Dadagiri-Sourav Ganguly:‘সাবান ছাড়া কীভাবে ধুতে হয় জি বাংলা দেখালো…’, দাদাগিরির ঝলকে সৌরভকে বিঁধলো চ্যানেল? শুরু অডিশন!

জি বাংলার পর্দায় এবার নতুন ভূমিকায় দেব। সৌরভ দাদাগিরি থেকে সরলেও দর্শকদের সেন্টিমেন্টকে সম্মান জানাতেই নতুন সিজন, জানিয়ে দিল চ্যানেল। 

Published on: Jun 3, 2026, 21:00:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অলিন্দে এখন মেগা চ্যানেল যুদ্ধের দামামা! বুধবার একদিকে যখন স্টার জলসা তাদের বিগ বস বাংলার প্রথম প্রোমো এনে বাজারে বড়সড় চমক দিয়েছিল, ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা মোক্ষম চাল চালল জি বাংলা। মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এই রিয়্যালিটি শো থেকে সরে দাঁড়ানোয় অনেকেই আশঙ্কা করেছিলেন যে হয়তো চিরতরে বন্ধ হয়ে যাবে বাঙালির আবেগ জড়িয়ে থাকা শো দাদাগিরি। কিন্তু সব জল্পনায় ছাই দিয়ে ওস্তাদের মার শেষ রাতে দেখাল জি বাংলা। দাদাগিরির নতুন সিজন তো আসছেই, আর এবার সঞ্চালকের রাজসিংহাসনে বসতে চলেছেন টলিপাড়ার খোকাবাবু অর্থাৎ সুপারস্টার দেব!

‘সাবান ছাড়া কীভাবে ধুতে হয় জি বাংলা দেখালো…’, দাদাগিরির ঝলকে সৌরভকে বিঁধল?
‘সাবান ছাড়া কীভাবে ধুতে হয় জি বাংলা দেখালো…’, দাদাগিরির ঝলকে সৌরভকে বিঁধল?

প্রোমোয় আম জনতার ক্ষোভ, দাদা ঠিক কাজ করেনি!

বুধবারই তড়িঘড়ি দাদাগিরির নতুন সিজনের প্রথম প্রচার ঝলক প্রকাশ্যে এনেছে জি বাংলা। তবে এই প্রথম ঝলকে নতুন সঞ্চালক দেবের দেখা মেলেনি। বরং নির্মাতারা অত্যন্ত কৌশলে আম জনতার সেন্টিমেন্ট ভাগ করে নিয়েছেন। প্রোমো জুড়ে ধরা পড়েছে সৌরভের আচমকা শো ছেড়ে চলে যাওয়ার ধাক্কায় সাধারণ মানুষের মনের কষ্ট ও ক্ষোভ। এমনকি জনগণের মুখ দিয়ে বলানো হয়েছে যে, দাদা ঠিক কাজ করেনি। এই আবেগঘন প্রচার ঝলক বুঝিয়ে দিল, সৌরভকে মিস করলেও দাদাগিরির মঞ্চে বাঙালির বিনোদনের খিদে মেটাতে এবার এক্কেবারে নতুন অবতারে এন্ট্রি নিতে চলেছেন দেব।

উত্তরবঙ্গ দিয়ে শুরু জার্নি, শিলিগুড়িতে অডিশনের মেগা আপডেট

নতুন সিজন মানেই নতুন প্রতিযোগীদের খোঁজ। আর সেই লক্ষ্যে নতুন চালকের হাত ধরে এবার জেলা সফরে বেরোচ্ছে দাদাগিরি টিম। উত্তরবঙ্গের দর্শকদের জন্য রয়েছে মস্ত বড় সুখবর, কারণ নতুন সিজনের প্রথম অডিশনের আসর বসতে চলেছে শিলিগুড়িতে। আপনিও যদি দেবের দাদাগিরির মঞ্চে যাওয়ার সুযোগ পেতে চান, তবে নোট করে নিন অডিশনের খুঁটিনাটি তথ্য:

তারিখ ও দিন: ১২ই জুন, শুক্রবার।

স্থান: সৌভাগ্য প্যালেস, ১, উধম সিং সরণি, শিলিগুড়ি।

সময়: সকাল ০৯:০০ টা থেকে বিকেল ০৪:০০ টে পর্যন্ত।

এখন দেখার, ক্রিকেটের মহারাজের পর রূপোলি পর্দার খোকাবাবু গুগলির দুনিয়ায় দাদাগিরির মঞ্চে টিআরপির পারদ কতটা উঁচুতে চড়াতে পারেন! ওড়িশা থেকে বাংলার ড্রয়িংরুমের দর্শকরা এখন দেবের প্রথম লুক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এর আগে বহুবার দাদাগিরি-তে নিজের ছবির প্রচার সেরেছেন দেব। মুখোমুখি হয়েছেন সৌরভের গুগলির। সঞ্চালক হিসাবে তিনি কতটা সুবিচার করবেন দাদাগিরির সঙ্গে সেটাই এখন দেখবার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More