Dia Mirza-Nawazuddin: আচমকা নওয়াজউদ্দিনকে ‘বদতমিজ’ বললেন দিয়া মির্জা! নতুন বিতর্ক, নাকি সিরিজের প্রচার

নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে কাজ করাকে ‘দুঃস্বপ্ন’ বলে দাবি! সোশ্যাল মিডিয়ায় দিয়ার এমন পোস্ট ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। সত্যিই কি দুই তারকার মধ্যে মনোমালিন্য, নাকি আসন্ন সিরিজের প্রচারের কৌশল? পোস্ট ঘিরে নেটপাড়ায় নানা মত।

Published on: Nov 18, 2026, 13:31:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে হঠাৎই চর্চার কেন্দ্রে দিয়া মির্জা ও নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নাকি মোটেও সুখকর নয়! এমনই বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্টে। তাঁর বক্তব্যে অভিনেতার ব্যবহার নিয়ে অসন্তোষের ইঙ্গিত মিলতেই অনেকে মনে করছেন, বলিউডে কি নতুন কোনও বিতর্কের সূত্রপাত হল? আবার নেটিজেনদের একাংশের দাবি, পুরোটাই আসলে আসন্ন সিরিজের প্রচারের কৌশল।

দিয়া মির্জা-নওয়াজউদ্দিন সিদ্দিকি। (Instagram)
দিয়া মির্জা-নওয়াজউদ্দিন সিদ্দিকি। (Instagram)

দিয়া তাঁর পোস্টে নওয়াজউদ্দিনকে নিয়ে লিখেছেন, তাঁর সঙ্গে কাজ করা যেন দুঃস্বপ্নের মতো। কথাবার্তার ধরন নিয়েও কটাক্ষ করেছেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর উদ্ধৃত মন্তব্যে নওয়াজের চরিত্রকে অত্যন্ত উদ্ধত ও অভদ্র বলেও উল্লেখ করা হয়েছে। পোস্টের ভাষা ও উপস্থাপনা দেখে অনেকেই অবশ্য মনে করছেন, বাস্তবের কোনও বিবাদ নয়, বরং নতুন কোনও ছবির বা সিরিজের চরিত্রকে ঘিরেই এই মন্তব্য।

দিয়া মির্জার পোস্ট। (Instagram)
দিয়া মির্জার পোস্ট। (Instagram)

দিয়া মির্জার পোস্ট নিয়ে কী বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা?

দিয়া মির্জার পোস্টে এক ব্যবহারকারী লিখেছেন— 'এখানে 'চরিত্র' (character) শব্দটিই আসল ইঙ্গিত। খুব শীঘ্রই দুজনের একসঙ্গে নতুন কোনো প্রজেক্টের ঘোষণা আসবে।' আরেকজন লিখেছেন— ‘হে ভগবান! এটা কি কোনো নতুন বিতর্ক? দয়া করে সিনেমার প্রচারণার জন্য এ ধরনের কাজ করবেন না। যদি আপনারা এমনটা করে থাকেন, তবে তা খুবই নিম্নমানের।’ তৃতীয় এক ব্যবহারকারী লিখেছেন— ‘এটাও পিআর (PR) স্টান্টই হবে, আজকাল সবাই এটাই করছে।’ একজন বলেছেন— ‘দিয়া কারও সম্পর্কে এমন কথা বলতেই পারেন না। এটা নিশ্চিতভাবেই কোনো সিনেমা বা সিরিজের প্রচারের জন্য।’ অন্য একজন লিখেছেন— ‘আমার তো সত্যিই মনে হচ্ছে।’ আরেকজন মন্তব্য করেছেন— ‘এটা একেবারেই সম্ভব নয়। নওয়াজউদ্দিন এবং দিয়া দুজনেই খুব ভালো মানুষ। এটা নিশ্চিতভাবে সিনেমারই প্রচার কৌশল।’

নওয়াজউদ্দিন সিদ্দিকি ও দিয়া মির্জার আসন্ন সিরিজ

জানিয়ে রাখা ভালো, জিও হটস্টারে শীঘ্রই নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং দিয়া মির্জার একটি মেডিকেল ড্রামা সিরিজ মুক্তি পেতে চলেছে। মনে করা হচ্ছে, দিয়া মির্জার এই পোস্টটি এই সিরিজের প্রচারেরই অংশ। আসন্ন এই সিরিজটির নাম 'ডক্টর হাসান'। এই সিরিজে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে 'ডক্টর ইমরান হাসান'-এর চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, দিয়া মির্জা অভিনয় করছেন 'ডক্টর পলক জৈন'-এর চরিত্রে। সিরিজটি পরিচালনা করেছেন রোহন সিপ্পি। আগামী ১১ ডিসেম্বর ওটিটি-তে সিরিজটি মুক্তি পাবে।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More