‘ওঁকে মরতে দেবেন না…’, সোনাম ওয়াংচুকের জন্য় কাতর আর্তি রুবিনার, দেখা করলেন স্বরা
অনশনের ১৭ দিন পার, ক্রমেই শারীরিক অবনতি ঘটছে সোনাম ওয়াংচুকের। দেশের শিক্ষার্থীদের ভবিষ্যত সুরক্ষিত করতে আমরণ অনশন প্রত্যাহারে না-রাজ সোনাম।
নতুন দিল্লির যন্তর মন্তরে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে অনশন বিক্ষোভে বসেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) এবং ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। দেখতে দেখতে সোনমের এই আমরণ অনশন আন্দোলন ১৭ দিনে পদার্পণ করল।

দিন গড়ানোর সাথে সাথে সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটছে। এই পরিস্থিতিতে ওঁর অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়ে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের পাশে দাঁড়িয়ে সরব হলেন বলিউড তথা বিনোদন জগতের একাধিক ব্যক্তিত্ব।
১৭ দিনে তীব্র যন্ত্রণায় সোনম, কমছে পেশির ভর
ককরোচ জনতা পার্টির (CJP) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’ (X)-এ সোনমের শারীরিক অবস্থার এক উদ্বেগজনক আপডেট শেয়ার করেছেন। তিনি জানান, দীর্ঘ অনশনের কারণে সোনমের শরীরের পেশির ভর দ্রুত কমতে শুরু করেছে এবং তিনি চরম শারীরিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন।
এই খবর সামনে আসতেই মঙ্গলবার যন্তর মন্তরের প্রতিবাদ স্থলে সশরীরে হাজির হন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhasker)। তিনি সোনম ও অভিজিতের সাথে দেখা করে তাঁদের এই লড়াকু আন্দোলনকে কুর্ণিশ জানান।
‘আমাদের সন্তানদের ভবিষ্যতের লড়াই’— সংহতি প্রকাশ স্বরার
সিজেপি-র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে স্বরা ভাস্করের প্রতিবাদের ছবি পোস্ট করে লেখা হয়— ‘নির্ভীক অভিনেত্রী স্বরা ভাস্কর যন্তর মন্তরের প্রতিবাদে শামিল হলেন।' সেই পোস্টটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে স্বরা লেখেন, ’আমাদের সমস্ত সন্তানদের ভবিষ্যতের জন্য লড়াই করার জন্য আপনাদের ধন্যবাদ। অক্লান্ত সোনম ওয়াংচুক স্যার আপনাদেরই সন্তানদের ভবিষ্যতের জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করছেন। ওঁর প্রতি আমার পূর্ণ সংহতি ও কৃতজ্ঞতা রইল।'
পাশে রুবিনা দিলাইকও
বিগ বস খ্যাত অভিনেত্রী রুবিনা দিলাইকও সোনাম ওয়াংচুককে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইনস্টাগ্রামে লেখেন, ‘তিনি একজন সত্যিকারের নায়ক। আমাদের দেশের ভালোর জন্য লড়াই করে তাকে মরতে দেবেন না।’
‘আমি চাই না ফুনসুক ওয়াংডু মারা যাক!’— আবেগঘন ওমি বৈদ্য
সোনম ওয়াংচুকের জীবনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছিল আমির খানের কালজয়ী ছবি ‘৩ ইডিয়টস’ (3 Idiots)-এর ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রটি। সেই ছবিরই অন্যতম জনপ্রিয় চরিত্র ‘চতুর রামলিঙ্গম’ খ্যাত অভিনেতা ওমি বৈদ্য (Omi Vaidya) সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেছেন।
ছবিতে তাঁর আইকনিক চরিত্রের ঢঙে নিজের পরিচয় দিয়ে ওমি বলেন, ‘আমি চাই না রিয়েল লাইফ ফুনসুক ওয়াংডু মারা যাক। এই মুহূর্তে তিনি অত্যন্ত দীর্ঘ এক অনশন আন্দোলনের মধ্য দিয়ে যাচ্ছেন। ওঁর রক্তে শর্করার মাত্রা মারাত্মকভাবে নেমে গিয়েছে। আমি জানি না আপনারা এই খবর পাচ্ছেন কিনা, বা মূলধারার মিডিয়া এটা দেখাচ্ছে কিনা। কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আশঙ্কাজনক একটা বিষয়।’
অনশন প্রত্যাহারের আবেদন অরুন্ধতী রায় ও নাসিরুদ্দিন শাহদের
পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইকে ‘ম্যারাথন’ লড়াই হিসেবে উল্লেখ করে সোমবার বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায়, বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ এবং চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় কাক যৌথভাবে সিজেপি এবং সোনমকে অনশন প্রত্যাহারের মানবিক আবেদন জানিয়েছেন।
বিবৃতিতে তাঁরা লিখেছেন— 'আগামী দিনের আরও দীর্ঘ এবং কঠিন লড়াইয়ের স্বার্থে আমরা আপনাকে অবিলম্বে এই অনশন শেষ করার কথা বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি। এই লড়াইটা একটা ম্যারাথন, কোনো স্প্রিন্ট নয়। আগামী দিনে আমাদের আপনার শক্তি ও নেতৃত্বের অত্যন্ত প্রয়োজন।'
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


