‘রাজ্যের ভালো হোক!’: কাঁধে হাত, মুখে হাসি, দেবের বাড়ির গণেশ পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তৃণমূল কংগ্রেস ছেড়ে সম্প্রতি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (NCPI)-তে যোগ দিয়ে জাতীয় রাজনীতির চর্চায় উঠে এসেছিলেন ঘাটালের সাংসদ দেব (দীপক অধিকারী)। আর এবার, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিজের বাসভবনে আপ্যায়ন করে সেই জল্পনার পারদ আরও চড়িয়ে দিলেন এই তারকা সাংসদ।

Published on: Sep 15, 2026, 23:55:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজনৈতিক মতাদর্শের বাইরে বেরিয়ে বরাবরই সৌজন্যের রাজনীতি করেছেন দেব। এখন তো প্রাক্তন ‘ভালো তৃণমূল’ দেব বিজেপি ঘনিষ্ঠ এনসিপিআই সাংসদ। আর গণেশ উৎসবের আলোয় একসঙ্গে ধরা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তারকা সাংসদ দেব (দীপক অধিকারী)। মঙ্গলবার গণেশ চতুর্থী উপলক্ষে দেবের আরবানার বাসভবনে সিদ্ধিদাতার বিশেষ পুজোয় অতিথি হয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

‘রাজ্যের ভালো হোক!’: কাঁধে হাত, মুখে হাসি, দেবের বাড়ির গণেশ পুজোয় মুখ্যমন্ত্রী
‘রাজ্যের ভালো হোক!’: কাঁধে হাত, মুখে হাসি, দেবের বাড়ির গণেশ পুজোয় মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে এদিন বাড়ির নীচে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে দেবকে। শুভেন্দু অধিকারী পৌঁছাতেই খোশগল্প ও সৌজন্য বিনিময়ের ফ্রেম চোখে পড়ল সোশ্যাল মিডিয়ায়। এখন নেটপাড়া থেকে রাজপথ—সব জায়গায় চর্চা তুঙ্গে দেব-শুভেন্দুর এই মিষ্টি আলাপ!

সোফায় বসে গল্প, দেবের পরিবারের সঙ্গে মিষ্টিমুখ

এদিন দেবের বাসভবনে আয়োজিত পুজোয় পৌঁছেই এক ভিন্ন মেজাজে ধরা দেন মুখ্যমন্ত্রী। পুজো মণ্ডপের সামনে দেবের কাঁধে হাত রেখে হাসিমুখে ছবি তোলেন তিনি। এরপর দেবের বাবা-মা-বোনের সঙ্গে সোফায় বসে চা-এর আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাঁকে। পাতে ছিল, ভেজিটেবল চপ, পনির পসিন্দা-র মতো পদ।

অভিনেতার বাবা গুরুপদ অধিকারী ও মায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই আন্তরিক ও পারিবারিক মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

‘ধন্যবাদ দাদা...’: আবেগঘন বার্তা দেবের

নিজের বাড়িতে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে ও তাঁর এই উপস্থিতিতে আপ্লুত হয়ে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা শেয়ার করেন দেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, ‘ধন্যবাদ দাদা আমার বাড়িতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।’

উৎসবের আবহে সৌহার্দ্যের বার্তা

রাজনীতির বাইরে ব্যক্তিগত সখ্য ও সৌজন্যের ঐতিহ্য বাংলা বরাবরই দেখে এসেছে। দেবের বাড়িতে আয়োজিত এই পুজো সেই সৌজন্যের মেলবন্ধনকেই আরও একবার প্রমান করল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই সফর এবং দেবের উষ্ণ অভ্যর্থনা টলিপাড়া ও রাজনৈতিক মহলে সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ তৈরি করল। এদিন বিজেপি নেতা সুকান্ত মজুমদার, কালীঘাট-পন্থী তৃণমূল নেতা কুণাল ঘোষও পৌঁছেছিলেন দেবের বাড়ির পুজোয়।

দেখা মিলেছে টলিপাড়ার দেব-ঘনিষ্ঠ তারকাদের। পৌঁছেছিলেন প্রিয়াঙ্কা সরকার, ইশা সাহারা। দেখা মিলল দেবের ঘনিষ্ঠ বন্ধু পরিচালক রাজা চন্দ ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী পিয়ানের। তবে পৌঁছাননি শুভশ্রী। যদিও দেশু৭-এর জন্য বাপ্পার কাছে আর্শীবাদ প্রার্থনা করেছেন দেব।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More