জীতুর সঙ্গে ঝামেলায় ছাড়েন চিরদিনই! মনসামঙ্গল দিয়ে সিরিয়ালে ওয়াপসি দিতিপ্রিয়ার, কেন নিলেন এত দীর্ঘ বিরতি?
‘মনসা’ রূপে ইতিমধ্যেই নজর কেড়েছেন দিতিপ্রিয়া। গোলাপি বেনারসি, পদ্মফুলের সাজে তাঁর থেকে চোখ ফেরানোই দায়। চিরদিনই তুমি যে আমার-এর পর বেশ লম্বা বিরতি। কী করছিলেন দিতিপ্রিয়া এতদিন?
দীর্ঘসময় পর ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায়। স্টার জলসার ‘মনসামঙ্গল’ ধারাবাহিকে ‘দেবী মনসা’ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রায় বছরখানেকের লম্বা বিরতির পর ছোট পর্দায় ফিরলেন, এমনকী মুম্বই থেকেও কাজের অফার এসেছিল। যা ফিরিয়ে দেন। বিরতির সময়টা কীভাবে কাটালেন? কেনই বা নিলেন বিরতি?

‘মনসা’ রূপে দর্শকদের মন কাড়লেন দিতিপ্রিয়া
‘মনসা’ রূপে ইতিমধ্যেই নজর কেড়েছেন দিতিপ্রিয়া। গোলাপি বেনারসি, পদ্মফুলের সাজে নায়িকার থেকে চোখ ফেরানোই দায়। এতদিন অধীর অগ্রহে অপেক্ষা করে ছিলেন দিতিপ্রিয়ার ভক্তরা। যার অবশেষে অবসান হতে চলেছে। এবার থেকে ছোট পর্দায় রোজ আসবেন তিনি।
কেন নিলেন বিরতি?
অভিনেত্রী এক সাক্ষাৎকারে এবিপি-কে জানালেন, লাইট ক্যামেরা অ্য়াকশনের দুনিয়া তাঁর বরাবরই বিশেষ প্রিয়। তাই ক্যামেরার সেটে আসতে পেরে তিনিও যারপরনাই খুশি। বিরতির এই সময়টা কী করলেন? অভিনেত্রী জানান, পড়াশোনা করেছেন, ঘুরতে গিয়েছেন। ইচ্ছে করেই নিয়েছিলেন বিরতি। সঙ্গে মাঝে ওজনও বেড়ে গিয়েছিল কিছুটা। সেটাও কমিয়েছেন ডায়েট করে।
মুম্বইয়ের কাজের অফার ফিরিয়ে দেওয়া নিয়ে বললেন, হোমসিক স্বভাবের জন্য কলকাতা ছেড়ে পাকাপাকিভাবে মুম্বই চলে যেতে মন চায়নি তাঁর। সঙ্গে দুটো ওয়েব সিরিজের কাজের অফারও নিয়েছিলেন। মুম্বই চলে গেলে সেগুলোও ছাড়তে হত। আপাতত সিরিয়ালের সঙ্গেই চলবে ওয়েব সিরিজের কাজ।
জীতুর সঙ্গে ঝামেলার পর ছাড়েন ‘চিরদিনই তুমি যে আমার’
দিতিপ্রিয়ার কেরিয়ারের শুরুটা হয়েছিল করুণাময়ী রানী রাসমণি দিয়ে। এরপর তাঁর সিরিয়ালে ওয়াপসি হয়েছিল ‘চিরদিনই তুমি যে আমার’ দিয়ে। যেখানে তাঁর আর জীতু কমলের জুটি দারুণ জনপ্রিয়তা পায়। তবে জীতুর সঙ্গে কিছুদিনের মধ্যেই বাধে মনোমালিন্য। অবস্থা এতটাই চরমে পৌঁছয় যে মাঝপথে এনওসি দিয়ে চিরদিনই ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া রায়। তার জায়গায় চিরদিনই তুমি যে আমারে আসেন শিরিন পাল। যদিও জীতু-শিরিনের জুটি জনপ্রিয়তা পেলেও খুব বেশিদিন চলেনি ধারাবাহিকটি। খারাপ টিআরপি-র কারণে জলদিই বন্ধ করে দেওয়া হয়।
মনসামঙ্গল ধারাবাহিক প্রসঙ্গে
ফের একবার পৌরানিক গল্পের কেন্দ্রীয় চরিত্রে দিতিপ্রিয়া রায়। বরাবরই এই ধরনের গল্প বাংলায় সবার মন কেড়ে নিয়েছে। মহালয়ার দিনই ধারাবাহিকের প্রথম লুক বা প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। অফিসিয়ালি সম্প্রচারের নির্দিষ্ট তারিখ ও সময় ঘোষণা হয়নি যদিও, তবে খবর 'লক্ষ্মীঝাঁপি'-র স্লট পেতে পারে ‘মনসামঙ্গল’। আর ধারাবাহিক আসার অপেক্ষায় অধীরে দিতিপ্রিয়ার ভক্তরা।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


