Dev-Subhashree: ‘দেশু ৭-এর প্রোমোশনে গেলেই ডিভোর্স নিয়ে কথা উঠবে…’, শুভশ্রীর সঙ্গে কথা বলতেও ‘ভয়’ পাচ্ছেন দেব

পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর পুজো রিলিজ দেশু ৭। আর সেই ছবি নিয়েই এখন দর্শকদের উন্মাদনা তুঙ্গে। যদিও দেবের মনে ক্ষোভ, তাঁর ও শুভশ্রীর ব্যক্তিগত জীবন নিয়েই আলোচনা হচ্ছে বেশি, ছবি নিয়ে কম। 

Published on: Sep 14, 2026, 09:07:44 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পুজোয় বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পেতে চলেছে বক্স অফিসে, যার মধ্যে রয়েছে একেন বাবু সিরিজের নতুন সিনেমা, বহুরূপী ২-ও। তবে সবাইকে পিছনে ফেলে দেশু ৭ নিয়ে চর্চা তুঙ্গে। এমনকী, দেব-শুভশ্রী ছবির প্রিমিয়ারের গোল্ডেন টিকিট পর্যন্ত বিক্রি হয়ে গিয়েছে সেই জানুয়ারি মাস নাগাদ। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার ও প্রথম গান, দুটোই হিট।

পুজোয় প্রেক্ষাগৃহে আসছে দেশু ৭।
পুজোয় প্রেক্ষাগৃহে আসছে দেশু ৭।

রবিবার কলকাতায় এক স্যালোঁর উদ্বোধনে হাজির হয়েছিলেন দেব। সেখানেই দেশু ৭ নিয়ে তিনি কথা বলেন। সঙ্গে এটাও জানান যে, যেভাবে তাঁকে ও শুভশ্রীকে নিয়ে মুখোরচক সব খবর ছড়াচ্ছে, তাতে তিনি এখন কথা বলতেও ভয় পাচ্ছেন।

‘সম্পর্ক ছিল একটা সময়। এখন আমরা বন্ধু হয়েছি। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গে পাবলিকালি কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে। আমি একটা ইভেন্টে গিয়েছি। নরমাল হাগ করছি। সেটা নিয়েও রিল বানাচ্ছে। আমরা চেয়েও নরমাল হতে পারছি না।’, বলতে শোনা গেল দেবকে।

দেব আরও বলেন এই কারণে তাঁরা প্রোমোশনেও বেরচ্ছেন না। অভিনেতার কথায়, ‘আমরা প্রোমোশনেই বেরচ্ছি না। বেরলেই এইসব প্রশ্ন, এই ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে আলোচনা করছে। কেউ দেশু ৭ নিয়ে আলোচনা করছে না। দেব তাঁর প্রথম পরিচালনায় এই ক্যানভাসটাকে দাঁড় করিয়েছে, কেউ এটা নিয়ে আলোচনা করছে না। কবে শেষ বাংলা সিনেমার শ্যুট হয়েছে লাদাখে।’

বেশ বড়সড় বাজেটেই দেশু ৭ বানিয়েছেন দেব। যা ইতিমধ্যেই প্রমাণ হয়েছে টিজারে। যা দেখে অনেকেই দক্ষিণের ছবির সেই তীব্র টানটান অ্যাকশনের আঁচ পেয়েছেন। সঙ্গে মাখোমাখো রোম্যান্স। অর্থাৎ হলে দর্শক টানার সব মশালাই রয়েছে এই ছবিতে। যা নিয়ে অভিনেতা বললেন, ‘আমি যদি দেশু ৭-এর জায়গায় শুভশ্রীকে নিয়ে ১২-১৫ দিনের শ্যুট করতাম, চারটে ছবি নামিয়ে দিতে পারতাম। আমি প্রচুর টাকা কামিয়েও নিতে পারতাম। কারণ লোক মুখিয়ে আছে। প্রথম সপ্তাহে এমনিই হলে যাবে। কিন্তু সেটা না করে, ধূমকেতুর পর, মানুষ যেটা দেখতে চেয়েছিল, দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেটা নিয়ে রিসার্চ করে, সেভাবেই লিখে দেশু ৭ তৈরি করা হয়েছে।’

দেব ও শুভশ্রী দুজনেই তাঁদের সিনেমা নিয়ে আশাবাদী। লম্বা বিরতির পর দেশু ৭-এই বড় পর্দায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এছাড়াও ছবিতে রয়েছেন রজততাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, লোকনাথ দে-র মতো তারকারা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More