরির কাজ চলছে এবং নভেম্বরে পোস্ট প্রোডাকশনের কাজ শুরুর কথা। নির্মাতারা ২০২৭ সালের জানুয়ারি মাসে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা করছেন।

করিনা কাপুর খানের কাজের বর্তমান পরিস্থিতি

কারিনাকে সর্বশেষ রোহিত শেট্টির কপ-ড্রামা ‘সিংঘম এগেইন’-এ অজয় দেবগন, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং জ্যাকি শ্রফের সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়া হনসল মেহতার রহস্য-রোমাঞ্চকর ছবি ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ তাঁর অভিনয়ও বেশ ভালো সাড়া ফেলেছিল। এরপর তাঁকে মেঘনা গুলজারের পরিচালনায় ‘দায়রা’ ছবিতে দেখা যাবে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More