'সঙ্গীকে অপমান করা…', 'দেশু' আবেগে ভেসে রাজ-রুক্মিণীকে যেন কটাক্ষ না করা হয়, অনুরোধ দেব-শুভশ্রীর!

'ধূমকেতু' মুক্তির আগেও এক সঙ্গে জুটি বেঁধে প্রচার করেছিলেন দেব এবং শুভশ্রী। আর সেই সময় নানা ভাবে কটাক্ষ করা হয়েছিল তাঁদের জীবনসঙ্গী অর্থাৎ রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে। তবে আবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাঁর আর্জি জানিয়েছেন তাঁরা।

Published on: Jan 19, 2026 6:19 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কিছুদিন আগেই জানা গিয়েছিল 'দেশু ৭' আসছে। ফের বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই ছবি প্রসঙ্গে নানা কথা বলতেই তাঁরা লাইভে এসেছিলেন সোমবার। ফের তাঁদের একসঙ্গে দেখে 'দেশু' ভক্তদের যে প্রাণ ভরে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে 'ধূমকেতু' মুক্তির আগেও এক সঙ্গে জুটি বেঁধে প্রচার করেছিলেন তাঁরা। আর তাঁদের একসঙ্গে দেখে সমাজমাধ্যমে নেটিজেনরা যেমন ভালোবাসায় ভরে দিয়েছিলেন তেমনই, নানা ভাবে কটাক্ষ করা হয়েছিল তাঁদের জীবনসঙ্গী অর্থাৎ রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রকে। তবে আবার যেন সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় তাঁর আর্জি জানিয়েছেন দেব-শুভশ্রী।

'দেশু' আবেগে ভেসে রাজ-রুক্মিণীকে যেন কটাক্ষ না করা হয়, অনুরোধ দেব-শুভশ্রীর!
'দেশু' আবেগে ভেসে রাজ-রুক্মিণীকে যেন কটাক্ষ না করা হয়, অনুরোধ দেব-শুভশ্রীর!

লাইভে দেবই প্রথম এই প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘শুভশ্রী আর আমার পক্ষ থেকে একটা অনুরোধ রয়েছে আপনাদের কাছে। এই লাইভটা যখন শেষ হবে তারপর থেকে দয়া করে কেউ ব্যক্তিগত আক্রমণ করবেন না। কারণ আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ভালো আছি বলেই আজ সুস্থ ভাবে আমরা কাজ করছি। অনেকেই বলছেন, ‘দেব-শুভশ্রী বিয়ে করুক। তাঁদের ভালোবাসা হোক।’ কিন্তু এগুলো ঠিক না। ধূমকেতুর সময় আমরা সত্যি কিছু বলিনি। কারণ সেটা আমার অন্যায়…'।

এরপর দেবের কথার মাঝেই নায়িকা বলেন, ‘আমি আবার কথাটা তুলছি কারণ আমরা আশা করেছিলাম যে সকলেই এই পরিস্থিতিটার সংবেদনশীলতা অনুভব করতে পারবেন। কিন্তু দেখলাম সেটা বেশির ভাগই বুঝলেন না। তাই আমরা এই প্রসঙ্গে কথা বলতে বাধ্য হচ্ছি। এটা সকলের কাছে পরিষ্কার করে দিতে চাই যে, আমরা কখনই আমাদের অতীত নিয়ে বেঁচে থাকতে চাই না। আমরা সকলেই আমাদের জীবনে এগিয়ে যেতে চাই। আর এই এগিয়ে যাবার নামই হল জীবন। তাই আমরা এগিয়ে গিয়েছি বলেই আবার কোথাও গিয়ে প্রফেশনালি আমরা আবার একসঙ্গে কাজ করতে পারছি। আর সেখানে অবশ্যই আমাদের পার্টনারদের অনেক সাপোর্ট রয়েছে।’

নায়িকা আরও বলেন, ‘তাই দয়া করে ওঁদের কেউ কটূক্তি করবেন না। আমি জানি ওঁদের কারুরই এটা নিয়ে বিশেষ খারাপ লাগে না। কিন্তু আমাদের লাগে।’ দেব বলেন, ‘এর দায়িত্ব তো আমাদের। ওঁদের সম্মানটা আমাদের। আমার মনে হয় রাজকে শ্রদ্ধা করা প্রকারান্তে আমাকে শ্রদ্ধা করা।’ শুভশ্রীও বলেন, ‘রুক্মিণীর শ্রদ্ধাটাও আমাদের। আমি সত্যি রাজ আর রুক্মিণীকে ধন্যবাদ জানাতে চাই। কারণ ওঁরা আমাদের পাশে থেকেছে বলেই আজ আমরা এখানে বসে আছি।’ শেষে দেব ফের হাত জোর করে দর্শকদের উদ্দেশ্যে বলেন, ‘দয়া করে এমন কিছু মন্তব্য করবেন না যাতে আমাদের মনে না হয় যে আমাদের সঙ্গীকে অপমান করা হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমি জানি স্যোশাল মিডিয়া কারুর নিয়ন্ত্রণে নেই, যে যা খুশি লিখতে পারেন। কিন্তু লেখার আগে একটু বুঝতে চেষ্টা করবেন যে ‘দেশু ৭’-এর উন্মাদনার মাধ্যমে আবার বাংলা ছবির অবস্থার একটু পরিবর্তনের চেষ্টা করছি, তাহলে লিখবেন না।’ অন্যদিকে, শুভশ্রী বলেন, ‘আমরা এটাই চাইব যে আমাদের যতটা সম্মান করা হচ্ছে তার থেকেও বেশি সম্মান আমাদের সঙ্গীদের দেওয়া হোক।’