'স্ত্রীকে খুনি বলা মেরুদণ্ডহীন পুরুষের শেষ অস্ত্র'! সুনীতার পাশে দাঁড়িয়ে গোবিন্দাকে কটাক্ষ দিব্যা খোসলার

সুনীতা আহুজাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি শেয়ার করেছেন অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। অভিনেতার চর্চিত প্রেমিক কদিন আগে অভিনেতার স্ত্রী সুনীতা আহুজাকে ‘খুনি’ বলেন সোশ্যাল মিডিয়াতে। আর তারপর থেকেই বিতর্ক তুঙ্গে। 

Published on: Sep 29, 2026, 17:30:45 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গোবিন্দা ও সুনীতা আহুজার দাম্পত্য জীবন ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে। অভিনেতার সঙ্গে মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সম্পর্ক নিয়ে নানা জল্পনার মাঝেই এবার সুনীতার পাশে দাঁড়ালেন দিব্যা। প্রকাশ্যে সুনীতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ ওঠার পর কোমলও একটি বিবৃতি দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছিলেন। সেখানে তিনি সুনীতার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গোবিন্দাকে খুন করার চেষ্টা করার অভিযোগ তোলেন। কোমলের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। এবার কড়া প্রতিক্রিয়া জানালেন দিব্যা।

গোবিন্দাকে কটাক্ষ দিব্যা খোসলা কুমারের।
গোবিন্দাকে কটাক্ষ দিব্যা খোসলা কুমারের।

‘স্ত্রীকে খুনি বলা মেরুদণ্ডহীন পুরুষের শেষ অস্ত্র’

সুনীতা ও গোবিন্দাকে ঘিরে চলা বিতর্কে নিজের মতামত জানিয়ে দিব্যা বলেন, ব্যক্তিগত সম্পর্কের বিষয়গুলি এভাবে প্রকাশ্যে আনা উচিত নয়। এমনকী, ধর্মীয় স্থানকেও ব্যক্তিগত সম্পর্ক প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহার করা নিয়ে আপত্তি জানান তিনি।

দিব্যার কথায়, ‘আমাদের সংস্কৃতিকে সম্মান করা উচিত। কারও বিবাহবহির্ভূত সম্পর্ক থাকলেও, দয়া করে তা প্রকাশ্যে প্রদর্শন করবেন না। এসব দেখতে আমরা আগ্রহী নই। এমন দৃশ্য দেখা আমাদের কাছে অস্বস্তিকর। ধর্মীয় স্থানকেও নিজেদের সম্পর্ক প্রদর্শনের জন্য ব্যবহার করা হচ্ছে। আর স্ত্রীকে খুনি বলার মতো ষড়যন্ত্র—এটাই কোনও মেরুদণ্ডহীন পুরুষের শেষ অস্ত্র হতে পারে।’

এরপর সুনীতার প্রতি সহমর্মিতা প্রকাশ করে দিব্যা বলেন, তাঁর কষ্ট তিনি অনুভব করতে পারছেন। ৫৮ বছর বয়সে, যখন একজন মহিলার নাতি-নাতনিদের নিয়ে সময় কাটানোর কথা, তখন তাঁর প্রাপ্য স্বামীর সঙ্গ এবং যত্ন। জীবনের এই পর্যায়ে স্বামীকে পাশে পাওয়ার অধিকার তাঁর রয়েছে বলেও মন্তব্য করেন দিব্যা।

তিনি আরও বলেন, 'একজন মানুষের জন্য এতগুলো বছর, নিজের পুরো জীবন উৎসর্গ করার অর্থ কী, যদি এই বয়সেও স্ত্রী হিসেবে নিজের ন্যূনতম প্রয়োজনগুলির জন্য তাঁকে লড়াই করতে হয়? সুনীতা জি, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। আমি দুঃখিত।'

সুনীতা আহুজা হয়ে সরব দিব্যা খোসলা কুমার।
সুনীতা আহুজা হয়ে সরব দিব্যা খোসলা কুমার।

গোবিন্দা-সুনীতার দাম্পত্য বিতর্কে

সম্প্রতি লালবাগচা রাজার মণ্ডপে নিজের ছবি ‘রূপা’র সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের সঙ্গে পুজো দিতে গিয়েছিলেন গোবিন্দা। তাঁদের একসঙ্গে দেখে শুরু হয় নানা জল্পনা। পরে অভিনেতা জানান, নতুন কাজ শুরুর আগে আশীর্বাদ নিতেই সহ-অভিনেত্রীর সঙ্গে সেখানে গিয়েছিলেন তিনি। এমনকী, কারও বিবাহবহির্ভূত সম্পর্ক থাকলেও তা অন্য কারও আলোচনার বিষয় হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন গোবিন্দা।

অন্যদিকে, তাঁকে ‘ঘরভাঙানি’ তকমা দেওয়ার জবাবে বিবৃতি প্রকাশ করেন কোমল। তাঁর বক্তব্য, যে সংসার আগে থেকেই ভেঙে গিয়েছে, তা তিনি ভাঙতে পারেন না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতাও এই বিতর্ক নিয়ে মুখ খোলেন। তিনি জানান, গোবিন্দার সুখের জন্য প্রার্থনা করেন এবং তাঁর মঙ্গল কামনা করেন। তবে কোনও বিতর্কে জড়াতে চান না তিনি। আপাতত নিজের কাজেই মন দিতে চান সুনীতা।

  • Tulika Samadder
    ABOUT THE AUTHOR
    Tulika Samadder

    হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More