‘মেরা অনন্ত চলা গয়া', জিতের আগে ‘অনন্ত সিংহ’ হওয়ার কথা ছিল এই বলিউড তারকার, তাঁর মৃত্যুই আটকে দেয় তিগমাংশুর ছবি
তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ের অন্যতম যোদ্ধা। পরবর্তীতে আবার তিনি ডাকাতির পরিকল্পনাও ছকেছেন। সেই অনন্ত সিং-এর ঘটনাবহুল জীবন এবার রুপোলি পর্দায়। জানেন জিতের আগে ইরফান খানের অভিনয় করার কথা ছিল এই চরিত্রে, কেন আটকে যায় সেই প্রোজেক্ট?
ভারতীয় বিপ্লবের ইতিহাসে অনন্য ও বিতর্কিত এক ব্যক্তিত্ব অনন্ত সিং। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক, আবার পরবর্তীতে নিজের প্রতিষ্ঠিত ‘ম্যান-মানি-গান’ (MMG) গ্রুপের মাধ্যমে কলকাতার ব্যাঙ্ক ডাকাতির মাস্টারমাইন্ড। তাঁর আত্মজীবনী ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ বইটিকে অবলম্বন করে সিনেমা নির্মাণ করেছেন পরিচালক পথিকৃৎ বসু। যেখানে মুখ্য ভূমিকায় দর্শক দেখবে সুপারস্টার জিৎ-কে। রাতপোহালেই ছবি মুক্তি। কিন্তু এই কাহিনির নেপথ্যে লুকিয়ে রয়েছে বলিপাড়ার এক অসম্পূর্ণ ও গভীর আবেগঘন ইতিহাস, যা শেয়ার করেছেন চিত্রনাট্যকার-গবেষক অর্কদীপ নাথ।

তিগমাংশু ধুলিয়া ও ইরফান খানের সেই অধরা প্রজেক্ট
বছর কয়েক আগে বলিউডের খ্যাতনামা পরিচালক তিগমাংশু ধুলিয়া অনন্ত সিংয়ের জীবন নিয়ে হিন্দি ছবি বানানোর উদ্যোগ নিয়েছিলেন, এমনটাই দাবি অর্কদীপের। ছবির শিরোনাম রাখা হয়েছিল ‘ম্যান মানি গান’ (যা অনন্ত সিংয়ের রাজনৈতিক ও সশস্ত্র দলের নামের সঙ্গে সরাসরি যুক্ত)।
রিসার্চ ও রাইটিং টিমে ছিলেন কলকাতার পরিচিত মুখ অর্ক দেব ও অর্কদীপ নাথ। সেই নিয়ে দীর্ঘদিন চলেছে অক্লান্ত ছোটাছুটি ও তথ্য সংগ্রহ। পরিচালক তিগমাংশু ধুলিয়া এই বায়োপিকের নামভূমিকায় চূড়ান্ত করেছিলেন তাঁর প্রিয় বন্ধু ও বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খান-কে।
প্রজেক্ট বন্ধ হওয়া: চিত্রনাট্য সম্পূর্ণ হয়েছিল, প্রি-প্রোডাকশনও শুরুর মুখে। ঠিক সেই সময়েই ঘটে যায় ট্র্যাজেডি— ২০২০ সালে অকালপ্রয়াণ ঘটে ইরফান খানের। প্রিয় বন্ধু তথা ছবির মূল চরিত্রকে হারিয়ে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন তিগমাংশু ধুলিয়া। কান্নায় ভেঙে পড়ে তিনি সেদিন বলেছিলেন, ‘মেঁরা অনন্ত চলা গয়া’।
পরবর্তীতে অভিনেতা জয়দীপ আহলাওয়াত-কে নিয়ে ছবিটি এগোনার ভাবনা হলেও, মানসিক শূন্যতার কারণে শেষ পর্যন্ত ছবিটি আর হয়ে ওঠেনি। উল্লেখ্য, জয়দীপ এর আগে বেদব্রত পাইনের ‘চট্টগ্রাম’ ছবিতে মনোজ বাজপেয়ীর (মাস্টারদা) পাশে অনন্ত সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

ক্লাউড থেকে রুপোলি পর্দায়
চিত্রনাট্যকার অর্কদীপ নাথ আবেগপ্রবণ হয়ে স্মরণ করেন যে, সেই ‘ম্যান মানি গান’-এর স্ক্রিপ্ট ও প্রেজেন্টেশন এখনও তাঁর ক্লাউডে সযত্নে রাখা রয়েছে। তাঁর কথায়, ‘যদি ইরফান স্যার সেই স্ক্রিপ্ট খুঁজে নিয়ে কোনও প্যারালাল ভুবনে হয়ে ওঠেন অনন্ত সিং।’
যদিও হিন্দি প্রজেক্টটি বাস্তবায়িত হতে পারেনি, তবুও অগ্নিপুরুষ অনন্ত সিংয়ের জীবনগাথা যে অবশেষে আলোর মুখ দেখছে, তাতেই খুশি অর্কদীপ ও তাঁর টিম। পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ ছবির জন্য অফুরান শুভেচ্ছা জনিয়েছেন তিনি।
অনন্ত সিংয়ের অজানা অধ্যায় এবং ইতিহাসপ্রেমীদের জন্য এই বায়োপিক এক বড় উপহার হতে চলেছে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


