পাতে পোলাও, চিংড়ির মালাইকারি, মটন! লাল-সাদা পঞ্জাবিতে গুরমিত-দেবিনার জামাইষষ্ঠী
টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরি বাঙালির অন্যতম প্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী উদযাপনের কিছু বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ভক্তদের মন জয় করেছে।
টেলিভিশনের জনপ্রিয় তারকা দম্পতি দেবিনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা সুখস্মৃতি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন। সম্প্রতি তাঁরা বাঙালির অন্যতম প্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী উদযাপনের কিছু বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা ইতিমধ্যেই ভক্তদের মন জয় করেছে।

শনিবার অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, স্বামী গুরমিত চৌধুরী এবং তাঁদের দুই কন্যা লিয়ানা ও দিভিশা-কে নিয়ে একসঙ্গে ঐতিহ্যবাহী জামাই ষষ্ঠীর ভোজ উপভোগ করছেন তিনি।
লাল-সাদা পোশাকে নজর কাড়ল গোটা পরিবার
শেয়ার করা ছবিগুলিতে পরিবারের সকল সদস্যকে লাল ও সাদা পোশাকে দেখা যায়। মেঝেতে বসে একসঙ্গে খাবার খাওয়ার মুহূর্ত যেন বাঙালি পারিবারিক সংস্কৃতির এক নিখুঁত প্রতিচ্ছবি হয়ে উঠেছিল।
পরিবারের এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিয়ে দেবিনা আবেগঘন একটি পোস্টও করেন। তিনি লেখেন, ‘প্রতি বছর জামাই ষষ্ঠী তার নিজস্ব সৌন্দর্যে ধরা দেয়। মায়ের হাতে ভালোবাসা দিয়ে তৈরি করা জামাইয়ের ভোজ থেকে শুরু করে আমাদের সন্তানদের এই ঐতিহ্যকে বুঝতে দেখা, আনন্দের সঙ্গে সেজে ওঠা এবং আমাদের মতোই প্রতিটি মুহূর্ত উপভোগ করা—এই স্মৃতিগুলোই সারাজীবন থেকে যায়। বাড়ির রান্না, ভালোবাসা এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে চলে আসা পারিবারিক ঐতিহ্যকে ঘিরেই সেরা স্মৃতিগুলো তৈরি হয়। সকল বাঙালি পরিবারকে শুভ জামাই ষষ্ঠী।’
ডায়েট প্রেমী গুরমিতের পাতে জামাইষষ্ঠীর দিন ছিল পাঁচ রকম ভাজা, ডাল, শুক্তো, পোলাও, চিংড়ি মালাইকারি, মটন, দই, রসগোল্লা এছাড়াও ছিল আম, তরমুজ, সরবত। জামাইকে নিজের হাতে ভাত মেখেও খাইয়ে দিতে দেখা গেল গুরমিতের শাশুড়িমা অর্থাৎ দেবিনার মাকে।
বাঙালি স্ত্রী নিয়ে মনের কথা বলেছিলেন গুরমিত
সম্প্রতি রাজীব খাণ্ডেলওয়াল সঞ্চালিত জনপ্রিয় অনুষ্ঠান ‘তুম হো না – ঘর কি সুপারস্টার’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন দেবিনা ও গুরমিত। সেখানেই গুরমিত জানিয়েছিলেন, তিনি সবসময় একজন বাঙালি মেয়েকেই বিয়ে করতে চেয়েছিলেন।
অভিনেতার কথায়, ‘আমার সবসময় মনে হতো বাঙালি মেয়েরা খুব সুন্দর এবং অত্যন্ত মেধাবী হয়। আমি প্রথম দেখেছিলাম যে বাংলায় পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য প্রতিভাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। তাই মনে হয়েছিল, যদি বিয়ে করি তাহলে একজন বাঙালি মেয়েকেই করব।’
‘রামায়ণ’-এর সেটে শুরু প্রেম, তারপর গোপন বিয়ে
দেবিনা ও গুরমিতের প্রেমের গল্পও কম আকর্ষণীয় নয়। জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘রামায়ণ’-এর সেটেই তাঁদের প্রথম পরিচয়। সেই ধারাবাহিকে গুরমিত অভিনয় করেছিলেন ভগবান রাম-এর চরিত্রে এবং দেবিনা ছিলেন দেবী সীতা।
একসঙ্গে কাজ করতে করতেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি একটি মন্দিরে গোপনে বিয়ে করেন তাঁরা। দীর্ঘদিন সেই বিয়ের খবর গোপন রাখা হয়েছিল। পরবর্তীতে ২০২১ সালের ৪ অক্টোবর আবারও পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।
দুই কন্যাকে নিয়ে ভরপুর সংসার
২০২২ সালের ৩ এপ্রিল তাঁদের প্রথম সন্তান লিয়ানা-র জন্ম হয়। সেই সঙ্গে প্রথমবারের মতো বাবা-মা হওয়ার আনন্দ অনুভব করেন দেবিনা ও গুরমিত। এরপর একই বছরের ১১ নভেম্বর জন্ম নেয় তাঁদের দ্বিতীয় কন্যা দিভিশার। দুই সন্তানকে নিয়ে এখন সুখের সংসার এই জনপ্রিয় টেলি-দম্পতির।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


