Happy Birthday Rukmini: ‘যেমন আছ, তেমনই থেকো…’! বিচ্ছেদ-চর্চার মাঝেই রুক্মিণীর জন্মদিনে আদুরে দেব

দেব ও রুক্মিণী বরাবরই প্রমাণ করেছেন যে, তাঁদের সম্পর্কের ভিত ঠিক কতটা মজবুত। যেখানে তৃতীয় কারও কোনো জায়গা নেই। বান্ধবীর জন্মদিনে আদুরে দেব। 

Published on: Jun 27, 2026, 12:24:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ায় কান পাতলে হামেশাই খবর আসে দেব ও রুক্মিণী মৈত্রের বিচ্ছেদের। কদিন আগেও টলিউডের সুপারস্টার, সাংসদ দেবের সঙ্গে নাম জড়িয়েছিল ইধিকা পালের। তবে দেব ও রুক্মিণী বরাবরই প্রমাণ করেছেন যে, তাঁদের সম্পর্কের ভিত ঠিক কতটা মজবুত। যেখানে তৃতীয় কারও কোনো জায়গা নেই।

রুক্মিণীর জন্মদিনে আদুরে বার্তা দেবের।
রুক্মিণীর জন্মদিনে আদুরে বার্তা দেবের।

প্রেমিকার জন্মদিনে দেবের তরফ থেকে এল মিষ্টি সারপ্রাইজ। এরপর বাইক অ্যাম্বুলেন্স ছবিতে দেখা যাবে অভিনেত্রীকে। আর সেই সিনেমার লুক শেয়ার করলেন দেব এই বিশেষ দিনে। সঙ্গে লিখলেন, ‘শুভ জন্মদিন, রুক্মিণী। ঈশ্বর তোমাকে অফুরন্ত সুখ, শান্তি ও আশীর্বাদে ভরিয়ে রাখুন। সুস্থ থেকো, আর যেমন আছ, ঠিক তেমনই থেকো।’

‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র পোস্টারে একেবারে সিধেসাধা লুকে দেখা গেল রুক্মিণীকে। পরে আছেন গোলাপি রঙের সালোয়ার। চুল আধখোলা করে বাঁধা। গলায় কালো সুতো দিয়ে তৈরি একটি হার। চোখে মোটা করে কাজল। হালকা লিপস্টিক ঠোঁটে।

এই সিনেমায় দেবের অনস্ক্রিন স্ত্রীর চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। তাঁর চরিত্রের নাম 'অঞ্জু', করিমুল হকের স্ত্রী। 'বাইক অ্যাম্বুলেন্স দাদা' নামে পরিচিত করিমুল হক পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির একজন চা-বাগান শ্রমিক ও সমাজকর্মী। মায়ের মৃত্যুর পর অ্যাম্বুলেন্সের অভাবের কষ্ট থেকে শিক্ষা নিয়ে তিনি নিজের মোটরবাইকে ট্রলি যুক্ত করে প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। তাঁর এই ব্যতিক্রমী মানবসেবার স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তিনি ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মশ্রী লাভ করেন।

জানা যায়, ২০১৩ সাল থেকে তাঁরা চুটিয়ে প্রেম করছেন দেব ও রুক্মিণী। দীর্ঘসময় সম্পর্কে থাকলেও, বিয়ের পিঁড়িতে বসা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন দুই পক্ষই। দেব সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে, তাঁরা যদি ভবিষ্যতে বিয়ে করেন, তবে সেটি কোনো জাঁকজমকপূর্ণ বা লোক দেখানো অনুষ্ঠান হবে না। বরং একেবারে ব্যক্তিগত পরিসরে, পরিবারের ঘনিষ্ঠ মানুষদের নিয়ে ঘরোয়াভাবেই সাতপাক ঘুরবেন তাঁরা। রুক্মিণীরও মত, তাঁরা বিয়ের থেকেও, কমিটমেন্ট বা একে অপরের প্রতি দায়বদ্ধতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

এর আগে বাইক অ্যাম্বুলেন্স দাদা থেকে রুক্মিণীর থুরি অঞ্জু-র মেহেন্দি পরা হাতের ছবি ভাইরাল হয়েছিল। এমনকী তা দেখে তো অনেকে এটাকে দেব-রুক্মিণীর বিয়ে বলেও ভুল করে বসেছিলেন। চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More