Dev-Pallavi: এবার একফ্রেমে দেব-পল্লবী! উচ্ছ্বসিত নায়িকার ভক্তরা, কবে-কখন দেখবেন?
টেলিভিশনের হার্টথ্রব নায়িকা আর নতুন ‘দাদা’ দেব এবার একসঙ্গে। দাদাগিরির মঞ্চে হাজির হচ্ছে তারে ধরি ধরি টিম।
টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় ও হার্টথ্রব নায়িকা পল্লবী শর্মা (Pallavi Sharma)। পর্দায় তাঁর অভিনয় বরাবরের মতোই দর্শকদের মন জয় করে নেয়। তবে এবার পল্লবীর অনুরাগীদের জন্য আসতে চলেছে এক বিরাট চমক। ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীকে এবার দেখা যেতে চলেছে টলিউডের সুপারস্টার দেব (Dev)-এর সঙ্গে, একই ফ্রেমে!

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’ (Dadagiri)-র বিশেষ পর্বে অতিথি হিসেবে হাজির হতে চলেছে নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি’-র গোটা টিম। আর সেখানেই দেবের পাশে থেকে মঞ্চ আলো করবেন পল্লবী।
দাদাগিরির মঞ্চে ‘তারে ধরি ধরি’ টিম
ধারাবাহিকের প্রচার হোক বা তারকাদের চাঁদের হাট— ‘দাদাগিরি’র মঞ্চ বরাবরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। গত সপ্তাহ থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে দাদাগিরির নতুন সিজন, সেখানে প্রথমবারের জন্য সঞ্চালকের আসনে দেব। এই রিয়ালিটি শো-এর আসন্ন একটি বিশেষ পর্বে দেবের মুখোমুখি হতে চলেছেন ‘তারে ধরি ধরি’ টিমের একঝাঁক চেনা মুখ। পল্লবী শর্মার পাশাপাশি এই বিশেষ পর্বে ফ্রেম শেয়ার করতে দেখা যাবে সিরিয়ালের নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Bishwarup Bandyopadhyay)-কে। এছাড়াও হাজির থাকবেন ধারাবাহিকের অন্যান্য গুরুত্বপূর্ণ কো-স্টার অস্মিতা চক্রবর্তী (Asmita Chakraborty), মানসী সেনগুপ্ত (Manasi Sengupta), অহনা দত্ত (Ahona Dutta), নীল চট্টোপাধ্যায়রা (Neil Chatterjee)>
ভক্তদের জন্য ‘সোনায় সোহাগা’ পাওনা
পল্লবী শর্মা টেলিভিশনের দুনিয়ায় অত্যন্ত সফল এবং জনপ্রিয় এক মুখ হলেও, বাস্তব জীবনে তিনি প্রচারের আলো থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখতেই বেশি ভালোবাসেন। এমনকি আজকের ডিজিটাল যুগে দাঁড়িয়েও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে তাঁর উপস্থিতি মেপে রাখা— অর্থাৎ না-বরাবর বললেই চলে। ফেসবুকে পল্লবী নেই, ইনস্টাগ্রামেও নামমাত্র উপস্থিতি।
স্বাভাবিকভাবেই, প্রতিদিনের চেনা মেগার বাইরে কোনো রিয়্যালিটি শো-এর মঞ্চে পল্লবীর উপস্থিতি ওঁর ভক্তদের কাছে সবসময়ই একটা বাড়তি পাওনা। আর সেই মঞ্চে সঞ্চালক বা অতিথি হিসেবে পাশে যদি থাকেন খোদ দেব, তবে তা যে অনুরাগীদের জন্য ‘সোনায় সোহাগা’ মুহূর্ত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

জমজমাট পর্বের অপেক্ষায় দর্শক
ইতিমধ্যেই দেব ও পল্লবীর একফ্রেমে আসার খবরটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দুই তারকার ফ্যান পেজগুলোর মধ্যে দারুণ উন্মাদনা তৈরি হয়েছে। দেবের চেনা রসিকতা আর বুদ্ধিদীপ্ত গুগলি প্রশ্নের জবাবে ‘তারে ধরি ধরি’ টিম কতটা টেক্কা দিতে পারে, এবং বিশ্বরূপ-পল্লবীর অফস্ক্রিন রসায়ন কেমন জমে ওঠে, তা দেখার জন্য এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা। কবে সম্প্রচারিত হবে এই এপিসোড তা এখনও খোলসা করেনি জি বাংলা। খুব সম্ভবত আগামি সপ্তাহে দাদাগিরির মঞ্চে দেখা যাবে তারে ধরি ধরি টিমকে।

পল্লবীর লাইমলাইটে আসা স্টার জলসার কে আপন কে পর মেগার হাত ধরে। এরপর জি বাংলার ‘নিম ফুলের মধু’ এবং ’তারে ধরি ধরি মনে করি'র মতো হিট মেগায় অভিনয় করছেন পল্লবী।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


