Dev-Subhashree Film: অভিমান ধুয়ে সাফ, দুর্গাপুজোয় ফিরছে দেব-শুভশ্রী জুটি! ২০২৬-এ ফের 'দেশু' ধামাকা

Dev-Subhashree Film: ধুমকেতু ২ আসবে না, কিছুদিন আগে একথা জানিয়েছিলেন দেব। মন ভেঙেছিল দেশু ভক্তদের। তবে ২০২৬-এর দুর্গাপুজোয় ধামাকা হবে পর্দায়। শুভশ্রীর সঙ্গে ফের জুটিতে দেব।

Published on: Jan 2, 2026, 19:32:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মান-অভিমান পর্ব শেষ। বক্স অফিস মিলিয়ে দিল প্রাক্তন জুটিকে। ২০২৫-এর সবচেয়ে বড় হিট বাংলা ছবি ধুমকেতু। দেব-শুভশ্রী দেখিয়ে ছিলেন জুটি নিয়ে পাগলামো কাকে বলে, সেই অস্ত্রেই শান দিতে চলেছেন দুই সুপারস্টার। শুক্রবার সন্ধ্য়ায় যখন টলিপাড়ার একদল লোকজন লালবাজারে হাজির সোশ্যাল মিডিয়ায় তারকাদের ঘিরে কুৎসা নিয়ে অভিযোগ জমা দিতে তখনই বোমা ফেললেন দেব।

অভিমান ধুয়ে সাফ, দুর্গাপুজোয় ফিরছে দেব-শুভশ্রী জুটি! ২০২৬-এ ফের 'দেশু' ধামাকা
অভিমান ধুয়ে সাফ, দুর্গাপুজোয় ফিরছে দেব-শুভশ্রী জুটি! ২০২৬-এ ফের 'দেশু' ধামাকা

অভিনেতার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এল বছরের সেরা কোলাব! দেব জানালেন তাঁর ৫১তম ছবির নায়িকা হচ্ছেন শুভশ্রী। অর্থাৎ এক দশক পর আবার শ্যুটিং সেটে দেব-শুভশ্রী। গত বছর ধুমকেতু মুক্তি পেলেও সেই ছবির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তখন সদ্য প্রেম ভেঙেছে দেব-শুভশ্রী। তারপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। ব্যক্তিগত জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন তাঁরা। আর অভিনয়ের জগতেও আজ তাঁরা অনেক বেশি পরিণত।

এদিন দেবের ফেসবুক থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়, সেখানে ধুমকেতুর প্রোমোশন্যাল ইভেন্টের ঝলক। দেব-শুভশ্রীর নাচ। পরস্পরকে আলিঙ্গনের মুহূর্ত। ক্যাপশনে লেখা, ‘এই দুর্গাপুজোয় তামপাত্রা বাড়তে চলেছে। তৈরি থাকুন থ্রিল আর হৃদয়গ্রাহী রোম্যান্স এবং রসায়নের জন্য, যা আপনারা সর্বদা পছন্দ করেছেন’।

নতুন বছর শুরু হতে না হতেই একের পর এক ঘোষণা করে চলেছেন দেব। বক্স অফিস কাঁপাচ্ছে প্রজাপতি ২। এর মাঝেই দেব ঘোষণা করেছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা করিমূল হকের বায়োপিক মুক্তি পাবে চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে। এটা দেবের কেরিয়ারের ৫০তম ছবি।

খাদান ২ এবং টনিক ২-এর ঘোষণাও বৃহস্পতিবার সেরেছেন দেব। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুভশ্রীকে নিয়ে নতুন বছর ঘোষণা সারলেন। তবে কোন ছবি, পরিচালক কে হবেন, সেই নিয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি দেব। বাকিটা ক্রমশ প্রকাশ্য। যদিও অভিনেতা কিছুদিন আগেই জানিয়েছিলেন ধুমকেতু ২ তৈরির সম্ভাবনা নেই। ওদিকে পুজোয় দেবের খাদান ২ আসতে পারে এমন সম্ভাবনার কথা শোনা গিয়েছে। তাহলে কি খাদান ২-তে কোয়েল নয়, শুভশ্রী দেবের নায়িকা? তা এখনও স্পষ্ট নয়। তবে এই রিইউনিয়ন দেশু ভক্তদের জন্য় নিঃসন্দেহে সবচেয়ে বড় নিউ ইয়ার গিফট।

ধুমকেতুর প্রচারের জন্য এক হয়েছিলেন প্রাক্তন প্রেমিক যুগল দেব-শুভশ্রী। দুজনের পেশাদারিত্ব প্রশংসিত হয়েছিল। তবে ছবি রিলিজের পর দেবের ‘ইনোসেন্স’ মন্তব্য নিয়ে ফের বাদানুবাদে জড়ান দুজনে। আসলে এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল যে, বর্তমান সময়ে (২০২৫ সালে) যদি ধূমকেতু বানানো হয়, তাহলে কি শুভশ্রীকে নায়িকা হিসাবে প্রযোজক দেব নিতেন? যাতে দেবের জবাব ছিল, শুভশ্রী ইতিমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তাঁর মুখের ইনোসেন্স হারিয়ে গিয়েছে। 'রূপা' মুখের সারল্য তাঁর মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনও পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।

পরে নয়নদীপ রক্ষিতের পডকাস্টে পালটা জবাব দেন শুভশ্রী। নায়িকা বলেছিলেন, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনও সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এরকম একটা অসম্মান সূচক মন্তব্য, যেখানে তুমি একটা অভিনেত্রীর সঙ্গে ছবির প্রচার করছ, সেখানে এটা কীভাবে বলল, আমি জানি না…।’ তবে সব ভুলে রুপোলিপর্দায় ফের এক হচ্ছেন দেব-শুভশ্রী।

এর আগে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে দেব-শুভশ্রী জুটি। সব মিলিয়ে এই পুজোয় দেব-শুভশ্রীর সাত নম্বর ছবির জন্য তৈরি দেশু ফ্যানেরা।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More