‘সলমন-শাহরুখকে নিয়ে আবার নতুন সিনেমা বানাব!’ সবচেয়ে বড় স্বপ্নের কথা জানালেন করণ
শাহরুখ খান এবং সলমন খানকে শেষবার পর্দায় একসাথে দেখা গিয়েছিল ২০২৩ সালের অ্যাকশন থ্রিলার টাইগার ৩-তে। যশ রাজের স্পাই থ্রিলারে পাঠান অবতারেই ধরা দিয়েছিলেন কিং খান।
বহু প্রতীক্ষার পর অবশেষে আজ রাত থেকেই শুরু হতে চলেছে ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজন (Season 9)। প্রথম পর্বেই কফির কাউচে একক অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। দীর্ঘ দুই দশকের যাত্রায় এই শেষ সিজনের প্রথম পর্বেই আড্ডার পারদ যে তুঙ্গে উঠতে চলেছে, তার স্পষ্ট আভাস মিলল সিজনের প্রথম পর্বের ‘র্যাপিড ফায়ার’ (Rapid Fire) রাউন্ডের একটি বিশেষ মুহূর্ত সামনে আসতেই।

শাহরুখ হলে করণ কী করবেন?
র্যাপিড ফায়ার রাউন্ড চলাকালীন হোস্ট করণ জোহরকে জিজ্ঞেস করা হয়— যদি তিনি একদিনের জন্য শাহরুখ খান হয়ে ঘুম থেকে ওঠেন, তবে তিনি প্রথমেই কী করবেন?
উত্তরে করণ এক মুহূর্ত সময় না নিয়ে তাঁর দীর্ঘদিনের সিনেমাটিক স্বপ্নের কথা প্রকাশ করেন। করণ জানান, শাহরুখ হলে তিনি প্রথমেই করণ জোহরকে ফোন করবেন এবং চুক্তি পাকা করবেন— যাতে করণ আবার নতুন একটি পূর্ণদৈর্ঘ্যের ছবিতে শাহরুখ খান ও সলমন খানকে একসঙ্গে কাস্ট করে পরিচালনা করতে পারেন!
পর্দায় ‘করণ-অর্জুন’ ও ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর ম্যাজিক:
শাহরুখ ও সলমন জুটি মানেই বক্স অফিসে ব্লকব্লাস্টার ধামাকা। ‘করণ অর্জুন’ ছবিতে দুই ভাইয়ের চরিত্রে এই জুটির অনবদ্য রসায়ন আজও আইকনিক। এরপর করণের প্রথম পরিচালিত ছবি ‘কুচ কুচ হোতা হ্যায়’-তেও বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে। পরবর্তীতে ‘হাম তুমহারে হ্যাঁই সনম’, ‘ওম শান্তি ওম’, ‘জিরো’ এবং সাম্প্রতিক সময়ের ‘পাঠান’ ও ‘টাইগার ৩’-এ একে অপরের ছবিতে ক্যামিও চরিত্রে এসে পর্দায় ঝড় তুলেছিলেন এই দুই সুপারস্টার। ফলে করণ যদি আবার তাঁদের দুজনকে নিয়ে সিনেমা পরিচালনা করেন, তবে তা ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বড় ঘটনা হবে বলে মনে করছেন অনুরাগীরা।

একক অতিথি হিসেবে সলমনের স্পেশাল কামব্যাক:
এর আগে ‘কফি উইথ করণ’-এর ৪ নম্বর সিজনে প্রথমবার এসেছিলেন সলমন। পরবর্তীতে ১০০তম পর্বে ভাই আরবাজ ও সোহেল খানের সঙ্গে কাউচে বসেছিলেন তিনি। তবে অন্তিম সিজনে সম্পূর্ণ একক অতিথি হিসেবে সলমনের এই উপস্থিতি বেশ বিশেষ হতে চলেছে।
টিজারে করণ যখন বলেন— 'যেহেতু এটা বিদায়ী সিজন, তাই যা কিছু ঘটতে পারে!' সলমনও তাৎক্ষণিকভাবে সায় দিয়ে বলেন— ‘হ্যাঁ, গল্প যেকোনো দিকে ঘুরতে পারে!’ জিওহটস্টারে আজ রাত থেকেই দেখা যাবে বহু চর্চিত এই টক শোর একদম নতুন পর্ব।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


