Abhisekh Veer: পা ভেঙেছে অভিষেকের! যন্ত্রণা নিয়েই জোয়ার ভাঁটার অ্যাকশন দৃশ্যের শ্য়ুটিং, ভাইয়ের পেশাদারিত্বে মুগ্ধ চাঁদনি
কাউকে টের পেতে দেননি নিজের যন্ত্রণার কথা। ভাঙা পা নিয়েই জোয়ার ভাঁটার শ্যুটিং চালিয়ে গেছেন অভিষেক বীর শর্মা। অনস্ক্রিন ভাইয়ের পেশাদারিত্বে মুগ্ধ চাঁদনি। কুর্নিশ জানালেন আরাত্রিকাকেও।
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-র সেটে যেন এক অদ্ভুত লড়াই চলছে। আর সেই লড়াই শুধু পর্দার গল্পের খাতিরে নয়, ক্যামেরার পেছনের বাস্তব জীবনেও। সম্প্রতি ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘উজি’ অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতির ভাঙা গলা নিয়ে বহু কষ্টের মধ্যেও শুটিং চালিয়ে যাওয়ার খবর সামনে এসেছিল। এবার জানা গেল, মেগার নায়ক ‘ঋষি’ ওরফে অভিনেতা অভিষেক বীর শর্মা (Abhishek Veer Sharma)-ও এক মারাত্মক শারীরিক কষ্টকে বুড়ো আঙুল দেখিয়ে টানা কাজ করে গিয়েছেন। পায়ে গুরুতর ফ্র্যাকচার থাকা সত্ত্বেও এক ফোঁটা বিরতি না নিয়ে, ক্যামেরার সামনে হিরোর মতোই একটার পর একটা অ্যাকশন শট দিয়েছেন তিনি।

পর্দার ভাইয়ের এই চরম পেশাদারিত্ব এবং কাজের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ তাঁর অনস্ক্রিন দিদি, অভিনেত্রী চাঁদনি সাহা। নিজের আবেগ ধরে রাখতে না পেরে সোশ্যাল মিডিয়ায় গৌরব ও সম্মানের সাথে এক দীর্ঘ পোস্ট লিখেছেন চাঁদনি।
‘পায়ে ফ্র্যাকচার নিয়ে অবলীলায় মারপিটের সিন করে গেল!’
ধারাবাহিকের সেটে সমস্ত কলাকুশলীদের এই অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে চাঁদনি সাহা লিখেছেন, ‘আমাদের ‘জোয়ার ভাঁটা’ টিমের সবাই সত্যিই খুব জান-প্রাণ দিয়ে কাজ করে। সেদিন দেখলাম আরাত্রিকাকে (উজি) ওর ভাঙা গলা নিয়ে কোনো কিছু না ভেবেই অবলীলায় নিজের পার্টটা করে যেতে। কিন্তু আমার ভাই, আমাদের হিরোও (অভিষেক) কিন্তু কম যায়নি! পায়ে ফ্র্যাকচার নিয়ে ও টানা পার্ট করে গেল। কোনো রকম ব্যথার প্রকাশ না দেখিয়ে ফ্লোরে একটার পর একটা শট ঠিক দিয়ে গেল। এমনকি মারপিটের মতো কঠিন দৃশ্যগুলোও ও পায়ের ওই অবস্থাতেই অবলীলায় করে দিল!’
অভিষেক এবং আরাত্রিকার এই অদম্য জেদ দেখে চাঁদনি আরও যোগ করেন, ‘তোমাদের দুজনের প্রতিই আমার মনে অসম্ভব সম্মান এবং শ্রদ্ধা তৈরি হয়ে গেল।’
মেগা সিরিয়ালের চাপ বনাম শিল্পীদের নিষ্ঠা
মেগা সিরিয়ালের ডেইলি সোপের দুনিয়ায় প্রতি মুহূর্তের ডেডলাইন থাকে অত্যন্ত কড়া। টেলিকাস্টের চাপের কারণে কোনো মুখ্য অভিনেতা বা অভিনেত্রী অসুস্থ হলেও হুট করে শুটিং বন্ধ করা সম্ভব হয় না। ‘জোয়ার ভাঁটা’র সাম্প্রতিক হাই-ভোল্টেজ এপিসোডগুলোর জন্য এমনিতেও সেটে তুমুল ব্যস্ততা চলছে। তারসঙ্গে বাড়তি চাপ টিআরপি তালিকায় এক নম্বর স্থান ধরে রাখা। গত সপ্তাহে প্রথমবার বেঙ্গল টপার হয়েছে এই মেগা। সেই সিংহাসন ধরে রাখতে মরিয়া উজি-নিশা-ঋষিরা।
ডাক্তারের বারণ সত্ত্বেও যেমন আরাত্রিকা চিৎকার করে সংলাপ বলে গিয়েছেন, তেমনই অভিষেকও নিজের ভাঙা পায়ের যন্ত্রণা কাউকে বুঝতে না দিয়ে একজন পারফেক্ট ‘অ্যাকশন হিরো’-র মতো ফাইট সিকোয়েন্স ফুটিয়ে তুলেছেন। দুই প্রধান চরিত্রের এই হাড়ভাঙা খাটুনি আর ডেডিকেশন দেখেই এখন ধন্য ধন্য করছে টলিপাড়া। দর্শকদের বিনোদনের জন্য পর্দার আড়ালে অভিনেতারা যে কতটা রক্ত-ঘাম ঝরান, চাঁদনির এই পোস্টটি আরও একবার তা প্রমাণ করে দিল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


