‘স্রেফ ভিউজের জন্য নোংরামি!’ মৌনীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কড়া জবাব অর্জুনের
দু-মাস আগে চার বছরের বিয়ে ভেঙেছে মৌনীর। স্বামী সুরজ নাম্বিয়ারের সাথে সাম্প্রতিক ডিভোর্সের ঘোষণার পর থেকেই মৌনীর ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলছে।
বলিউড ও টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা থামার নামই নিচ্ছে না। স্বামী সুরজ নাম্বিয়ারের (Suraj Nambiar) সঙ্গে বিবাহবিচ্ছেদের খবরের রেশ কাটতে না কাটতেই এবার তাঁর নাম জড়াল দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা অর্জুন বিজলানি-র সাথে।

সম্প্রতি একটি ডিনার ডেট শেষে দুজনকে একসঙ্গে বেরোতে দেখে পাপারাৎজিদের একটি পেজ তাঁদের সম্পর্ক নিয়ে ইঙ্গিতপূর্ণ ক্যাপশন দিয়ে পোস্ট করে। আর তাতেই নেটপাড়ায় রটে যায় তাঁদের প্রেমের গুঞ্জন। এই ঘটনায় এবার তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ খুললেন অর্জুন বিজলানি এবং তাঁদের আরেক ঘনিষ্ঠ বন্ধু ক্রিস্টल ডি’সুজা।
‘ভিউজের জন্য গল্প বানাবেন না’— ক্লিকবেট সংস্কৃতিকে তোপ অর্জুনের
দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে মৌনীর সঙ্গে বন্ধুত্ব অর্জুনের। বন্ধুর কঠিন সময়ে পাশে দাঁড়ানোকে যেভাবে প্রেমের রূপ দেওয়া হয়েছে, তা দেখে হতাশ অভিনেতা। সোশাল মিডিয়ায় একটি কড়া বিবৃতিতে অর্জুন লেখেন, ‘প্রিয় ক্লিকবেট পেজগুলো, ১৫ বছরেরও বেশি সময় ধরে যারা বন্ধু, তারা হঠাৎ করে কোনো গসিপ পেজের হেডলাইনের প্রয়োজনে প্রেমিক-প্রেমিকা হয়ে যায় না। মাঝে মাঝে মানুষ স্রেফ বন্ধুর পাশে এসে দাঁড়ায়, বিশেষ করে যখন বন্ধুটি একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যায়। ভিউ পাওয়ার জন্য সব বন্ধুত্বের মধ্যে রোমান্টিক অ্যাঙ্গেল খোঁজার কোনো প্রয়োজন নেই। খবর প্রকাশের আগে একটু তথ্য যাচাই (Fact-check) করে নিলে ভালো হয়। যে গল্প আপনারা ছড়াচ্ছেন, তা নিয়ে দয়া করে একটু দায়িত্বশীল হোন।’
সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা বজায় রাখার আপিল জানিয়ে অর্জুন আরও বলেন, ব্যক্তিগত জীবন নিয়ে বিভ্রান্তি ছড়ানোর আগে সংবাদমাধ্যমগুলোর সত্যতা যাচাই করা উচিত।
‘স্রেফ ভিউয়ের জন্য যা খুশি পোস্ট!’ চটলেন ক্রিস্টলও
অর্জুন ও মৌনীর সম্পর্ক নিয়ে নোংরা জল্পনা দেখে চুপ থাকেননি অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজাও। পাপারাৎজিদের সেই পোস্টের নিচে ক্ষোভ উগরে দিয়ে তিনি কমেন্ট করেন, ‘কী সব ফালতু কথা! স্রেফ ভিউ পাওয়ার জন্য আপনারা যা খুশি তা-ই পোস্ট করে দেবেন?’


‘নাগিন’ জুটি ও ১৫ বছরের গভীর বন্ধুত্ব
অর্জুন বিজলানি এবং মৌনী রায়ের অন-স্ক্রিন রসায়ন ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম সেরা। ২০১৫ সালে একতা কাপুরের ব্লকবাস্টার শো ‘নাগিন’ (Naagin)-এ ‘ঋতিক’ ও ‘শিবানিয়া’ চরিত্রে অভিনয় করে তাঁরা বিপুল জনপ্রিয়তা পান। পর্দার বাইরেও তাঁদের সম্পর্ক অত্যন্ত মজবুত। মৌনী একবার জানিয়েছিলেন যে, শুটিংয়ের দীর্ঘ সময়ের ক্লান্তির কারণে সেটে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো, তবে তাঁদের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না।
স্বামী সুরজের সাথে বিচ্ছেদই কি জল্পনার কারণ?
চলতি বছরের ১৪ মে মৌনী রায় এবং তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার একটি যৌথ বিবৃতির মাধ্যমে তাঁদের চার বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানার কথা ঘোষণা করেন। ২০২২ সালের জানুয়ারি মাসে গোয়ায় ধুমধাম করে মালায়ালি ও বাঙালি মতে বিয়ে করেছিলেন তাঁরা। তবে সম্প্রতি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। বিচ্ছেদের এই কঠিন সময়ে মৌনীর পাশে অর্জুনকে দেখা যাওয়াতেই গসিপ পেজগুলো ফায়দা তোলার চেষ্টা করে।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


