DESU7 Frist Look Poster: ‘আমি তোর শুধু….’, রক্তাক্ত দেব-শুভশ্রীর রোম্যান্স! দেশু৭-এর প্রথম পোস্টার শিহরণ জাগাবে
DESU7 Frist Look Poster: মঙ্গলবার প্রকাশ্যে এলো দেব ও শুভশ্রী জুটির আসন্ন ছবি ‘DESU 7’-এর প্রথম পোস্টার। দেবের বার্তা, ‘ভালোবাসা সহজে হয় না’।
টলিউডের অন্যতম সেরা এবং সফলতম অন-স্ক্রিন জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় । ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’-র মতো একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া এই জুটিকে বড়পর্দায় একসাথে দেখার জন্য দর্শকরা সবসময়ই মুখিয়ে থাকেন। এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই ম্যাজিকাল জুটির ৭ নম্বর ছবির প্রথম অফিশিয়াল পোস্টার সামনে এল।

মঙ্গলবার প্রকাশ্যে আসা এই ছবিটির প্রথম ঝলক বা পোস্টারটি ইতিমধ্যেই নেটপাড়ায় ঝড় তুলেছে। ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবির ওয়ার্কিং টাইটেল দেশু৭, যেহেতু এটা জুটির সাত নম্বর ছবি। সবচেয়ে বড় চমক হলো, এই ছবিটির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হচ্ছে দেবের।
পোস্টারে রক্তক্ষয়ী অ্যাকশন ও রোম্যান্সের মেলবন্ধন
সামনে আসা পোস্টারটি এক নজরেই দর্শকদের গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো। পোস্টারটিতে দেখা যাচ্ছে, একটি উল্টে যাওয়া গাড়ির ওপর দাঁড়িয়ে আছেন দেব এবং শুভশ্রী। দেবের এক কাঁধে রয়েছে একটি বিশাল বড় বন্দুক এবং তাঁর গায়ে রক্তমাখা শার্ট। অন্যদিকে, শুভশ্রীর পরনে একটি সাদা সালোয়ার-কামিজ, যা রক্তে ভেসে যাচ্ছে।
এই চরম যুদ্ধবিধ্বস্ত এবং ধ্বংসস্তূপের পটভূমিতেও একে অপরের চোখের দিকে তাকিয়ে জড়িয়ে ধরে আছেন তাঁরা। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, এই ছবিতে অ্যাকশনের পাশাপাশি এক তীব্র ও গভীর প্রেমের গল্প দেখতে পাবেন দর্শকরা।
ব্যাকগ্রাউন্ডে জ্বলতে থাকা আগুন, ধোঁয়া এবং রাস্তার ল্যাম্পপোস্টের আলো এক বিধ্বংসী দাঙ্গার বা যুদ্ধের পরিবেশ তৈরি করেছে। ফার্স্ট লুক শেয়ার করে দেবের বার্তা, ‘ভালোবাসা সহদে হয় না… আর একবার হলে, তাকে ছাড়া থাকা যায় না’।
পরিচালনায় স্বয়ং দেব এবং পুজোর বড় ধামাকা
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে দেব ইতিমধ্যেই নিজেকে টলিউডের শীর্ষে নিয়ে গেছেন। এবার ‘DESU 7’ ছবিটির পরিচালনার গুরুদায়িত্বও নিজের কাঁধেই তুলে নিয়েছেন তিনি। গুরুপদ অধিকারী এবং দেব অধিকারীর যৌথ প্রযোজনায় (Dev Entertainment Ventures) এবং ‘SSR Cinemas’-এর অ্যাসোসিয়েশনে তৈরি হচ্ছে এই মেগা প্রজেক্ট। আগামী ১৬ই অক্টোবর, ২০২৬ অর্থাৎ দুর্গোৎসবের মরশুমেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। প্রতিবারের মতো এবারও পুজোয় দর্শকদের সেরা উপহার দিতে তৈরি টলিউডের ‘খোকাবাবু’।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


