কানাডা কনসার্টে খালিস্তানি পতাকা ঘিরে বিতর্ক, মুখ খুললেন দিলজিৎ দোসাঞ্জ

দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ফের বিশৃঙ্খলা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কড়া কথা লিখলেন পঞ্জাবি গায়ক। জানালেন যে, নিরাপত্তারক্ষীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে— যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তাঁদের কনসার্ট থেকে বের করে দেওয়া হবে।

May 11, 2026, 14:53:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিখ্যাত পঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ-এর কনসার্টে ফের বিতর্কের সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে তিনি তাঁর ‘অরা ট্যুর’ নিয়ে ব্যস্ত। সম্প্রতি কানাডার ক্যালগেরিতে আয়োজিত তাঁর একটি কনসার্টে এমন কিছু ঘটনা ঘটে, যা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন দিলজিৎ। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, নিজের অনুরাগীদের সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার তিনি সহ্য করবেন না।

দিলজিৎ দোসাঞ্জ।
দিলজিৎ দোসাঞ্জ।

কী লিখলেন দিলজিৎ দোসাঞ্জ?

ইনস্টাগ্রামে দিলজিৎ লিখেছেন, ‘বাইরে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা আপনার অধিকার। কিন্তু যদি আপনি ভিতরে এসে আমার অনুরাগীদের বিরক্ত করেন, তাহলে তা মেনে নেওয়া হবে না। আমি কোনও নির্দিষ্ট পতাকা বা ব্যানারের বিরুদ্ধে নই, আমি আপত্তি জানাচ্ছি আপনার উদ্দেশ্যের বিরুদ্ধে।’

কী ঘটেছিল?

গত সপ্তাহে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে কিছু বিক্ষোভকারী খালিস্তানি পতাকা ওড়াচ্ছিলেন। সেই সময় মঞ্চ থেকে দিলজিৎ বলেছিলেন, কেউ যতই পতাকা ওড়ান না কেন, তিনি সারা বিশ্বে পঞ্জাবের নাম উজ্জ্বল করা চালিয়ে যাবেন।

রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলজিৎ জানান, তাঁর কনসার্টে বহু মানুষ নিজেদের পরিচয় ও সমর্থন প্রকাশ করতে বিভিন্ন ধরনের পতাকা নিয়ে আসেন। এতে তাঁর কোনও সমস্যা নেই বলেও স্পষ্ট করেন তিনি। তবে, যদি সেই একই মানুষ বাইরে দাঁড়িয়ে তাঁর অনুরাগীদের গালিগালাজ করেন এবং ভিতরে এসে অনুষ্ঠানে বাধা সৃষ্টি করেন, তাহলে তাতে তাঁর আপত্তি রয়েছে। তিনি আরও জানান, এমন পরিস্থিতিতে নিরাপত্তারক্ষীদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে—যাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, তাঁদের কনসার্ট থেকে বের করে দেওয়া হবে।

রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন

প্রসঙ্গত, পঞ্জাবের অবসরপ্রাপ্ত আইএএস অফিসার এবং প্রাক্তন সামরিক আধিকারিকদের একটি থিঙ্ক ট্যাঙ্ক দিলজিৎকে পঞ্জাবের নেতৃত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তিনি স্পষ্ট জবাব দেন। লিখেছিলেন, ‘কদে ভি নেহি (কখনও না)। আমার কাজ মানুষকে বিনোদন দেওয়া, আর আমি নিজের কাজ নিয়ে খুবই খুশি। ধন্যবাদ।’

দু’দিক থেকেই সমালোচনার মুখে দিলজিৎ

কয়েক সপ্তাহ আগেই আবেগঘনভাবে দিলজিৎ জানিয়েছিলেন, তিনি দুই দিক থেকেই সমালোচনার শিকার হচ্ছেন। ভারতের একাংশ তাঁকে বিচ্ছিন্নতাবাদী বলে কটাক্ষ করছে। আবার অন্যদিকে কিছু কট্টরপন্থী তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলছে, কারণ তিনি টিভি শো কৌন বনেগা ক্রড়োরপতি-তে গিয়ে অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। যদিও এসব বিতর্কের মাঝেও তিনি নিজের অবস্থানে অটল থেকে গান ও পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের বিনোদন দেওয়ার চেষ্টা করে চলেছেন।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More