Dev-Subhashree: শুভশ্রীকে কোলে বসিয়ে রোম্যান্সে বুঁদ দেব! ‘বিশ্বাস ও সমর্থন…’, দিলেন বড় বার্তা
দেব-শুভশ্রীকে দেখলে এমনিতেই মজে থাকে বাঙালি। তাঁদের জুটি যে বাংলা ছবির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেটাও আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কী বার্তা এল এবার দেবের কাছ থেকে?
পুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দেশু সাত’! অবশ্য ছবির নাম এটা আপাতত রাখা হয়েছে। যেহেতু দেব ও শুভশ্রী জুটির সপ্তম সিনেমা এটি, তাই এই নাম। গত বছর অগস্ট মাসেই প্রেক্ষাগৃহে এসেছিল তাঁদের ষষ্ঠ সিনেমা ‘ধূমকেতু’। একসময় ভালোবেসে একে-অপরকে জীবনসঙ্গী করেছিলেন। তারপর ভাঙে প্রেম। দূরত্ব। ২০১৩ সালে খোকা ৪২০ করার পর ব্রেকআপের পরপরই করেছিলেন ধূমকেতুর শ্যুট। সেটা ২০১৫ সাল। তারপর নানা আইনি গেরোয় আটকে ছিল ছবির মুক্তি। যা হলে আসে ২০২৫ সালে।

আর ঠিক ১ বছর আগে আজকের দিনে ধূমকেতু রিলিজের আগে রাখা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান। ছবির ট্রেলার লঞ্চ হয়েছিল ধুমধাম করে। যেখানে ভক্তদের লম্বা অপেক্ষার পর একসঙ্গে এসেছিলেন দেব-শুভশ্রী। হেসেছিলেন, একে-অপরের সঙ্গে তাঁদের বিখ্যাত সংলাপ বলেছিলেন, নেচেছিলেন, খুনশুটিও করেছিলেন। আর অডিটোরিয়াম মুখর হয়ে উঠেছিল উল্লাসে, হাততালিতে।
আর একবছর আগের সেই মুহূর্ত ফের একবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুরাগীদের ধন্যবাদ জানালেন দেব। শুভশ্রীর সঙ্গে চারটি ছবি শেয়ার করে লিখলেন, ‘এক বছর আগে, বাংলা সিনেমা ইতিহাসের সাক্ষী হয়েছিল। ধূমকেতু ট্রেলার লঞ্চ শুধু একটি অনুষ্ঠান ছিল না— এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সর্ববৃহৎ আয়োজন। যাঁরা এটিকে সম্ভব করেছেন এবং এখনও #DeSu-এর জন্য ভালোবাসা বর্ষণ করে চলেছেন, তাঁদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। বিশ্বাস ও সমর্থন অব্যাহত রাখুন, আমরা কথা দিচ্ছি আপনাদের হতাশ করব না!’
রিপোর্ট অনুসারে, ধূমকেতু উদ্বোধনী দিনে প্রায় ২.১৮ কোটি টাকা আয় করে বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম বড় ওপেনিং পেয়েছিল। আর ব্যবসা করেছিল ২৮.০৭ কোটি টাকার।
দেশু সাত সিনেমা-র মাধ্যমে প্রথমবার পরিচালকের আসনে দেব। ছবিতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও। এদিকে খবর মিলছে, সিনেমায় একটি আইটেম ডান্স থাকছে ইধিকা পালের। এমনকী, সেই শ্যুটও নাকি হয়ে গিয়েছে।
ছবিটির প্রকাশিত পোস্টারে অ্যাকশন ও রোমান্সের এক অদ্ভুত মিশ্রণ দেখা গিয়েছে। অর্থাৎ দর্শকদের জন্য যে বেশ বড়সড় ধামাকা আসছে, তা আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ধ্বংসস্তূপ ও বারুদের পটভূমিতে দেবের কাঁধে রাইফেল এবং শুভশ্রীর রক্তমাখা সাদা পোশাক জানান দেয় নানান পরত রয়েছে গল্পে। অগস্টেই শ্যুটিং শেষ হয়ে যাওয়ার কথা। সব মিলিয়ে ২০২৬-এর পুজোয় এই ছবি যে অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে, তা এখনই স্পষ্ট।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


