Dev vs Sourav: এপিসোড পিছু ৫০ লাখ পারিশ্রমিক নিতেন ‘দাদা’ সৌরভ! দাদাগিরি-র জন্য দেব কত পাচ্ছেন?

Dev vs Sourav: ব্র্যান্ড ভ্যালুতে দেবের চেয়ে অনেক এগিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদা’ আর ‘দাদাগিরি’ দুইটোই সমার্থক শব্দ। দাদাগিরির একটা এপিসোডের জন্য ৫০ লাখ পেতেন সৌরভ, দেব কত পাবেন? 

Published on: Jul 4, 2026, 10:00:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলা টেলিভিশনের জগতে রিয়্যালিটি শো-এর লড়াই নতুন কিছু নয়। তবে গত কয়েক মাসে যা ঘটেছে তা অভূতপূর্ব। ‘দাদাগিরি’ থেকে ‘দাদা’কেই গায়েব করে দিতে উঠেপড়ে লেগেছিল শো-এর প্রতিদ্বন্দ্বী চ্যানেল। সেইমতো সৌরভ এখন জলসার ‘ঘরের লোক’। একটা সময় প্রশ্ন উঠেছিল, তবে কি দাদাগিরি বন্ধ হয়ে যাবে? ২০২৪ সালের মে মাসে সম্প্রচারিত হয়েছিল দাদাগিরি সিজন ১০-এর গ্র্য়ান্ড ফিনালে। এরপর লম্বা অপেক্ষা।

এপিসোড পিছু ৫০ লাখ পারিশ্রমিক নিতেন ‘দাদা’ সৌরভ! দাদাগিরি-র জন্য দেব কত পাচ্ছেন?
এপিসোড পিছু ৫০ লাখ পারিশ্রমিক নিতেন ‘দাদা’ সৌরভ! দাদাগিরি-র জন্য দেব কত পাচ্ছেন?

অবশেষে প্রায় দু-বছরের বিরতির পর ৫ জুলাই থেকে সম্পূর্ণ নতুন মোড়কে ছোটপর্দায় শুরু হতে চলেছে বাঙালির অন্যতম আবেগের শো ‘দাদাগিরি’ (Dadagiri)। তবে এবারের সবচেয়ে বড় চমক— মহারাজের আসনে আর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নন, সঞ্চালকের ব্যাটন হাতে নিয়ে মঞ্চ কাঁপাতে আসছেন টলিউডের সুপারস্টার দেব (Dev)।ভালোবেসে ‘দাদাগিরি’ করবেন ঘাটালের সাংসদ।

সৌরভের ব্র্যান্ড ভ্যালু দেবের চেয়ে বেশি। দাদাগিরি হোস্ট করতে বিরাট পারিশ্রমিক নিতেন মহারাজ, তেমনটাই শোনা যায়।

‘দাদাগিরি’ বনাম ‘বিগ বস বাংলা’: সৌরভের ১২৫ কোটির মহাচুক্তি!

খবরের সূত্রপাত ২০২৪ সালের মে মাসে, যখন ‘দাদাগিরি সিজন ১০’ শেষ হয়। শোনা যায়, শেষ দিকে প্রতি সপ্তাহে দুটি এপিসোডের জন্য প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক নিতেন সৌরভ। অর্থাৎ, ৬-৭ মাসের একটি পুরো সিজনের জন্য প্রিন্স অফ ক্য়ালকাটা-র পকেটে আসত প্রায় ২৫ থেকে ২৮ কোটি টাকা। কিন্তু সিজন ১০-এর পর পারিশ্রমিক বাড়ানো নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের সাথে সৌরভের টিমের মতানৈক্য তৈরি হয় এবং সৌরভ শো থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

সুযোগ হাতছাড়া করেনি প্রতিপক্ষ চ্যানেল স্টার জলসা। জ়ি বাংলার ‘দাদাগিরি’র টিআরপিতে ধাক্কা দিতে তাঁরা সৌরভকে এমন এক প্রস্তাব দেয় যা রূপকথার মতো। চলতি বছরের এপ্রিল মাসে ইডেন গার্ডেন্সে লাখ লাখ টাকা খরচ করে জমকালো আয়োজনে ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-র লোগো লঞ্চ করা হয়, যেখানে সঞ্চালক হিসেবে ঘোষণা করা হয় সৌরভের নাম। সূত্র বলছে, শুধু ‘বিগ বস’ নয়, সাথে আরেকটি কুইজ শো মিলিয়ে ৪ বছরের মেয়াদে স্টার জলসার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন মহারাজ। আর সৌরভের সম্ভাব্য পারিশ্রমিক কত জানেন? বছরে প্রায় ১২৫ কোটি টাকা! মূলত ‘দাদাগিরি’ থেকে সৌরভকে সরিয়ে নেওয়াই ছিল প্রতিপক্ষের পাখির চোখ।

সৌরভ নিতেন ৫০ লাখ, দেব কত পাচ্ছেন?

সৌরভ গঙ্গোপাধ্যায় স্টার জলসার ঘরে পা বাড়াতেই জ়ি বাংলা কর্তৃপক্ষ নতুন ‘দাদা’র সন্ধানে আসরে নামে। প্রসেনজিৎ চ্যাটার্জী, জিৎ থেকে শুরু করে লিয়েন্ডার পেজের নাম ভাবা হলেও শেষমেশ বাজি মারেন টলিউডের এক নম্বর তারকা দেব।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সৌরভ যেখানে প্রতি এপিসোডে প্রায় ৫০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন, সেখানে দেবের চুক্তি কেমন হলো? অফিশিয়ালি চ্যানেলের কোনও কর্তা মুখ না খুললেও ভেতরের খবর— অভিনেতা ও সঞ্চালক হিসেবে দেবকে শুরুতেই একটি মোটা অঙ্কের সাইনিং অ্যামাউন্ট দেওয়া হয়েছে। টলিপাড়ার গুঞ্জন, এপিসোড প্রতি প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক নিতে চলেছেন এই সুপারস্টার। সৌরভের চেয়ে অঙ্কটা কম হলেও, বাংলা বিনোদন জগতের ইতিহাসে কোনও অভিনেতার রিয়্যালিটি শো সঞ্চালনার নিরিখে এটি অন্যতম রেকর্ড পারিশ্রমিক।

সেপ্টেম্বর থেকেই কি শুরু হচ্ছে ‘বিগ বস বাংলা’?

এদিকে ইডেন গার্ডেন্সে অত বড় লোগো লঞ্চের পর থেকে রহস্যজনকভাবে ‘বিগ বস বাংলা’ নিয়ে মুখে কুলুপ এঁটেছে চ্যানেল কর্তৃপক্ষ। তবে সৌরভ হালে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অগস্টের শেষের দিকে শুরু হবে বিগ বস বাংলার শ্য়ুটিং। এই রিয়ালিটি শো-এর জন্য তাঁর ১৫ দিন ধার্য রয়েছে। মিঠুন, জিৎ-এর পর এবার বিগ বস বাংলার দায়িত্ব সৌরভের কাঁধে।

ওদিকে অতীতে ২০১১-১২ সাল নাগাদ দাদাগিরির তৃতীয় সিজনে সৌরভের জায়গায় মিঠুন চক্রবর্তীকে আনা হলেও শোটি মুখ থুবড়ে পড়েছিল। তাই এবার দেবের কাঁধে গুরুদায়িত্ব। দেবের ম্যাশ আপ ইমেজ এবং কোটি কোটি ভক্তের ভালোবাসা ‘দাদাগিরি’র এই নতুন ফরম্যাটকে কতটা সফল করে, সেটাই এখন দেখার।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More